Home Blog Page 239

অতীতে যা ঘটেছে তার পুনরাবৃত্তি চাই না , ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে সুষ্ঠু তদন্ত হওয়া দরকার : ফলকার টুর্ক

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক গতকাল ঢাকায় সংবাদ সম্মেলনে বলেছেন- ৫ আগস্টের আগে-পরে হত্যাকাণ্ডের পাশাপাশি সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে। তবে মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করার ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ সর্বত্র যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা জরুরি। ‘মব জাস্টিস’ এবং যেকোনো ধরনের হত্যাকাণ্ডের দায়মুক্তি সমর্থন করে না জাতিসংঘ। জুলাই-আগস্ট আন্দোলনের পর বাংলাদেশের অনেক স্থানে ‘মব জাস্টিস’ হয়েছে। ফলকার টুর্ক বলেন, মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রতিটি অপরাধের তদন্ত করতে হবে।

আন্দোলনের সময় পুলিশ হত্যার ঘটনায় দায়মুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোনো হত্যার দায়মুক্তি দেওয়া উচিত নয়। প্রতিটি হত্যার তদন্ত ও বিচার করতে হবে। না হলে মানবাধিকার প্রশ্নবিদ্ধ হয়। বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মামলা দায়ের হচ্ছে না এমন প্রশ্নের উত্তরে টুর্ক বলেন, ‘নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ না করে মামলা করা যায় না। এ বিষয়টির সুরাহা হওয়া জরুরি। এ জন্য তো একটি কমিশন গঠন করা হয়েছে। অতীতে যা ঘটেছে তার পুনরাবৃত্তি চাই না। ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে সুষ্ঠু তদন্ত হওয়া দরকার।’

ফলকার টুর্কের মতে, এটি গুরুত্বপূর্ণ যে শুধু আওয়ামী লীগের সদস্য বা সমর্থক বলেই যেন তাদের রাজনৈতিক সম্পৃক্ততার ভিত্তিতে ফৌজদারি মামলা দায়ের করা না হয়। ফলকার টুর্ক বলেন, ফৌজদারি অপরাধের বিচার নিশ্চিত করাটা গুরুত্বপূর্ণ। তবে অভিযোগগুলো যাতে তাড়াহুড়া করে আনা না হয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ সর্বত্র যথাযথ প্রক্রিয়া এবং সুষ্ঠু বিচারের মান বজায় রাখা হয়, তা নিশ্চিত করাটা জরুরি। সাংবাদিকদের বিরুদ্ধে হত্যার অভিযোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে টুর্ক বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে বিপুলসংখ্যক হত্যার অভিযোগসহ কিছু অভিযোগ যথাযথ তদন্তের ভিত্তিতে প্রতিষ্ঠিত না হওয়ার আশঙ্কা রয়েছে। অতীতের দৃষ্টান্তের যেন পুনরাবৃত্তি না হয়, সেটি গুরুত্বপূর্ণ।

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর খোলার বিষয়ে টুর্ক বলেন, মানবাধিকার নিয়ে বেশ কিছু ভুল তথ্য রয়েছে। কেউ এটিকে পশ্চিমা তত্ত্ব হিসেবে দেখে, আবার কেউ এটিকে রাজনৈতক দৃষ্টিকোণে, আবার কেউ এটিকে চাপিয়ে দেওয়ার দৃষ্টিভঙ্গিতেও দেখে। মানবাধিকার বিশ্বের একটি পক্ষের কোনো বিষয় নয়, এটি বৈশ্বিক। এ জন্য সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র ৭৫ বছর আগে গৃহীত হয়েছিল।

ব্রিটেনে ন্যুনতম মজুরি বেড়ে ঘন্টায় ১৯০০ টাকা

সর্বনিম্ন মজুরির পরিমাণ বাড়িয়েছে ব্রিটিশ সরকার। ব্রিটিশ অর্থমন্ত্রী বা চ্যান্সেলর অব এক্সচেকার র‍্যাচেল রিভস বুধবার এ ঘোষণা দিয়েছেন।নতুন ঘোষণা অনুসারে, ব্রিটেনে সর্বনিম্ন মজুরি আগের তুলনায় ৬.৭% শতাংশ বেড়ে দাঁড়াবে ঘন্টায় ১২ দশমিক ২১ পাউন্ডে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৯০০ টাকা। আগামী বছরের এপ্রিল থেকে মোট ৩৫ লাখ ব্রিটিশ মজুরি বৃদ্ধির সুফল ভোগ করবে।

নিরাপত্তা বা সাংবিধানিক বিষয়ে সিদ্ধান্তে তাড়াহুড়ো নয় : সরকারের প্রতি তারেক রহমান

রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে বিষয়গুলো সরাসরি রাষ্ট্রীয় নিরাপত্তা বা সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট, সেসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া পরিহার করে সুচিন্তিত পদ্ধতি অনুসরণ করার পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কেন বর্তমান সংবিধানের অধীনে শপথ নিয়েছে কিংবা বর্তমান সরকার কি বিপ্লবী সরকার? কেউ কেউ এ ধরনের প্রশ্নও তুলছেন। এ পর্যায়ে এসে অন্তর্বর্তী সরকারের গঠনপ্রক্রিয়া নিয়ে এ ধরনের বিতর্ক সরকারের গতিশীলতা বাধাগ্রস্ত করতে পারে, সরকারের লক্ষ্যচ্যুত হওয়ার কারণ হতে পারে।অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের উল্লেখ করে তারেক রহমান বলেন, এই বিশাল কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে জনগণের প্রতিদিনের দুঃখ-দুর্দশা লাঘব করা না গেলে, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার বিষয়টি উপেক্ষিত থাকলে সরকারের সব সংস্কার কার্যক্রম জনগণের প্রশ্নের মুখে পড়বে; অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে অগ্রাধিকারভিত্তিক এজেন্ডা নির্ধারণ করা অত্যন্ত জরুরি।

ট্রাম্পের পক্ষে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কি চান ইলন মাস্ক ?

ইলন মাস্ক, যিনি ইতিপূর্বে প্রযুক্তি জগতে উদ্ভট চিন্তা-ভাবনা সম্পন্ন একজন প্রতিভা হিসেবে নিজের একটি ইমেজ গড়ে তুলেছেন, এবং রাজনীতির একেবারে ভেতরে না ঢুকে পাশাপাশি থেকেছেন, তিনি এখন ডোনাল্ড ট্রাম্পের প্রতি সম্পূর্ণ আনুগত্যের প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি রিপাবলিকানদের নির্বাচিত করতে চেষ্টা করছেন তার সময়, জ্ঞান আর যথেষ্ট বিনিয়োগের মাধ্যমে – দেশের অভিজাত ব্যবসায়ীদের মধ্যে এটা সত্যিই বিরল, কারণ তারা ঐতিহ্যগতভাবেই পিছনে থেকে রাজনীতিকে প্রভাবিত করতে পছন্দ করেন।

ফলে স্বভাবতই ইলন মাস্কের ব্যতিক্রমী হওয়ার পিছনে তার অনুপ্রেরণা বা উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন তুলছেন পর্যবেক্ষকরা। মিশিগান ইউনিভার্সিটির রস স্কুল অফ বিজনেসের উদ্যোক্তা বিভাগের চেয়ারম্যান এরিক গর্ডন ব্যাখ্যা করেন, সিইওদের ঐতিহ্যগত কার্যক্রম ‘জনসাধারণের সম্মুখে হয় না। ‘কিন্তু ‘মাস্ক এটি বেশ জোরেশোরে, প্রকাশ্যে এবং গর্ব করে করেন, যা সম্ভবত নিজেকে আলোকিত করে তুলতেই করা।’ কিছু পর্যবেক্ষক অবশ্য তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বলছেন যে ট্রাম্পের সাথে সম্পর্ক থেকে ইলন মাস্ক এবং তার ব্যবসা উপকৃত হবে।

মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গর্ডনও এতে একমত। তার মতে, ইলন মাস্ক নিজেকে এমন একজন ব্যক্তিত্ব হিসেবে দেখেন, যাকে নিয়ন্ত্রক দ্বারা আটকে রাখা হয়েছে এবং তিনি মনে করেন যে সরকারি হস্তক্ষেপ প্রযুক্তির বিকাশকে বাধাগ্রস্ত করেছে। তবে ইলন মাস্কের জন্য নভেম্বরের নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, মার্কিন সরকারের সাথে তার লাভজনক সম্পর্ক অব্যাহত থাকবে তা নিয়ে কোনও প্রশ্ন নেই।

নির্বাচনের আগে নতুন ভোটার তালিকা তৈরিতে সময় লাগবে ১০ মাস !

একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে এ মাসের শুরুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছে নির্বাচন কমিশন সচিবালয়। ড. ইউনূসকে জানানো হয়েছে, একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রথম ধাপ হবে যথাযথ ভোটার তালিকা প্রণয়ন করা। এর জন্য নয় থেকে ১০ মাস সময় লাগতে পারে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠন হলে ২০২৫ সালের শেষ নাগাদ ভোটার তালিকা তৈরি হতে পারে।

তথ্য সংগ্রহের জন্য কমপক্ষে এক মাস, নিবন্ধন করতে সাত থেকে আট মাস, খসড়া তালিকার জন্য ১৫ দিন এবং ভোটারদের মতামত ও আপত্তি নিষ্পত্তির জন্য আরও ১৫ দিন সময় লাগবে। এই প্রক্রিয়া শুরু করতে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং কমিশন গঠনের জন্য গতকাল সার্চ কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্টরা জানাচ্ছে, অন্তর্বর্তী সরকার একটি স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে একটি নতুন ভোটার তালিকা তৈরি করতে চায়। এদিকে, দ্রুত সময়ে নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর চাপ বাড়ছে।

হিজবুল্লাহ নতুন নেতা নির্বাচন করেছে …

ইসরায়েলি বিমান হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর হিজবুল্লাহ নতুন নেতা হিসেবে শেখ নাইম কাসেমকে নিয়োগ করেছে। এই নিয়োগ দলটি এক মাসের নেতৃত্বশূন্যতা ও বিশৃঙ্খলার অবসান ঘটাল। কাসেম ১৯৯১ সাল থেকে নাসরুল্লাহর ডেপুটি এবং হিজবুল্লাহর প্রতিষ্ঠাতা সদস্যদের একজন, এখন দলের নেতৃত্বে আসলেন এবং ইসরায়েলের শক্তিশালী হামলার ক্ষতি সামাল দেবেন। এই আক্রমণগুলিতে হিজবুল্লাহর শীর্ষ সামরিক নেতৃত্ব এবং অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

কাসেমের নিয়োগ দলটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের অবসান ঘটিয়েছে, বিশেষ করে অক্টোবরে উচ্চপদস্থ কর্মকর্তা হাসেম সাফিয়েদ্দিনের মৃত্যুর পর। রাজনৈতিকভাবে, হিজবুল্লাহ তাদের কৌশলে পরিবর্তন আনছে। কাসেম সম্প্রতি গাজার পরিস্থিতির বাইরে শুধুমাত্র লেবাননের জন্য একটি সম্ভাব্য যুদ্ধবিরতির কোথা বলেছেন। তারমানে হিজবুল্লাহ এখন লেবাননের স্থিতিশীলতাকে প্রাধান্য দিচ্ছে। তবে, ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে, বিশেষ করে বেকা উপত্যকার মতো হিজবুল্লাহর শক্তিশালী এলাকায়।

সম্প্রতি বালবেকে একটি বোমা হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয় এবং ইউনেস্কো তালিকার বালবেকের ঐতিহাসিক স্থাপনাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা লেবাননের সাধারণ মানুষের ক্ষতি এবং অবকাঠামোর উপর বড় প্রভাব ফেলেছে। কাসেমের নেতৃত্বে হিজবুল্লাহ তাদের সামরিক ও রাজনৈতিক কৌশল পুনর্বিবেচনা করছে, কারণ দলটি নাসরুল্লাহর অধীনে তৈরি হওয়া প্রতীকী শক্তি ও নেতত্ব হারিয়েছে। ইসরায়েল কাসেমকে হুঁশিয়ারি দিয়েছে যে তিনি নাসরুল্লাহ এবং সাফিয়েদ্দিনের পথ অনুসরণ করলে তারও একই পরিণতি হতে পারে।

নির্বাচনমুখী যাত্রা শুরু করেছে সরকার : আসিফ নজরুল

আগামী জাতীয় সংসদ নির্বাচনের যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন হয়ে গেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সই হওয়ার পর আজ মঙ্গলবার অথবা আগামীকাল বুধবারের মধ্যে প্রজ্ঞাপন হবে।আজ সচিবালয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, সার্চ কমিটি হয়ে গেলে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তিনি আরো বলেন, ভোটার তালিকা হালনাগাদ করা হবে। একটি স্বচ্ছ ভোটার তালিকা করা হবে। অন্তর্বর্তী সরকার একটি সুন্দর নির্বাচন দেবে। নির্বাচন দিতে কত সময় লাগবে, তা অনেকগুলো ‘ফ্যাক্টর’-এর (বিষয়) ওপর নির্ভর করবে বলে উল্লেখ করেন আইন উপদেষ্টা। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না-এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ‘তাঁদের বিচারের আগে নির্বাচনে আসা মানুষ মেনে নেবে বলে আমার মনে হয় না। এ দলের রাজনৈতিক অধিকার থাকা উচিত কি না, তা দেশের মানুষ বিবেচনা করবে।’

শাহবাগের শিশুপার্ক : আওয়ামী লুটপাটের নমুনা

  • সংস্কার ও আধুনিকীকরণের কথা বলে ৬ বছর ধরে বন্ধ।
  • আরো ২/৩ বছর লাগবে কাজ শেষ হতে।
  • সোহরাওয়াদী উদ্যানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণা- লয়ের ‘স্বাধীনতাস্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় শিশুপার্কের ভেতর দিয়ে ভূগর্ভস্থ পার্কিং নির্মাণের কাজের জন্য ২০১৯ সালে শিশুপার্ক বন্ধ করা হয়।
  • তখন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় শিশুপার্কের আধুনিকায়নে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে ৭৮ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল।
  • সে প্রস্তাব ফিরিয়ে দিয়ে ২০২০ সালে মেয়র তাপসের নেতৃত্বে সিটি কর্পোরেশন নিজেরা শিশুপার্কের আধুনিকায়নে ৬০৩ কোটি ৮১ লাখ টাকার প্রকল্প নেয়।
  • এই প্রকল্পের বেশির ভাগ ব্যয় (৪৪১ কোটি টাকা) ধরা হয় শিশুপার্কের জন্য ১৫টি রাইড কেনা ও স্থাপনে। বেসরকারি খাতে বিনোদনকেন্দ্র পরিচালনার সঙ্গে সম্পৃক্ত তিনজন উদ্যোক্তা প্রথম আলোকে বলেন, রাইডের যে দর দেখানো হয়েছে, তা অবিশ্বাস্য।
  • উদাহরণস্বরূপ, একটি রাইড ‘মাইন ট্রেন’ কেনা ও স্থাপন করার জন্য ৯৭ কোটি টাকা খরচ করার কথা প্রকল্পে উল্লেখ করা হয়েছে। এর দাম কোনোভাবেই ৫ কোটি টাকার বেশি হবে না। ঢাকা ও এর আশপাশের চারটি বড় বিনোদনকেন্দ্র পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। এভাবে সবগুলো রাইডেই কয়েকগুণ বেশি দাম ধরা হয়েছে।
  • বাংলাদেশ ইনস্টিটিউশন অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, যাঁরা এ ধরনের নকশা করেছেন, তাঁদের জবাবদিহির আওতায় আনা উচিত যেখানে মানুষের অবসর কাটানোর জায়গার প্রচণ্ড অভাব, সেখানে একটি পার্ক ছয় বছর বন্ধ করে রাখার বিষয়টি কোনোভাবেই মানা যায় না।

নির্বাচনে জয়ী হলে যুদ্ধ করবেন না : ট্রাম্প

রোববার পেনসিলভেনিয়া রাজ্যে এক নির্বাচনী প্রচারণা সভায় বক্তব্য দেওয়ার সময় এই প্রতিশ্রুতি দেন ট্রাম্প। তিনি বলেছেন, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে যতগুলো আন্তর্জাতিক সংকটে জড়িয়েছে যুক্তরাষ্ট্র, সেসবের প্রত্যেকটির সমাধান করবেন তিনি এবং এক্ষেত্রে অগ্রাধিকার দেবেন ইউক্রেন ও গাজা সংঘাতকে। উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘যদি কমলা হ্যারিস নির্বাচনে জয়ী হয়ে আগামী চার বছরের জন্য ক্ষমতা গ্রহণ করেন, তাহলে মধ্যপ্রাচ্য অন্তত আগামী চার দশক পর্যন্ত জ্বলবে এবং আমাদের যেসব সন্তানদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন সেনাঘাঁটিতে পাঠানো হয়েছে, তারা বেঘোরে মারা পড়বে।’ ট্রাম্প বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা যদি আমাকে জয়ী করেন, আমি কখনও কোনো নির্বোধ এবং শেষ না হতে চাওয়া যুদ্ধে মার্কিন সেনাদের পাঠাব না। আপনাদের সন্তানরা আপনাদের সংস্পর্শে থাকবে। বাড়ি থেকে হাজার হাজার মাইল দূরে অন্য কোনো দেশে বেঘোরে তাদের প্রাণ হারাতে হবে না।’

সময়মত পাঠ্যপুস্তক ছাপা নিয়ে শঙ্কা

বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের নতুন বই দিতে হলে এ সময়ের মধ্যে ছাপানোর কাজ এবং পাঠানো সম্পন্ন করতে হবে বিনা মূল্যের ৪০ কোটির বেশি পাঠ্যবই। অথচ এখনও চলছে বই ছাপার দরপত্র প্রক্রিয়া, পাণ্ডুলিপি সংশোধন ও পরিমার্জনের কাজ। কিছু বইয়ের প্রচ্ছদে ও কিছু বইয়ের ভেতরে জুলাই-আগস্ট আন্দোলনের গ্রাফিতি যুক্ত হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দুই মাসে ৪০ কোটির বেশি পাঠ্যবই ছাপানোর সক্ষমতা দেশের মুদ্রণ ব্যবসায়ীদের নেই। এছাড়া এই সময়ে চাহিদামতো মানের এত কাগজ পাওয়া নিয়েও সংকট হতে পারে। তাই পহেলা জানুয়ারির আগে সব বই মাঠপর্যায়ে পৌঁছানো ও বিতরণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তারা বলেছেন শিক্ষাবর্ষের শেষ প্রান্তে নতুন শিক্ষাক্রম বাতিল, পাঠ্যপুস্তকের ছবি ও বিষয়বস্তু পরিমার্জন ও সংশোধন এবং সরকার পরিবর্তনের পর প্রশাসনে রদবদলের কারণে পাঠ্যবই ছাপানোর কাজ অনুমোদনে দেরি হচ্ছে।