Home Blog Page 94

বিএনপি ও এনসিপি-র ‘ছায়াযুদ্ধ’

0

দৈনিক প্রথম আলো জানিয়েছে — বিএনপি ও এনসিপির পৃথক কর্মসূচি হঠাৎ করেই রাজনীতিতে বেশ উত্তাপ তৈরি করেছে। বিএনপির নেতা-কর্মীরা মাঠে নেমেছেন ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র করার দাবি সামনে রেখে। এরপর এনসিপি কর্মসূচি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে। দল দুটির দাবি ভিন্ন ভিন্ন হলেও এটাকে কার্যত পাল্টাপাল্টি বা ছায়াযুদ্ধ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

রাজনৈতিক সচেতন ব্যক্তিরা বলছেন, বিএনপি ইশরাকের ইস্যুতে জয়ী হয়ে অন্তর্বর্তী সরকারকে একটি ধাক্কা দিতে চায়—যার চূড়ান্ত লক্ষ্য দ্রুত জাতীয় নির্বাচন আদায় করা। পাশাপাশি এনসিপির ওপরও একটা রাজনৈতিক চাপ তৈরি করতে চায়। কারণ, বিএনপির নেতারা মনে করেন, এনসিপি একের পর এক ইস্যু সামনে এনে নির্বাচন পেছাতে চায়।

ইশরাক হোসেনকে মেয়র পদে দায়িত্ব দেওয়ার দাবিকে ঘিরে এক সপ্তাহ ধরে টানা কর্মসূচির পরিপ্রেক্ষিতে এনসিপির নেতারা মনে করছেন, বিএনপি মৌলিক সংস্কার পাশ কাটিয়ে তড়িঘড়ি করে নির্বাচন চায়। তারা ইশরাক হোসেনের বিষয়টিকে কেন্দ্র করে দ্রুত নির্বাচনের জন্য সরকারের ওপর পরোক্ষ চাপ তৈরি করতে চাইছে। এর পাল্টা বিএনপির ওপর পরোক্ষ চাপ তৈরি করতে ইসির সামনে বিক্ষোভ করে এনসিপি।

এনসিপির শীর্ষ ও মধ্যম সারির অন্তত পাঁচজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দলটির শীর্ষ নেতৃত্বের পর্যবেক্ষণ হচ্ছে, ইশরাকের বিষয়টিকে অজুহাত করে বিএনপি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে শিক্ষার্থীদের দুই প্রতিনিধিকে (আসিফ মাহমুদ ও মাহফুজ আলম) সরাতে চাইছে। এর প্রতিক্রিয়ায় এনসিপিও অন্য তিন উপদেষ্টাকে ‘বিএনপিপন্থী’ আখ্যা দিয়ে হুঁশিয়ারি দিয়েছে।

বিএনপির নেতাদের সন্দেহ, সরকারের ভেতরে-বাইরে একাধিক গোষ্ঠী জাতীয় নির্বাচন পেছাতে চায়। এনসিপিও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বলে তাঁদের ধারণা। তাই ইশরাক ইস্যুতে বিএনপি একই সঙ্গে সরকার ও এনসিপির ওপর চাপ তৈরির কৌশল নিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

যুক্তিবাদ , মনস্তত্ত্ব , রহস্য ও শার্লক হোমস

১৮৮৭ সালে স্যার আর্থার কোনান ডয়েলের রচনা A Study in Scarlet প্রকাশের মাধ্যমে গোয়েন্দা সাহিত্যে জন্ম নেয় এক চিরস্মরণীয় চরিত্র, শার্লক হোমস! যুক্তিবাদ, বৈজ্ঞানিক পদ্ধতি ও বিশ্লেষণশক্তির মিশেলে গড়ে ওঠা এই চরিত্র কেবল রহস্যকাহিনীর নায়ক নয়, গোয়েন্দা সাহিত্যের দর্শন ও কাঠামো পরিবর্তনের প্রতীকও বটে। আজকের দিনে শার্লক হোমস শুধু ইংরেজি সাহিত্যেরই নয়, বিশ্বসাহিত্যের এক অবিচ্ছেদ্য অংশ।

আর্থার কোনান ডয়েল ছিলেন একজন চিকিৎসক। তার এক শিক্ষক ড. জোসেফ বেল, যিনি রোগ নির্ণয়ের ক্ষেত্রে অত্যন্ত পর্যবেক্ষণশীল ও যুক্তিবাদী ছিলেন, তাঁকে অনুপ্রেরণা দিয়েছিলেন হোমস চরিত্রের জন্য। এই চরিত্রের বৈশিষ্ট্যগুলো মূলত চিকিৎসা ক্ষেত্রের ক্লিনিকাল যুক্তিবাদের প্রতিফলন। শার্লক হোমসের বিশ্লেষণ পদ্ধতি শুধুমাত্র deductive reasoning নয়, বরং abductive reasoning—অর্থাৎ সম্ভাব্য সর্বোত্তম ব্যাখ্যা নির্বাচন। এই পদ্ধতি আধুনিক অপরাধ তদন্ত ও ফরেনসিক বিজ্ঞানে গভীর প্রভাব ফেলেছে। ডয়েলের কাহিনিতে দেখা যায়, হোমস তার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে অবাধে তথ্য সংগ্রহ করেন, তাত্ত্বিক মডেল তৈরি করেন এবং যুক্তির মাধ্যমে ক্লু (clue) ও আলিবি যাচাই করেন।

শার্লক হোমস একদম নিছক যুক্তিবাদী মেশিন নয়; তার মধ্যে রয়েছে জটিল মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য। তার ‘ভ্রম’ ও ‘মেধা’ মাঝে মাঝে মাদকাসক্তির ছোঁয়া পায়; বিশেষত কোকেন সেবনের মাধ্যমে তার একঘেয়েমি কাটানোর চেষ্টা তাকে মানবীয় রূপ দেয়। উচ্চাঙ্গ সঙ্গীত, ভায়োলিন বাজানো তার মানসিক প্রশান্তির উৎস। তবুও হোমস সামাজিকভাবে বিচ্ছিন্ন, আবেগপ্রবণ নয় যা তাকে আধুনিকতা ও যৌক্তিকতার প্রতিনিধিত্ব করে। তার ব্যক্তিগত জীবনে মেয়েদের প্রতি আকর্ষণ থাকলেও (বিশেষ করে আইরিন অ্যাডলার ‘The Woman’), সে আবেগকে নিয়ন্ত্রণে রাখে।

ড. জন হ্যাটসন শুধু শার্লক হোমসের বন্ধু ও সঙ্গী নয়, সাহিত্যে পাঠকের দৃষ্টিকোণও। তার সাধারণমানুষের ভাষা ও সরলতা দিয়ে পাঠক হোমসের জটিল বিশ্লেষণ বুঝতে পারে। ওয়াটসনের উপস্থিতি কাহিনিতে মানবিক ও বর্ণনামূলক ভারসাম্য বজায় রাখে। শার্লক হোমসের গল্পের কাঠামো অপরাধ, অনুসন্ধান, বিভ্রান্তিকর ক্লু, এবং নাটকীয় সমাধান—গোয়েন্দা সাহিত্যকে একটি সুনির্দিষ্ট ফ্রেমওয়ার্ক দিয়েছে। আধুনিক গোয়েন্দা সাহিত্যের অনেক লেখক, যেমন আগাথা ক্রিস্টি ও রে মন্টগোমারি, পরবর্তীতে এই কাঠামোরই অনুসরণ করেছেন।

হোমসের গল্পের পটভূমি ১৯শ শতকের ঔপনিবেশিক ইংল্যান্ড, যেখানে সমাজব্যবস্থা ও শ্রেণিবিন্যাস গভীরভাবে কাজ করত। The Sign of Four উপন্যাসে ভারতের ঔপনিবেশিক যুদ্ধ ও প্রতিশোধের গল্প উঠে আসে, যা ইংরেজ অভিজাত শ্রেণির সঙ্গে অপরাধের গূঢ় সম্পর্ক দেখায়। গল্পগুলোতে ভারত, আফ্রিকা ও অন্যান্য উপনিবেশ থেকে আগত ব্যক্তি ও সাংস্কৃতিক টেনশন অপরাধের কেন্দ্রে থাকে। এখানে হোমসের যুক্তিবাদ ঐতিহ্যগত ইংরেজ সভ্যতার বাঁচার লড়াই ও অপরাধ দমনের প্রতিনিধিত্ব করে, যা ঔপনিবেশিক শক্তির সঙ্গে সাংঘর্ষিক হলেও তার প্রভাব অসীম।

শার্লক হোমস আজকের বিশ্বব্যাপী সাংস্কৃতিক আইকন। টেলিভিশন সিরিজ, সিনেমা, থিয়েটার ও কমিক্স সব মাধ্যমেই তার বিভিন্ন রূপ দেখা যায়। উদাহরণস্বরূপ, BBC’র Sherlock সিরিজে হোমসকে আধুনিক প্রযুক্তির সাথে মেলানো হয়েছে, যেখানে সে স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহার করে অপরাধ সমাধান করে।

জাপানের Detective Conan এনিমে সিরিজে ডয়েলের প্রতি সম্মান জানিয়ে শার্লক চরিত্রকে আধুনিক এনিমে ফর্মে উপস্থাপন করা হয়েছে। Enola Holmes সিরিজে তার ছোট বোনকে গোয়েন্দা চরিত্র হিসেবে তুলে ধরা হয়, যা আধুনিক দৃষ্টিকোণে পারিবারিক ও লিঙ্গভিত্তিক নতুন চিত্র তৈরি করে।শার্লক হোমস এখন শুধু সাহিত্যিক চরিত্র নয়, গোয়েন্দা চেতনার সাংস্কৃতিক ফ্র্যাঞ্চাইজি।

শার্লক হোমসের প্রভাব শুধু রহস্য সমাধানে নয়, তার চরিত্রে মানবিক নিঃসঙ্গতা, অস্তিত্ববাদের ছোঁয়া রয়েছে। হোমসের চরিত্রে প্রতিফলিত হয় আধুনিক মানুষের অন্তর্দ্বন্দ্ব, যে যুক্তির আলোকে জীবন বোঝার চেষ্টা করে, কিন্তু মানব আবেগ ও অস্পষ্টতায় আটকে যায়। তাঁর বিশ্লেষণ পদ্ধতি একদিকে পৃথিবীর জটিলতা ভেদ করার শক্তি, অন্যদিকে তা মানুষের অস্তিত্ব ও পরিচয়ের সংকটকে তুলে ধরে। তাই হোমস শুধু গোয়েন্দা চরিত্র নয়, আধুনিক বুদ্ধিজীবীর এক কালজয়ী প্রতীক।

শার্লক হোমসের সৃষ্টি স্যার আর্থার কোনান ডয়েলের সাহিত্যিক প্রতিভার এক অনবদ্য নিদর্শন। যুক্তিবাদ ও পর্যবেক্ষণের মেলবন্ধনে গড়ে ওঠা এই চরিত্র গোয়েন্দা সাহিত্যের আঙ্গিকে মৌলিক পরিবর্তন এনেছে এবং আধুনিক গোয়েন্দা চেতনার পথপ্রদর্শক হয়ে উঠেছে। ঔপনিবেশিক ইংল্যান্ডের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আধুনিক প্রযুক্তির যুগ পর্যন্ত, শার্লক হোমসের জনপ্রিয়তা এবং সাংস্কৃতিক প্রাসঙ্গিকতা অব্যাহত রয়েছে।আজ শার্লক হোমসের স্রষ্টা স্যার আর্থার কোনান ডয়েলের জন্মদিন। প্রতি বছর ২২ মে তার স্মৃতিতে শার্লক হোমস দিবস হিসেবে পালিত হয়।

রাজনীতিকে ঘিরে ধরছে অনিশ্চয়তা ও শঙ্কা : এ কে এম জাকারিয়া , প্রথম আলোর উপসম্পাদক

0

“… সরকারের দুর্বলতা যেহেতু স্পষ্ট হয়ে উঠেছে, তাই বিভিন্ন মহল থেকে দ্রুত নির্বাচন অনুষ্ঠানকেই সমাধান হিসেবে বিবেচনা করা হচ্ছে। কিন্তু সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মতভেদ সবকিছুকে অনিশ্চিত করে তুলেছে।

সরকারের ভেতরে একটি অংশও যেহেতু দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পক্ষে, তাই পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। শুধু রাজনৈতিক দলগুলো নয়, গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল অংশী হিসেবে আমরা যাদের বিবেচনা করতে পারি (সরকার, সশস্ত্র বাহিনী, বিএনপি, এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক শক্তি), বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যেও বিভক্তি স্পষ্ট হয়ে পড়েছে। এই ঘোলাটে পরিস্থিতির সুযোগ নেওয়ার জন্য কোনো না কোনো পক্ষ যে ওত পেতে আছে, সেই শঙ্কার কথা আগেই বলেছি।

এমন একটি বাস্তবতায় সরকার, সশস্ত্র বাহিনী, বিএনপি ও এনসিপি—কোনো একটি পক্ষের ভুল পদক্ষেপ পরিস্থিতি শোচনীয় করে তুলতে পারে। এতে চূড়ান্ত বিচারে লাভবান হবে গণ-অভ্যুত্থানের পরাজিত ও পতিত শক্তি।

আমরা দেখতে পাচ্ছি, ঢাকা দক্ষিণের মেয়র পদে ইশরাক হোসেনের পুনর্বহাল নিয়ে বিএনপি ও সরকারের এক উপদেষ্টা এবং সেই সূত্রে এনসিপির বিরোধ চরমে পৌঁছেছে। ইস্যুটি বড় না হলেও দুই পক্ষই সম্ভবত একে রাজনৈতিক শক্তি প্রদর্শনের একটি উপলক্ষ হিসেবে বেছে নিয়েছে। অনেকেই এ নিয়ে সংঘাতের আশঙ্কা করছেন।

দেশের বিভিন্ন গোষ্ঠীর যৌক্তিক-অযৌক্তিক ও বিচিত্র দাবিদাওয়া নিয়ে হাজির হওয়া, মব সৃষ্টি, কথায় কথায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের কর্মসূচি বা কর্মসূচির হুমকি, বন্দরের পরিচালনা বিদেশিদের দেওয়া না দেওয়া, রাখাইন রাজ্যের জন্য করিডর ইস্যু, ভারতের সঙ্গে বিরোধপূর্ণ সম্পর্ক—সবকিছু মিলিয়ে পরিস্থিতি যে জটিল হয়ে পড়েছে, তা দেশের মানুষ টের পাচ্ছে। এমন একটি পরিস্থিতিতে বাংলাদেশ কি এখন বিএনপি ও এনসিপির বিরোধ বা এ নিয়ে কোনো সংঘাতের ভার গ্রহণ করার মতো অবস্থায় রয়েছে? …”

গুন্টার আন্দার্সের ভবিষ্যদ্বাণী ও মানবতার আসন্ন বিপর্যয়

১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমায় পরমাণু বোমা বিস্ফোরণের সময় ক্লড ইথারলি যে আবহাওয়া বিমানটির নেতৃত্ব দিয়েছিলেন, জাপানের আকাশ পরিষ্কার কিনা তা নিশ্চিত করাই ছিল তাঁর একমাত্র দায়িত্ব। এই মিশন সম্পন্ন করতে গিয়ে তিনি কোনো নৈতিক দ্বন্দ্ব বা অনুশোচনা বোধ করেননি। পরবর্তীতে দার্শনিক গুন্টার আন্ডারস প্রশ্ন তোলেন, কীভাবে একজন মানুষ এমন ভয়াবহ ধ্বংসযজ্ঞে অংশ নেওয়ার পরও নৈতিকভাবে উদাসীন থাকতে পারে? আন্ডারসের মতে, এই “চূড়ান্ত অপরাধ” সংঘটিত করতে যে পরিমাণ দুষ্টতার প্রয়োজন হয়েছিল, তা ছিল শূন্যের সমান। এই বিচ্ছিন্নতা ও নৈতিক অবক্ষয়ের মূলে রয়েছে প্রযুক্তি ও আধুনিকতার দ্বারা মানবিকতার ক্রমাগত হ্রাস।

ইথারলির জীবনী বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি মূলত যান্ত্রিক নির্দেশ পালনের একটি প্রতিচ্ছবি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক প্রশিক্ষণ ও কাঠামো তাঁকে এমন এক মানসিকতায় গড়ে তোলে যেখানে “অর্ডার হল অর্ডার”। হিরোশিমার মিশনে তাঁর ভূমিকা ছিল সম্পূর্ণভাবে প্রযুক্তিনির্ভর, একটি বিমান চালানো, ডেটা সংগ্রহ করা এবং রিপোর্ট পাঠানো। এই প্রক্রিয়ায় ধ্বংসের নৈতিক দায়িত্ব যেন বিমানবাহীনির গতিতে বিলীন হয়ে গিয়েছিল। আন্ডারসের ভাষায়, প্রযুক্তি মানুষকে তার কর্মের ফলাফল উপলব্ধি করার ক্ষমতা থেকে বিচ্ছিন্ন করে দেয়। ইথারলির ক্ষেত্রেও এই “প্রমিথিয়ান ল্যাগ” (Promethean Lag) কাজ করেছিল, তিনি বোমার ভয়াবহতা কল্পনা করতে পারেননি, তাই দায়িত্ববোধও অনুভব করেননি।

জার্মান-ইহুদি দার্শনিক গুন্টার আন্ডারস (১৯০২-১৯৯২) আধুনিক প্রযুক্তির বিপদকে শনাক্ত করতে গিয়ে বলেছেন, এটি কেবল যন্ত্রের বিকাশই নয় বরং মানবিক সত্তারই “অপ্রচলিতকরণ” (Obsolescence of Man)। তাঁর মতে, প্রযুক্তির মাধ্যমে মানুষ নিজেই নিজের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠেছে। তাঁর গ্রন্থ The Obsolescence of Man-এ তিনি ব্যাখ্যা করেন কীভাবে শিল্প বিপ্লবের পর থেকে মানুষের শ্রম ও চিন্তা যন্ত্রের অধীনস্থ হয়েছে। কারখানায় কাজের বিভাজন, ভোক্তাবাদ, এবং গণমাধ্যমের প্রভাবে মানুষ ক্রমশ পণ্য উৎপাদন ও ভোগের যন্ত্রে পরিণত হয়েছে। এই প্রক্রিয়ায় ব্যক্তির নৈতিক চিন্তা ও দায়বোধ লোপ পায়।

আন্ডারসের জন্য হিরোশিমা ও অশউইটজ ছিল আধুনিকতার দুটি চরম প্রকাশ। এগুলো কেবল যুদ্ধের ঘটনা নয়, বরং প্রযুক্তি ও যান্ত্রিকতার মাধ্যমে মানবতা ধ্বংসের প্রতীক। পরমাণু বোমা যেমন বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ফল, তেমনি এটি মানবিকতার পতনেরও সাক্ষ্য দেয়। আন্ডারস লিখেছেন, “পরমাণু যুদ্ধ সম্পর্কে আমাদের জ্ঞান অতীতের যেকোনো যুদ্ধের চেয়ে কম… তাই এই ক্ষেত্রে সবাই অযোগ্য, এবং সর্বনাশ তাই অযোগ্যদের হাতেই সঁপে দেওয়া হয়েছে”।

আন্ডারসের বিশ্লেষণে, প্রযুক্তি কেবল উৎপাদন প্রক্রিয়াই নয়, বরং আমাদের চিন্তা, অনুভূতি এবং সামাজিক সম্পর্ককেও নিয়ন্ত্রণ করে। বিজ্ঞাপন ও গণমাধ্যমের মাধ্যমে এটি আমাদের “প্রস্তুত-নির্মিত বিশ্ব” (Ready-Made World) উপহার দেয়, যেখানে ব্যক্তির স্বাধীনতা হল পণ্য বেছে নেওয়ার ভ্রান্তি। তিনি সতর্ক করেন: “আমাদের মস্তিষ্ককে অকেজো করতে সঙ্গীত ও গল্পের অন্তহীন স্রোত যথেষ্ট। এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে ব্যক্তি নিজের বলিদান সম্পর্কে অজ্ঞ থেকেও সুখী হবে”।

আধুনিক সমাজে মানুষ বিপদকে উপেক্ষা করতে শিখেছে। জলবায়ু সংকট, পরমাণু যুদ্ধের ঝুঁকি, বা প্রযুক্তির নিয়ন্ত্রণ—সবকিছুকে আমরা “স্বাভাবিক” বলে মেনে নিয়েছি। আন্ডারস এটিকে “আপোক্যালিপ্সের মুখেও অন্ধত্ব” বলে বর্ণনা করেন। তাঁর মতে ভয়কে দমন না করে এটিকে সচেতনতার হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত। “আমাদের আতঙ্কিত হতে হবে,” তিনি বলতেন, “কারণ যারা বিপদকে অস্বীকার করে, তারা সত্যকে বিকৃত করে”। আন্ডারস শুধু সমালোচনাই করেননি, প্রতিরোধের পথও দেখিয়েছেন। ১৯শ শতকের শ্রমিক আন্দোলনের উদাহরণ টেনে তিনি বলেছেন, উৎপাদন ও ভোগের বিরুদ্ধে সাধারণ ধর্মঘটই হতে পারে প্রযুক্তির সর্বগ্রাসীতার জবাব। তাঁর মতে, “যে পণ্য মানবতাবিরোধী, তার উৎপাদনে অংশ নেওয়া থেকে বিরত থাকা প্রত্যেকের নৈতিক দায়িত্ব”।

গুন্টার আন্ডারসের চিন্তা আজও প্রাসঙ্গিক। সামাজিক মাধ্যমের আসক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার, এবং জলবায়ু সংকট, সবকিছুতেই তাঁর বিশ্লেষণের প্রতিধ্বনি শোনা যায়। তিনি আমাদের স্মরণ করিয়ে দেন যে প্রযুক্তির অগ্রগতি মানবিকতার অগ্রগতি নয়। বরং, এটি আমাদেরকে যন্ত্রের অনুবর্তী করে তোলে। তাঁর মৃত্যুর তিন দশক পরও প্রশ্নটি অমলিন: আমরা কি প্রযুক্তির দাসত্ব মেনে নেব, নাকি মানবিক চেতনা নিয়ে প্রতিবাদ করব?

শতাব্দীর সবচেয়ে শুষ্ক বসন্ত কাটাচ্ছে – ইউরোপ

উত্তর-পশ্চিম ইউরোপসহ গোটা মহাদেশে চলতি বছর শতাব্দীর সবচেয়ে শুষ্ক বসন্ত দেখা দিয়েছে। এই ভয়াবহ খরার ফলে ইউরোপের কৃষকরা মারাত্মক সংকটে পড়েছেন, যার প্রভাব পড়ছে ফসল উৎপাদন, খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতায়। ২০২৫ সালের মার্চ মাসে জার্মানিতে ইতিহাসের সবচেয়ে শুষ্ক মার্চ রেকর্ড করা হয়েছে। রাইন নদীর পানিস্তর স্বাভাবিকের তুলনায় প্রায় অর্ধেক নেমে এসেছে। গোটা ইউরোপে গড় বৃষ্টিপাত কমে যাওয়ায় এবং তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকায় নদী ও জলাধারের পানি দ্রুত কমছে। এপ্রিলের রিপোর্ট অনুযায়ী, উত্তর ও পশ্চিম ইউরোপে আগামী জুন পর্যন্ত স্বাভাবিকের চেয়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, যা কৃষি, নদীপথ পরিবহন এবং পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলবে।

খরার কারণে মাটিতে আর্দ্রতার ঘাটতি দেখা দিয়েছে, ফলে ফসলের উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে। ইউরোপীয় ইউনিয়নের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে প্রায় ৪৬% এলাকা খরার সতর্ক অবস্থায় রয়েছে এবং ১১% এলাকা উচ্চ সতর্কতায় রয়েছে। ফ্রান্স, রোমানিয়া, হাঙ্গেরি, ইতালি, স্পেনসহ দক্ষিণ ইউরোপের দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অনেক স্থানে গম, ভুট্টা, রাইসহ প্রধান ফসলের উৎপাদন ৩০-৫০% পর্যন্ত কমে গেছে।

খরার কারণে পশুখাদ্যের সংকট দেখা দিয়েছে, ফলে অনেক ডেইরি খামারিকে গবাদিপশু জবাই করতে বাধ্য হতে হয়েছে। খাদ্যশস্যের দাম কয়েকগুণ বেড়ে গেছে, যা কৃষকদের জন্য আরও চাপের সৃষ্টি করেছে। ইউরোপীয় ইউনিয়নের কৃষি খাত প্রতি বছর গড়পড়তায় ২৮.৩ বিলিয়ন ইউরো ক্ষতির সম্মুখীন হচ্ছে, যা মোট কৃষি ও পশুপালন উৎপাদনের প্রায় ৬%। এই ক্ষতির মাত্র ২০-৩০% বিমার আওতায় থাকলেও বাকি অংশ সম্পূর্ণ অনিরাপদ রয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে ২০৫০ সালের মধ্যে কৃষকদের বার্ষিক ফসল ক্ষতির পরিমাণ ৬৬% পর্যন্ত বেড়ে যেতে পারে। ইতোমধ্যে দক্ষিণ ইউরোপের দেশগুলোতে খরার কারণে বছরে ২০ বিলিয়ন ইউরো পর্যন্ত ক্ষতি হতে পারে।

ইউরোপীয় কমিশন কৃষকদের জন্য জরুরি সহায়তা, বিমা সুবিধা এবং পরিবেশগত নিয়ম শিথিলের প্রস্তাব দিয়েছে। তবে কৃষকরা বলছেন, এই উদ্যোগগুলো যথেষ্ট নয়; আরও দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। শতাব্দীর সবচেয়ে শুষ্ক বসন্ত ইউরোপের কৃষি ও অর্থনীতিতে গভীর সংকট তৈরি করেছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে এই সংকট আরও তীব্র আকার ধারণ করতে পারে, যা শুধু ইউরোপ নয়, গোটা বিশ্বের খাদ্য নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান – ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত

0

আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। নির্বাচন প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এ বিষয়ে তাঁর অবস্থান আগের মতোই। দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে।

আজ বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান আরও কিছু বিষয় উল্লেখ করেন। ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন। অনেক কর্মকর্তা ভার্চ্যুয়ালি যুক্ত হন। অনুষ্ঠানে নির্বাচন ছাড়াও করিডর, বন্দর, সংস্কারসহ সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে। সেখানে উপস্থিত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে দৈনিক প্রথম আলো এ তথ্যগুলো জানিয়েছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে। যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে। যা-ই করা হোক না কেন, পলিটিক্যাল কনসেনসাসের (রাজনৈতিক ঐকমত্য) মাধ্যমে সেটা হতে হবে।

‘মব ভায়োলেন্স’ বা উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধেও কঠোর বার্তা দিয়েছেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে। সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা আর সহ্য করা হবে না।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বিতর্কের বিষয়েও কথা বলেছেন সেনাপ্রধান। এ-সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে। রাজনৈতিক সরকারের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত। সংস্কার প্রসঙ্গে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, কী সংস্কার হচ্ছে, কীভাবে হচ্ছে, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই। এ বিষয়ে তাঁর সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি।

সেনাপ্রধান তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না, যা জাতীয় সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। তিনি সব পর্যায়ের সেনাসদস্যদের নিরপেক্ষ থাকার এবং ভবিষ্যতে নির্বাচনী দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেন। পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করছি। সহযোগিতা করে যাব।’

ফ্রান্সে সরকারি প্রতিবেদনে সতর্কবার্তা , মুসলিম ব্রাদারহুড ইউরোপে প্রভাব বিস্তারের চেষ্টা করছে !

ফ্রান্সের সরকারি প্রতিষ্ঠানগুলোতে ইসলামপন্থীদের ‘অনুপ্রবেশ’ জাতীয় ঐক্যের জন্য হুমকি সৃষ্টি করছে বলে একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিবেদন সতর্ক করেছে। বুধবার প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর কাছে পেশ করা এই প্রতিবেদনে বলা হয়েছে—মুসলিম ব্রাদারহুড সংগঠনটি বিভিন্ন সরকারি সংস্থা, বিশেষ করে স্কুল ও স্থানীয় সরকারে পরিকল্পিতভাবে ঢুকে পড়ছে।

বিবিসির তথ্যমতে, প্রতিবেদনটি তৈরি করেছেন দুজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা। বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে মাখোঁ তাঁর নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠকে সরকারকে আগামী মাসের শুরুতেই নতুন প্রস্তাবনা দিতে বলেছেন।

প্রতিবেদনের লেখকেরা ইউরোপের চারটি দেশ ও ফ্রান্সের দশটি অঞ্চলে ঘুরে দেখেছেন। তাঁদের মতে, মুসলিম ব্রাদারহুড মধ্যপ্রাচ্যে প্রভাব হারিয়ে এখন ইউরোপে প্রভাব বিস্তারের চেষ্টা করছে তুরস্ক ও কাতারের আর্থিক সহায়তায়। ইউরোপীয় সংস্কৃতির মুখোশ পরে তারা মূলত মধ্যপ্রাচ্যের রক্ষণশীল মতাদর্শ প্রতিষ্ঠা করতে চায়—যার ভেতরে একটি মৌলবাদী ও বিপজ্জনক প্রবণতা লুকিয়ে আছে।

প্রতিবেদন অনুযায়ী, ‘ফেডারেশন অব মুসলিমস অব ফ্রান্স’ (এফএমএফ) হলো মুসলিম ব্রাদারহুডের প্রধান ফরাসি শাখা। এই সংগঠনটি ফ্রান্সে ১৩৯টি মসজিদ নিয়ন্ত্রণ করে এবং আরও ৬৮টি তাদের সঙ্গে সম্পৃক্ত। এই হিসেবে ফ্রান্সের মোট মসজিদের প্রায় ৭ শতাংশের ওপর তাদের নিয়ন্ত্রণ রয়েছে। তারা খেলাধুলা, শিক্ষা, দাতব্যসহ বিভিন্ন খাতে ২৮০টি সংগঠন এবং ২১টি স্কুল পরিচালনা করে। তাদের লক্ষ্য হলো—মুসলিমদের জীবন ‘জন্ম থেকে মৃত্যু’ পর্যন্ত একটি নির্দিষ্ট ইসলামি কাঠামোর মধ্য দিয়ে পরিচালিত করা।

তবে এফএমএফ এসব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করে বলেছে, ‘আমাদের বিদেশি রাজনৈতিক কর্মসূচির সঙ্গে যুক্ত করা বা এন্ট্রিইজম কৌশলের সঙ্গে সম্পৃক্ত বলা একটি ভিত্তিহীন অপবাদ। ইসলামকে রাজনৈতিক ইসলাম ও উগ্রবাদের সঙ্গে গুলিয়ে ফেলা বিপজ্জনক এবং প্রজাতন্ত্রের জন্যই ক্ষতিকর।’

ফরাসি অভ্যন্তরীণ মন্ত্রী ব্রুনো রেটাইলো এই প্রতিবেদনের আলোকে ইসলামপন্থীদের ‘ছদ্মবেশে অনুপ্রবেশ’ সম্পর্কে সতর্ক করেছেন। তাঁর মতে, এর লক্ষ্য একসময় পুরো সমাজকে শরিয়া আইনের অধীন আনতে চাওয়া। আগামী বছর ফ্রান্সে পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তিনি আশঙ্কা করছেন, সেখানে ইসলামি প্রার্থীতালিকাও দেখা যাবে।

অন্যদিকে বাম নেতা জ্যঁ-লুক মেলাঁশোঁ এই প্রতিবেদনকে ‘ইসলামোফোবিয়ার চরম রূপ’ বলে সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, সরকারের নিরাপত্তা মন্ত্রিসভা ডান ও অতি ডানপন্থীদের ভ্রান্ত তত্ত্ব অনুসরণ করছে।

সুমেরীয় দেবতাদের গোপন সভা –

প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে সুমেরীয় সভ্যতা ছিল পৃথিবীর প্রথম উন্নত নগরসভ্যতাগুলোর একটি, যা খ্রিস্টপূর্ব প্রায় ৪৫০০ থেকে ১৯০০ সাল পর্যন্ত মেসোপটেমিয়ার (বর্তমান ইরাক) ভূমিতে বিরাজমান ছিল। সুমেরীয়রা শুধু নগরায়ণ এবং কৃষি ব্যবস্থা নয়, তাদের ধর্মীয় ও মিথোলজিক্যাল ধারনাগুলোও অত্যন্ত জটিল এবং গূঢ় ছিল। সুমেরীয় ধর্মে দেবতাদের ভূমিকা ছিল কেন্দ্রীয়। তাদের দেবতাদের মধ্যে ‘আনু’ ও ‘এনকি’ ছিলেন সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন এবং গুরুত্বপূর্ণ চরিত্র, যাদের গোপন সভা বা সমাবেশ নিয়ে এক ধরনের রহস্য ও ধারণা বর্তমান রয়েছে, যেখানে পৃথিবীর ভবিষ্যৎ নিয়ন্ত্রণের পরিকল্পনা গৃহীত হত বলে বিশ্বাস করা হয়।

‘আনু’ হলেন সুমেরীয় প্যানথিওনের সর্বোচ্চ আকাশের দেবতা, যাকে আকাশের রাজা হিসেবে বিবেচনা করা হত। তিনি ঈশ্বরদের রাজত্বের শীর্ষে অবস্থান করতেন এবং অন্যান্য দেবতাদের উপর উচ্চ কর্তৃত্ব পালন করতেন। আনু শব্দের অর্থ “আকাশ” বা “আকাশের দেবতা” এবং তাকে সৃষ্টির এক প্রাথমিক সত্তা মনে করা হত।

অন্যদিকে ‘এনকি’ বা ‘এয়া’ ছিলেন মাটির, জলের এবং বুদ্ধিমত্তার দেবতা। তিনি মানবজাতির সৃষ্টিকারী এবং রক্ষাকর্তা দেবতা হিসেবেও পরিচিত। এনকির ক্ষমতা ছিল জ্ঞানের, যাদুর এবং সৃষ্টি শক্তির সমাহার। তিনি মানুষের প্রতি সহানুভূতিশীল দেবতা হিসেবে পরিচিত ছিলেন, তাদের উন্নতি ও রক্ষা করতেন।

সুমেরীয় ধর্মগ্রন্থ ও মিথোলজিতে ‘ইগিগি’ ও ‘অনুন্নাকি’ নামক দুটি দেবতাদের গ্রুপের কথা উল্লেখ আছে। ‘অনুন্নাকি’ হলেন উচ্চ মর্যাদার দেবতারা, যারা আনুর অধীনস্থ। তাদের সভা বা গোপন সমাবেশকে মিথোলজিক্যাল সাহিত্যে ‘দেবতাদের পর্ষদ’ বা ‘দেবতাদের জুরির কক্ষ’ বলা হয়েছে। বিশেষ করে ‘এনকি’ ও ‘আনু’ এই গোপন সভার কেন্দ্রবিন্দু। এই সভায় পৃথিবীর নিয়ন্ত্রণ, মানবজাতির ভাগ্য নির্ধারণ, এবং প্রকৃতির গতি-প্রকৃতির নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা হত বলে ধারণা। সভায় গৃহীত সিদ্ধান্তগুলো সমগ্র জগতের নিয়মাবলী ও বাস্তবতাকে প্রভাবিত করত।

সুমেরীয় পুরাতত্ত্ব ও গ্রন্থ থেকে জানা যায়, এই গোপন সভায় যে পরিকল্পনা হত তা শুধুমাত্র দেবতাদের নয়, পুরো ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণের ক্ষেত্রেও প্রভাব ফেলত। সভার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন ঘটনা যেমন বন্যা, কৃষি, রাজতন্ত্র, যুদ্ধ-শান্তি ইত্যাদি সিদ্ধান্ত নেওয়া হত।

‘এনকি’ তার জ্ঞান ও কৌশল দিয়ে সভায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন, বিশেষত মানবজাতির কল্যাণ ও রক্ষার জন্য। তাঁকে মানবের পক্ষে দেবতাদের সাথে আলোচনা চালানোর মধ্যমণি হিসেবে দেখা হয়। অন্যদিকে ‘আনু’ ছিলেন সর্বোচ্চ কর্তৃপক্ষ, যিনি সভার সিদ্ধান্ত অনুমোদন করতেন।

সুমেরীয় মিথে এই সভার কথা প্রায়ই ‘এনলিলের কোর্ট’ বা ‘আনু-এর মহাসভা’ নামে উল্লেখ আছে। বিশেষ করে ‘এনকির বর্ণনা’ ও ‘এনমার্কার স্মৃতি’ শিলালিপি ও কাদম্যাথিক টেক্সটগুলোতে এই সভার উল্লেখ পাওয়া যায়।

বৈজ্ঞানিক গবেষকরা প্রাচীন সুমেরীয় ভাষার ট্যাবলেট থেকে উদ্ঘাটিত তথ্য বিশ্লেষণ করে দেখেছেন, এই সভার অন্তর্গত সিদ্ধান্ত ও মন্ত্রণা শুধুমাত্র ধর্মীয় ছিল না, রাজনৈতিক ও সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যেম হিসেবেও ব্যবহৃত হত। এর মাধ্যমে সভ্যতার নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং জনগণের উপর দেবতাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়।

সুমেরীয় সভার গোপনীয়তা আজও অনেক রহস্যময়। কিছু গবেষক মনে করেন, এই সভা শুধুমাত্র মিথ নয়, বরং প্রাচীন মানব সভ্যতার সুশাসন ও প্রশাসনের প্রতীক। অন্যদিকে আধুনিক প্যারানরমাল ও এজোটারিক তত্ত্বের অনুসারীরা এই সভাকে একটি আলৌকিক ও মহাজাগতিক শক্তির মিটিং হিসেবে দেখেন।

গরমে প্লাস্টিকের বোতলে রাখা পানি পান করা নিরাপদ ?

প্রচণ্ড রোদে ক্লান্ত শরীরে ঠান্ডা পানি যেন এক চুমুকেই প্রশান্তি দেয়। কিন্তু জানেন কি, এই আরামদায়ক পানি হয়তো আপনার শরীরেই ধীরে ধীরে ক্ষতির বীজ বুনে দিচ্ছে? গরমে রেখে দেওয়া প্লাস্টিকের বোতলের পানি শরীরের জন্য হতে পারে মারাত্মক ক্ষতিকর।

‘সায়েন্স অব দ্য টোটাল এনভায়রনমেন্ট’ নামের একটি বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত গবেষণায় উঠে এসেছে, অতিরিক্ত গরমে প্লাস্টিকের বোতল থেকে ক্ষতিকর রাসায়নিক পদার্থ নিঃসরণ ঘটে। এই পদার্থের অনেকটাই ন্যানোপ্লাস্টিক, যেগুলো পানির সঙ্গে মিশে আমাদের শরীরে প্রবেশ করে।ন্যানোপ্লাস্টিক অত্যন্ত ক্ষুদ্র আকারের প্লাস্টিক কণা, কোষে ঢুকে শরীরের অভ্যন্তরে বিভিন্ন জৈবিক প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে পারে।

গবেষণা বলছে, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে পানির কণাগুলো আরও সক্রিয় হয়ে ওঠে। এ সময় বোতলের প্লাস্টিক গলতে শুরু করে এবং তাতে থাকা রাসায়নিক পদার্থ পানিতে মিশে যায়। সব ধরনের প্লাস্টিক থেকে এ ধরনের সমস্যা তৈরি হয় না বিশেষত BPA (Bisphenol-A) ফ্রি বোতল অপেক্ষাকৃত নিরাপদ। কিন্তু আমাদের দেশে এই ধরনের বোতল সচরাচর ব্যবহৃত হয় না এবং বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ প্লাস্টিক বোতল ব্যবহৃত হয়।

প্লাস্টিকের আরেকটি সমস্যা হলো ব্যাকটেরিয়া সংক্রমণ। যখন আমরা একাধিকবার বোতলে মুখ লাগিয়ে পানি খাই, তখন মুখের কিছু ব্যাকটেরিয়া বোতলে থেকে যায়। এই ব্যাকটেরিয়া গরমে সহজেই বেড়ে ওঠে এবং দীর্ঘ সময় উত্তপ্ত অবস্থায় থাকলে পানি ব্যাকটেরিয়ায় পরিপূর্ণ হয়ে ওঠে। এই পানি শরীরে প্রবেশ করলে হজমের সমস্যা, ইনফেকশন এমনকি দীর্ঘমেয়াদি স্বাস্থ্য ঝুঁকিও তৈরি হতে পারে।

তবে কিছু সহজ নিয়ম মেনে চললেই এই ঝুঁকি এড়ানো সম্ভব:

*গাড়িতে রাখা পানির বোতল অতিরিক্ত গরম হয়ে গেলে তা না খাওয়াই ভালো।
*দীর্ঘদিন একই বোতল ব্যবহার না করে নিয়মিত পরিবর্তন করুন এবং পরিষ্কার রাখুন।
*এক বোতল একাধিক ব্যক্তি ব্যবহারের সময় মুখ না লাগিয়ে পানি পান করুন।
*সবচেয়ে ভালো হয় যদি প্লাস্টিকের বদলে কাচ, অ্যালুমিনিয়াম বা স্টেইনলেস স্টিলের বোতল ব্যবহার করা যায়।

ঠান্ডা পানি আপনার ক্লান্তি দূর করলেও যদি সেই পানি গরমে উত্তপ্ত বোতলে থাকে, তবে তা দীর্ঘমেয়াদে বিপদ ডেকে আনতে পারে। তাই সচেতন হোন, সুরক্ষিত থাকুন।

দীর্ঘ মন্দার পর , এস্তোনিয়ার অর্থনীতিতে ক্ষীণ পুনরুদ্ধার –

বাল্টিক অঞ্চলের ছোট অথচ প্রযুক্তিনির্ভর অর্থনীতির দেশ এস্তোনিয়াস গত কয়েক বছর ধরে কঠিন সময় পার করেছে। বৈশ্বিক মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধজনিত নিরাপত্তা হুমকি, ইউরোপীয় জ্বালানি সংকট এবং অভ্যন্তরীণ মূল্যস্ফীতির চাপে এস্তোনিয়ার অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।এই দীর্ঘমেয়াদি মন্দা থেকে দেশটি এখন ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ২০২৫ সালে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মাত্র ১.০ শতাংশ, যা ইউরোপীয় গড়ের তুলনায় অনেকটাই কম।

এস্তোনিয়ার অর্থনীতির অন্যতম প্রধান চ্যালেঞ্জ হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি। জ্বালানি ও খাদ্যদ্রব্যের দামে ব্যাপক উত্থান এস্তোনিয়ার সাধারণ জনগণের জীবনযাত্রার মানে ব্যাপক চাপ সৃষ্টি করেছে। যদিও সরকার কিছু ভর্তুকি ও কর-ছাড়ের উদ্যোগ নিয়েছে, তবুও তা স্বল্পমেয়াদী উপশম মাত্র।

নীতিগত অনিশ্চয়তা দেশটির পুনরুদ্ধার প্রক্রিয়াকে মন্থর করে দিচ্ছে। বর্তমান রাজনৈতিক নেতৃত্ব এবং বিরোধীদের মধ্যে বাজেট সংক্রান্ত দ্বন্দ্ব, সামাজিক নিরাপত্তা ব্যয় ও কর কাঠামো নিয়ে বিভক্তি অর্থনৈতিক পুনর্গঠনে বাধা সৃষ্টি করছে। বিদেশি বিনিয়োগকারীরা এস্তোনিয়ার স্টার্টআপ বান্ধব ইকোসিস্টেমে আগ্রহ দেখালেও নীতির স্থিতিশীলতা না থাকলে সে সম্ভাবনা নষ্ট হতে পারে। তৃতীয়ত, বাণিজ্য বাধা ও ভূরাজনৈতিক চাপ এস্তোনিয়ার রপ্তানি নির্ভর খাতগুলোর জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ। রাশিয়ার বাজার পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় নতুন বাজারে প্রবেশ এবং ট্রান্সপোর্ট চেইনে ব্যয় বেড়ে গেছে। এর ফলে প্রযুক্তি, সফটওয়্যার, ইলেকট্রনিক্স এবং কৃষিজাত পণ্যের রপ্তানি ব্যাহত হচ্ছে।

তবে কিছু ইতিবাচক দিকও লক্ষ করা যাচ্ছে। ডিজিটাল গভর্নেন্স ও ই-রেসিডেন্সি প্রোগ্রামের মাধ্যমে এস্তোনিয়া বিশ্বে একটি প্রযুক্তি-কেন্দ্রিক ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছে। ২০২৫ সালে দেশটি তাদের ডিজিটাল অবকাঠামোতে নতুন বিনিয়োগ করছে যাতে বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করা যায় এবং রিমোট কর্মসংস্থানের সুযোগ বাড়ানো যায়। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের তহবিল ও সহযোগিতা দিয়ে সবুজ শক্তি ও টেকসই প্রযুক্তি খাতে নতুন প্রকল্প শুরু হয়েছে, যা আগামী বছরগুলোতে অর্থনীতিকে শক্তিশালী করতে পারে।

সামগ্রিকভাবে এস্তোনিয়ার অর্থনীতি এখন একটি মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে ধীরগতি সত্ত্বেও দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা অর্জনের সুযোগ রয়েছে। তবে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা, মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা এবং আন্তর্জাতিক বাজারে নতুন অংশীদার খোঁজার প্রক্রিয়াগুলোকে অগ্রাধিকার দিতে হবে।