Home Blog Page 238

যুদ্ধবিরতির পরিবর্তে হামলা বাড়িয়েছে ইসরাইল

ইসরায়েল শুক্রবার ভোরে ফিলিস্তিনের গাজা, লেবাননের রাজধানী বৈরুতসহ দেশটির বিভিন্ন জায়গায় বড় ধরনের হামলা চালিয়েছে। হামলা বাড়িয়ে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির নতুন সম্ভাবনাকে ‘প্রত্যাখ্যান’ করেছে বলে মন্তব্য করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ভোরে ইসরায়েলের বিমান হামলায় গাজায় আরও ৪৭ জন নিহত হয়েছেন। শুক্রবার প্রায় একই সময়ে বৈরুতের দক্ষিণের শহরতলিতেও হামলা চালিয়েছে ইসরায়েল।

এসব হামলার আগে আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি সম্ভব বলে আশা প্রকাশ করেছিলেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। বৃহস্পতিবার মার্কিন মধ্যস্থতাকারীরা লেবানন থেকে ইসরায়েলে যান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস থেকে তাঁদের জানানো হয়েছে, তাঁরা আপাতত যুদ্ধবিরতি নিয়ে তেমন বেশি ভাবছেন না।

স্নাতক শেষ করা ইসরায়েলি সেনাদের এক অনুষ্ঠানে বৃহস্পতিবার নেতানিয়াহু বলেছেন, ‘সমঝোতা, নথিপত্র এবং প্রস্তাব এসব কিছু আমাদের মূল বিষয় নয়। নিরাপত্তা নিশ্চিত করার জন্য সক্ষমতা ও সংকল্পই আমাদের মূল বিবেচ্য বিষয়। আমাদের বিরুদ্ধে হামলা ও শত্রুদের হাতে অস্ত্র যাওয়া রোধ করাই আমাদের প্রধান কাজ। সব ধরনের চাপ উপেক্ষা করে যতক্ষণ এসব দরকার, ততক্ষণ তা চলবে।’

ব্যাংকে সাইবার হামলার শঙ্কা

বাংলাদেশের ব্যাংকগুলোতে সাইবার আক্রমণের প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো প্রতিনিয়ত বিভিন্ন ম্যালওয়্যার আক্রমণের শিকারও হচ্ছে। এ ধরনের সাইবার আক্রমণ থেকে রক্ষা পেতে ব্যাংকগুলোকে ১৭টি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের এক চিঠিতে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এসব পরামর্শ মানতে অনুরোধ জানানো হয়।

চিঠিতে বলা হয়, বাংলাদেশে সাইবার সিকিউরিটি ইনটেলিজেন্সের (বিসিএসআই) নিয়মিত তথ্য নিরাপত্তা পর্যবেক্ষণ ও পর্যালোচনায় বাংলাদেশের কিছু ব্যাংকে ডুয়েল কারেন্সি কার্ডে ফেসবুক অ্যাড ম্যানেজার ব্যবহার করে বেআইনিভাবে লেনদেন হওয়ার তথ্য পাওয়া গেছে। এই লেনদেনের মাধ্যমে সাধারণ গ্রাহকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এমন তথ্যও জানা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এসব সাইবার অপরাধী প্রতিনিয়ত দেশের সাধারণ মানুষ তথা ব্যাংকের গ্রাহকদের হয়রানি করছে।

আশাভঙ্গের লক্ষণ দেখা যাচ্ছে : আনু মুহাম্মদ

শুক্রবার চট্টগ্রাম নগরের ষোলোশহর রেলস্টেশনে আয়োজিত এক সমাবেশে অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন- স্বাধীনতার পর ১৯৭২ সালে এবং এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালে মানুষের যে আশাভঙ্গ হয়েছিল, গত তিন মাসেও তার লক্ষণ দেখা যাচ্ছে। এসব লক্ষণ খুবই ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক। তিনি বলেন, কৃষক-শ্রমিকসহ সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থ দেখার মতো রাজনৈতিক সংগঠিত শক্তি বাংলাদেশে তৈরি হয়নি। তৈরি হয়নি বলেই এত বড় একটি মুক্তিযুদ্ধের পরে, লক্ষ লক্ষ মানুষ শহীদ হওয়ার পরেও, বাংলাদেশে শোষক-লুটেরা শ্রেণি আবার নতুন করে তৈরি হয়েছে।

নব্বইয়ে গণ-অভ্যুত্থান হলো, এরশাদ গেল, কিন্তু লুটেরা শক্তি আবার ক্ষমতায় থাকল। তিন মাস আগে এত বড় গণ-অভ্যুত্থানের পরেও সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবন কিংবা ভবিষ্যৎ চিন্তায় সেই পরিবর্তনের লক্ষণগুলো দেখা যাচ্ছে না। সমাবেশে দেশে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলি করার সমালোচনা করেন আনু মুহাম্মদ। আনু মুহাম্মদ আরও বলেন, ‘জবাবদিহি এবং স্বচ্ছতার অভাবে গত সরকার স্বৈরাচারে পরিণত হয়েছিল। বর্তমান সরকারে এই দুটির অভাব কোনোভাবেই গ্রহণ করব না। কীভাবে খুনিরা ছাড়া পেয়ে যায়, কীভাবে মামলাগুলো যথাযথ না হয়ে পাইকারিভাবে হয় সেটির জবাবদিহি থাকতে হবে। কী কারণে জিনিসপত্রের দাম কমছে না, কাদের কারণে কমছে না, এর জবাবদিহি করতে হবে। এই জবাবদিহি কিংবা স্বচ্ছতার জায়গাটা শক্তিশালীভাবে থাকতে হবে।’ সমাবেশে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়ে আনু মুহাম্মদ বলেন, ‘বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ শ্রমজীবী। তাঁরা প্রতারিত হচ্ছেন, জুলুমের শিকার হচ্ছেন। এই যে সংখ্যাগরিষ্ঠ মানুষ তাঁদের স্বার্থে যদি রাষ্ট্র না আসে, তাহলে লুটেরাদের পুনরুৎপাদন হবে।’

মার্কিন নির্বাচনের আগেই লেবানন – ইসরাইল যুদ্ধবিরতির তোড়জোড়

ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম কান টিভি চ্যানেল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার ভিত্তিতে লেবাননে ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করতে রাজি হয়েছে ইসরায়েলর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার। ওয়াশিংটনের লেখা ওই চুক্তির খসড়া এরই মধ্যে লেবাননে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার আল জাদিদ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো যুদ্ধবিরতি চুক্তি হওয়া নিয়ে তার সন্দেহ ছিল। কিন্তু বুধবার (৩০ অক্টো) যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত অ্যামোস হচস্টেইন ফোনে তাকে জানিয়েছেন যে, আগামী ৫ নভেম্বরের আগেই চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এ নিয়ে আলোচনা করতে ইসরায়েলে গেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। চুক্তির খসড়া অনুলিপি এরই মধ্যে প্রকাশ করেছে ইসরায়েলের কান টেলিভিশন চ্যানেল। এদিকে লেবাননের এমটিভি ও ইসরায়েলের জেরুজালেম পোস্ট জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সেনাদের সরিয়ে আনতে রাজি হয়েছে হিজবুল্লাহ।তবে গাজায় যুদ্ধবিরতির আশু কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।

উন্নয়নের একটি বয়ান সৃষ্টি করা হয়েছিল , অনাচার অর্থনীতির ঘাটতিকে পূরণ করতে : দেবপ্রিয় ভট্টাচার্য

গতকাল অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সরকার গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, স্বেচ্ছাচারী রাজনীতি জন্ম দিয়েছে অনাচার অর্থনীতির। তিনি বলেন, এ দুটি পরস্পরের পরিপূরক। তবে প্রশ্ন করা যায়, স্বৈরাচারী বা স্বেচ্ছাচারী রাজনীতি অনাচার অর্থনীতিকে জন্ম দিয়েছে, নাকি উল্টোটা ঘটেছে। অর্থাৎ অনাচার অর্থনীতি স্বেচ্ছাচারী রাজনীতি তৈরি করেছে। তিনি আরও বলেন, শ্বেতপত্র প্রণয়ন কমিটি দেখছে যে বিগত সরকারের সময় চারটি খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। যেমন ব্যাংক, জ্বালানি, সরকারি প্রকল্প এবং তথ্যপ্রযুক্তি খাত।

আলোচনায় অংশ নিয়ে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম বলেন, বিদ্যুৎ ও জ্বালানিসহ বিগত সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্প অতিমূল্যায়িত ছিল, আবার সেখান থেকে চুরি হয়েছে, কাজ দেওয়ার সময় করা হয়েছে স্বজনপ্রীতি। রাজনৈতিক সম্পর্ক যাদের ছিল, তারা এসব প্রকল্পের কাজ পেয়েছে। আর সব সিদ্ধান্ত হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে।সিপিডির অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, জনগণের করের টাকায় বড় বড় প্রকল্প হয়েছে। কিন্তু এসব প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সমীক্ষা কেউ কখনো চোখে দেখেনি। অথচ এসব বড় প্রকল্পের ঋণের দায় পরবর্তী প্রজন্মের ওপর চাপানো হয়েছে। সে সময় অর্থের অবৈধ প্রবাহও অনেক বেড়ে গিয়েছিল। শুরুতে এসব অর্থ অভ্যন্তরীণ অর্থনীতিতে ব্যবহার হলেও শেষের দিকে পাচার হয়েছে বেশি।

অর্থনীতিবিদ সেলিম রায়হান বলেন, সরকারের রাজনৈতিক বৈধতার সংকট শুরু হয়েছিল ২০১৪ সালের নির্বাচন থেকে। আর তখন থেকেই উন্নয়নের বয়ানটা আরও শক্তিশালীভাবে শুনতে পাওয়া গেছে। সেই উন্নয়নের বৈধতা দেওয়ার চেষ্টার মধ্যেই দেখা দিল ক্রনি ক্যাপিটালিজমের বড় রকমের উল্লম্ফন। তিনি বলেন, প্রকল্পনির্ভর যে দুর্নীতি, তারও বড় উল্লম্ফন হয়েছে গত এক দশকে। তখন দেখা গেছে মুষ্টিমেয় একটি ব্যবসায়ী গোষ্ঠী রাষ্ট্রীয় নীতি থেকে লাভবান হচ্ছে।

সবশেষে উপসংহার টেনে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের ভেতরে সাম্প্রতিককালে একটি অনাচার অর্থনীতির সৃষ্ট হয়েছিল। এই অনাচার অর্থনীতির পেছনে একটি কলুষ সম্পর্ক গড়ে উঠেছিল। সেই কলুষ সম্পর্কের প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে উর্দি পরা ও উর্দি ছাড়া আমলারা যেমন ছিলেন, এদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রাজনীতিবিদেরা এবং একটি ব্যবসায়ী গোষ্ঠী। এরা সবাই মিলে দেশের প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করে ফেলেছিলেন। সে সময় উন্নয়নের একটি বয়ানও সৃষ্টি করা হয়েছিল, সেই অনাচার অর্থনীতির ঘাটতিকে পূরণ করার জন্য। আর সেই উন্নয়নের বয়ানকে রক্ষা করার জন্য স্বৈরাচারী রাজনীতির প্রয়োজন পড়েছিল।

তিনি বলেন, শেষ বিচারে রাজনীতি ঠিক না হলে স্বচ্ছতা, দক্ষতা, জবাবদিহিতা, সুষম উন্নয়ন বাধাগ্রস্ত হবে। আর বর্তমান পরিস্থিতিতে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, তার ওপরই আগামী দিনের রাজনীতি, অর্থনীতি, প্রাতিষ্ঠানিক সংস্কার নির্ভর করবে। এই সংস্কারগুলোর পরিধি, ধারাবাহিকতা ও গতি কী হবে তা নির্ভর করবে চলমান অর্থনীতিতে সরকার কতখানি আশ্বস্ত থাকবে, জনগণ কতখানি স্বস্তি পাবে, তার ওপর।

চাল সরবরাহ না বাড়লে খাদ্যঘাটতির শঙ্কা

কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হয়েছে- সম্প্রতি বন্যা ও অতিবৃষ্টিতে আমনের ব্যাপক ক্ষতি হয়েছে। তাই আমদানি করে দেশের বাজারে চালের সরবরাহ বাড়ানো না গেলে খাদ্যে ঘাটতির শঙ্কা তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে আন্তর্জাতিক বাজারে যে দরে চাল বিক্রি হচ্ছে, আমদানিতে যে শুল্ক রয়েছে এটি দিয়ে ব্যবসায়ীরা লাভ করতে পারবেন না। এ কারণে ব্যবসায়ীরা আমদানি করছেন না। তাই চাল আমদানিতে শুল্ক পুরোপুরি তুলে দেওয়া হলে ব্যবসায়ীরা আমদানিতে উৎসাহী হবেন।

আগস্টে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার কারণে আমন চাষে প্রভাব পড়ার পর থেকে খুচরা বাজারে চালের দাম বাড়তি। এ পরিস্থিতিতে বাজারে ভোক্তাদের মধ্যে স্বস্তি ফেরাতে চালের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নিতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিসি)।

আগে ছাত্র সংসদ পরে অন্য নির্বাচন : উপদেষ্টা নাহিদ ইসলাম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বুধবার পিআইবি-র এক অনুষ্ঠানে বলেছেন, ছাত্রদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেয়া হচ্ছে আমাদের সর্বপ্রথম কর্তব্য। আমি মনে করি, অন্তর্বর্তীকালীন সরকার সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করবে, যেকোনো জাতীয় বা অন্য কোন নির্বাচনের আগে। তিনি বলেন, ছাত্ররা দেশের ভালো চায় এবং দেশকে পুনর্গঠন করতে চায়, এজন্য রাজনৈতিক দলগুলোর সহায়তা তারা কামনা করছে। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররাজনীতি সংস্কার করার দাবি প্রবলভাবে উঠেছে। কিন্তু কোনো রাজনৈতিক দলই সেটি অ্যাড্রেস করছে না।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের কথা রাজনৈতিক দলগুলো যতবার বলেছে, ছাত্র সংসদ নির্বাচনের কথা তারা একবারের জন্যও বলেনি। তিনি আরও বলেন, আন্দোলনটা কিন্তু ছাত্ররা শুরু করেছিল, বিশ্ববিদ্যালয়গুলো শুরু করেছিল। ফলে বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আমাদের ভাবনা কী, রাজনৈতিক দলগুলোর ভাবনা কী; সেই কথা কিন্তু কেউ বলছে না।

বাংলাদেশ একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে : ট্রাম্প

হিন্দু সম্প্রদায়কে দীপাবলীর শুভেচ্ছা জানিয়ে গতকাল এক্স পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন-‘আমি বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটিতে দলবদ্ধভাবে তাঁদের ওপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে।’ তাঁর সময়ে এমনটা কখনো হয়নি উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘কমলা ও জো (প্রেসিডেন্ট জো বাইডেন) বিশ্বজুড়ে ও আমেরিকায় হিন্দুদের উপেক্ষা করে আসছে। …আমেরিকাকে আমরা আবার শক্তিশালী করব এবং সেই শক্তি দিয়ে আবার শান্তি ফিরিয়ে আনব!’ হিন্দু-আমেরিকানদের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প বলেছেন, ‘আমরা আপনাদের স্বাধীনতার জন্য লড়াই করব। আমার প্রশাসনের সময় আমরা ভারত ও আমার ভালো বন্ধু প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমাদের বৃহত্তর অংশীদারত্ব আরও জোরদার করব।’

চলতি ২৪’ সালের প্রথম ৯ মাসে ব্রিটিশ – আমেরিকান টোবাকো বাংলাদেশ

চলতি ‘২৪ সালের প্রথম ৯ মাসে ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশ:
সিগারেট বিক্রি থেকে আয় ৩০,৮৪৩ কোটি টাকা।
কর পরিশোধ ২৩,৯০০ কোটি টাকা।
নিট রাজস্ব ৬,৯৩৭ কোটি টাকা।
নিট মুনাফা ১,৩২২ কোটি টাকা।

বাংলাদেশে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও দলের কোনো জায়গা নেই : ড. ইউনুস

‘স্বল্প মেয়াদে হলেও নিশ্চিতভাবেই তার (শেখ হাসিনা) কোনো জায়গা নেই, আওয়ামী লীগের কোনো জায়গা নেই বাংলাদেশে।.. একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো ফ্যাসিস্ট দলের অস্তিত্ব থাকা উচিত নয়।’- যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন। ড. ইউনূসের ধারণা, আওয়ামী লীগ একটি দুর্বল ও ব্যর্থ দলে পরিণত হতে পারে। তবে তিনি গুরুত্ব দেন যে, তার অন্তর্বর্তী প্রশাসন দলটির ভাগ্য নির্ধারণ করবে না। কেননা, এটি কোনো ‘রাজনৈতিক সরকার নয়’।

সাক্ষাৎকারে মুহাম্মদ ইউনূস বলেন, তাঁর অন্তর্বর্তী সরকার এখনই ভারত থেকে শেখ হাসিনার প্রত্যার্পণ চাইবে না। পত্রিকাটি বলছে, সর্ববৃহৎ প্রতিবেশী দেশের (ভারত) সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক উত্তেজনায় উসকানি সৃষ্টিকারী মুহূর্ত এড়াতেই হয়তো এ দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়েছে।নির্বাচন প্রসঙ্গে ড. ইউনূস বলেন, ‘নির্বাচনের সময়সূচি (এখনই) টানা হবে না। আমাদের কাজ বিভিন্ন বিষয়ের নিষ্পত্তি করা ও নতুন সংস্কার এজেন্ডার বাস্তবায়ন।’