বাল্টিক অঞ্চলের ছোট অথচ প্রযুক্তিনির্ভর অর্থনীতির দেশ এস্তোনিয়াস গত কয়েক বছর ধরে কঠিন সময় পার করেছে। বৈশ্বিক মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধজনিত নিরাপত্তা হুমকি, ইউরোপীয় জ্বালানি সংকট এবং অভ্যন্তরীণ মূল্যস্ফীতির চাপে এস্তোনিয়ার অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।এই দীর্ঘমেয়াদি মন্দা থেকে দেশটি এখন ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ২০২৫ সালে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মাত্র ১.০ শতাংশ, যা ইউরোপীয় গড়ের তুলনায় অনেকটাই কম।
এস্তোনিয়ার অর্থনীতির অন্যতম প্রধান চ্যালেঞ্জ হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি। জ্বালানি ও খাদ্যদ্রব্যের দামে ব্যাপক উত্থান এস্তোনিয়ার সাধারণ জনগণের জীবনযাত্রার মানে ব্যাপক চাপ সৃষ্টি করেছে। যদিও সরকার কিছু ভর্তুকি ও কর-ছাড়ের উদ্যোগ নিয়েছে, তবুও তা স্বল্পমেয়াদী উপশম মাত্র।
নীতিগত অনিশ্চয়তা দেশটির পুনরুদ্ধার প্রক্রিয়াকে মন্থর করে দিচ্ছে। বর্তমান রাজনৈতিক নেতৃত্ব এবং বিরোধীদের মধ্যে বাজেট সংক্রান্ত দ্বন্দ্ব, সামাজিক নিরাপত্তা ব্যয় ও কর কাঠামো নিয়ে বিভক্তি অর্থনৈতিক পুনর্গঠনে বাধা সৃষ্টি করছে। বিদেশি বিনিয়োগকারীরা এস্তোনিয়ার স্টার্টআপ বান্ধব ইকোসিস্টেমে আগ্রহ দেখালেও নীতির স্থিতিশীলতা না থাকলে সে সম্ভাবনা নষ্ট হতে পারে। তৃতীয়ত, বাণিজ্য বাধা ও ভূরাজনৈতিক চাপ এস্তোনিয়ার রপ্তানি নির্ভর খাতগুলোর জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ। রাশিয়ার বাজার পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় নতুন বাজারে প্রবেশ এবং ট্রান্সপোর্ট চেইনে ব্যয় বেড়ে গেছে। এর ফলে প্রযুক্তি, সফটওয়্যার, ইলেকট্রনিক্স এবং কৃষিজাত পণ্যের রপ্তানি ব্যাহত হচ্ছে।
তবে কিছু ইতিবাচক দিকও লক্ষ করা যাচ্ছে। ডিজিটাল গভর্নেন্স ও ই-রেসিডেন্সি প্রোগ্রামের মাধ্যমে এস্তোনিয়া বিশ্বে একটি প্রযুক্তি-কেন্দ্রিক ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছে। ২০২৫ সালে দেশটি তাদের ডিজিটাল অবকাঠামোতে নতুন বিনিয়োগ করছে যাতে বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করা যায় এবং রিমোট কর্মসংস্থানের সুযোগ বাড়ানো যায়। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের তহবিল ও সহযোগিতা দিয়ে সবুজ শক্তি ও টেকসই প্রযুক্তি খাতে নতুন প্রকল্প শুরু হয়েছে, যা আগামী বছরগুলোতে অর্থনীতিকে শক্তিশালী করতে পারে।
সামগ্রিকভাবে এস্তোনিয়ার অর্থনীতি এখন একটি মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে ধীরগতি সত্ত্বেও দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা অর্জনের সুযোগ রয়েছে। তবে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা, মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা এবং আন্তর্জাতিক বাজারে নতুন অংশীদার খোঁজার প্রক্রিয়াগুলোকে অগ্রাধিকার দিতে হবে।


