Home Blog Page 80

পাখিরা আসলে নজরদারি ড্রোন?

বিশ্ব যখন তথ্যপ্রযুক্তির উৎকর্ষ ও সোশ্যাল মিডিয়ার বিস্তারে নিমগ্ন, তখন ষড়যন্ত্র তত্ত্বগুলো হয়ে উঠেছে এক অনিবার্য সামাজিক বাস্তবতা।কেউ বিশ্বাস করে পৃথিবী সমতল, কেউ ভাবে চাঁদে মানুষ কখনও পা রাখেনি। তবে এইসব তত্ত্বের মধ্যে সবচেয়ে উদ্ভট ও সৃজনশীল বিদ্রূপের নিদর্শন হচ্ছে—“Birds Aren’t Real” বা “পাখিরা বাস্তব নয়” আন্দোলন। এই তথাকথিত ষড়যন্ত্র তত্ত্ব দাবি করে, পাখিরা আসলে ড্রোন, যাদের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার নাগরিকদের উপর নজরদারি চালায়।

‘Birds Aren’t Real’ আন্দোলনের শুরু ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরে। এক কলেজ শিক্ষার্থী পিটার ম্যাকইন্ডো (Peter McIndoe) একটি রাজনৈতিক প্রতিবাদের সময় “Birds Aren’t Real” লেখা একটি প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে যান। ঘটনাটি ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত, কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

এরপর থেকেই পিটার এই ‘আন্দোলন’কে আরও পরিপূর্ণ রূপ দেন। তৈরি করেন একটি ব্যাকস্টোরি, যে অনুযায়ী ১৯৫৯ থেকে ২০০১ সালের মধ্যে যুক্তরাষ্ট্র সরকার ১২০ বিলিয়ন পাখিকে হত্যা করে, এবং তাদের জায়গায় বসায় নজরদারি ড্রোন। এমনকি দাবি করা হয় কবুতরগুলো বৈদ্যুতিক তারে বসে “চার্জ” নেয়, আর তাদের মল আসলে ট্র্যাকিং ফ্লুইড।

এতটা হাস্যকর দাবি সত্ত্বেও ‘Birds Aren’t Real’ তরুণ প্রজন্মের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও, মিম, টি-শার্ট ও আন্দোলনের কর্মসূচি এটিকে এক নতুন রূপ দেয় যেখানে বাস্তবতা ও বিদ্রূপের সীমারেখা ধুয়ে যায়।

তত্ত্বটি আসলে কী বলছে?
এই ষড়যন্ত্র তত্ত্ব বর্ণনায় বলা হয়, ১৯৫৯ সালে সিআইএ (CIA) সিদ্ধান্ত নেয় পাখিদের হত্যা করে স্যাটেলাইট-সক্ষম ড্রোনে রূপান্তর করা হবে। এই অপারেশনের নাম ছিল “Project Water the Country.” এসব ড্রোন মানুষের কথা শুনতে পারে, ছবি তুলতে পারে, এমনকি চিনতে পারে মুখ।প্রেসিডেন্ট জন এফ কেনেডি এই প্রকল্প বন্ধ করতে চেয়েছিলেন এবং তার মৃত্যুর পেছনেও এই প্রকল্পের হাত থাকতে পারে।

এই সব তথ্যকে ঘিরে ‘Birds Aren’t Real’ আন্দোলনের প্রচারণা চলে, কিন্তু এর প্রত্যেকটি উপাদানই বিদ্রূপে মোড়ানো এবং উদ্দেশ্যহীন উদ্ভাবন।তত্ত্বটির উদ্দেশ্য কখনই মানুষকে বিভ্রান্ত করা নয় বরং মানুষ কিভাবে নির্বিচারে ষড়যন্ত্র বিশ্বাস করে, তা মজার ছলে তুলে ধরা।

পিটার ম্যাকইন্ডো ও তার সহযোগীরা পরবর্তীতে একাধিক সাক্ষাৎকারে বলেন এই আন্দোলন একটি “performance art” এবং “mass coping mechanism”। তারা বোঝাতে চেয়েছেন, আধুনিক দুনিয়ায় মানুষ যখন প্রতিনিয়ত ভুয়া খবর, বিভ্রান্তিকর তথ্য ও ষড়যন্ত্রমূলক চিন্তার শিকার হচ্ছে, তখন এমন একটি সম্পূর্ণ উদ্ভট তত্ত্বের মাধ্যমে এই প্রবণতাকে ব্যঙ্গ করা যায়। ‘Birds Aren’t Real’ একটি প্রতিবাদ—ষড়যন্ত্র তত্ত্ব-নির্ভর সংস্কৃতির বিরুদ্ধে, সেই সমাজের বিরুদ্ধে যেখানে যাচাই না করে বিশ্বাস করাই যেন নিয়মে পরিণত হয়েছে।

এই আন্দোলনের সবচেয়ে বড় অনুরাগী হলো Gen Z ও মিলেনিয়াল প্রজন্ম। এই প্রজন্মের মধ্যে মিম সংস্কৃতি, ইন্টারনেট-ভিত্তিক প্রতিবাদ, ও বিদ্রূপাত্মক ভাষায় মত প্রকাশের প্রবণতা অনেক বেশি। তাই “Birds Aren’t Real” তাদের কাছে শুধু একটি মজা নয়, বরং একটি সচেতন বার্তা—তথ্য যাচাই করো, অন্ধভাবে বিশ্বাস কোরো না।

‘Birds Aren’t Real’ প্রাথমিকভাবে শুনলে যেমন হাস্যকর মনে হয়, তার ভিতরে লুকিয়ে রয়েছে সমাজের গম্ভীর বাস্তবতা। এই আন্দোলন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায়, কিভাবে একবিংশ শতাব্দীর মানুষ তথ্যের অতিরিক্ত প্রবাহে বিভ্রান্ত হয়ে পড়ে। পাখিরা বাস্তব নয়, এই বাক্যটি সত্য না হলেও এই বাক্যের পেছনে যে বার্তাটি লুকিয়ে আছে, তা অবশ্যই বাস্তব, গভীর, এবং সময়োপযোগী।

আদা’র যত গুণ –

আমাদের রান্নাঘরে প্রতিদিন ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উপাদান আদা। শুধু খাবারের স্বাদ বাড়াতেই নয়, এটি স্বাস্থ্য রক্ষার দিক থেকেও অত্যন্ত কার্যকর। আদা একটি প্রাকৃতিক ঔষধি উপাদান, যা বহু শতাব্দী ধরে বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে।

আদায় রয়েছে আয়রন, ক্যালসিয়াম, আয়োডিন, ক্লোরিন ও বিভিন্ন ভিটামিন, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে যাদের হজমের সমস্যা, অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা আছে, তাদের জন্য আদা এক আশীর্বাদস্বরূপ। এতে থাকা জিঞ্জেরল নামক উপাদান পাচক এনজাইম সক্রিয় করে হজম প্রক্রিয়া সহজ করে তোলে। খাবার খাওয়ার ১০ মিনিট পর এক কাপ আদার রস পান করলে অ্যাসিডিটি ও বুক জ্বালাপোড়ার সমস্যা কমে যায়।

আদা বমি বমি ভাব ও সকালের অসুস্থতার লক্ষণ কমাতে সাহায্য করে। গর্ভবতী নারীদের জন্য এটি একটি প্রাকৃতিক সহায়ক হিসেবে কাজ করতে পারে।এছাড়া এটি জয়েন্টের ব্যথা ও ফোলাভাব কমাতেও উপকারী। আদার অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য পিরিয়ডের ব্যথা ও খিঁচুনি প্রশমনে কার্যকর।

আদা খাওয়ার সঠিক উপায় জানা থাকলে এর উপকারিতা আরও বেশি পাওয়া সম্ভব। অনেকে চায়ে আদা মিশিয়ে খান, তবে বেশি উপকার পেতে আদার পানি খাওয়া উত্তম। এক গ্লাস পানিতে কুঁচি করা আদা ফুটিয়ে তা ছেঁকে প্রতিদিন পান করলে দেহের অভ্যন্তরীণ ভারসাম্য বজায় থাকে এবং সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। প্রাকৃতিক এই উপাদানটি নিয়মিত খাদ্যাভ্যাসে অন্তর্ভুক্ত করলে অনেক জটিল সমস্যা থেকে সহজেই মুক্ত থাকা সম্ভব।

দ্য ইকোনমিস্টের নিবন্ধ : মিয়ানমারে যে কৌশলে জান্তা ও বিদ্রোহী উভয়ের লাগাম চীনের হাতে

চার বছর আগে এক সামরিক অভ্যুত্থানে মিয়ানমারে সামরিক জান্তা ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে গণতন্ত্রের জন্য সংগ্রামকে বিশৃঙ্খল ও সহিংস হয়ে উঠতে দেখেছে পশ্চিমা দেশগুলো। কিন্তু বেশির ভাগ দেশই মুখ ফিরিয়ে নিয়েছে। আর এই শূন্যস্থান পূরণ করেছে চীন। দেশটি মিয়ানমারের জান্তা সরকার এবং সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে কাজ করে নিজেদের উদ্দেশ্য হাসিল করছে।

মিয়ানমারে চীনের বিভিন্ন স্বার্থ আছে। এর মধ্যে রয়েছে ২ হাজার ১০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখা এবং পশ্চিমা প্রভাব নাকচ করা। এ ছাড়া, রামরি দ্বীপ থেকে উত্তর-পূর্ব দিকে ২ হাজার ৫০০ কিলোমিটার দীর্ঘ তেল-গ্যাস পাইপলাইনের সুরক্ষা নিশ্চিত করাও তাদের অন্যতম লক্ষ্য। এই পাইপলাইনটি মিয়ানমার হয়ে চীনের দক্ষিণ-পশ্চিমে ইউনান প্রদেশের রাজধানী কুনমিং পর্যন্ত চলে গেছে।

এই পাইপলাইন চীনের মোট তেল-গ্যাস আমদানির একটি ছোট অংশ বহন করে। তবে এই পাইপলাইনের ফলে তেল-গ্যাসবাহী নৌযানগুলোকে মালাক্কা প্রণালি এবং ইন্দোনেশিয়ান দ্বীপপুঞ্জের সংকীর্ণ পথ পাড়ি দিয়ে চীনের পূর্বাঞ্চলের সমুদ্র বন্দরগুলোতে পৌঁছাতে হয় না। যদি কখনো চীন-আমেরিকার যুদ্ধ হয়, তাহলে এই পাইপলাইন চীনা অর্থনীতির গুরুত্বপূর্ণ লাইফলাইন হয়ে উঠবে।

এই পাইপলাইন মিয়ানমারের গৃহযুদ্ধের প্রতিচ্ছবিও বটে। এই পাইপলাইন যে পথ ধরে গেছে, সেসব এলাকার কোনো অংশই সংঘাত থেকে রেহাই পায়নি। তবুও এটি প্রায় সম্পূর্ণ অক্ষত রয়ে গেছে। এই অক্ষত রয়ে যাওয়ার বিষয়টি সহিংস, দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতিতে চীনের চতুর কূটনীতিক সক্ষমতার প্রমাণ।

রামরি দ্বীপে আসা চীনা ভাড়াটে সেনারা রামরি দ্বীপের মূল ভূখণ্ড রাখাইন রাজ্যের নিয়ন্ত্রক বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে (এএ) জান্তা সরকারের বিরুদ্ধে লড়তে সাহায্য করতে আসেনি। চীনের লক্ষ্য হলো ভারত মহাসাগরে তাদের বিনিয়োগ রক্ষা করা। পাইপলাইন টার্মিনালগুলোর পাশাপাশি, কাছাকাছি একটি গভীর সমুদ্র বন্দর তৈরির পরিকল্পনাও রয়েছে চীনের। একটি প্রস্তাবিত রেলপথ দিয়ে এই বন্দরকে চীনের সঙ্গে সংযুক্ত করা হবে।

আসলে মিয়ানমারের জান্তা সরকার এবং রাখাইন রাজ্যের আরাকান আর্মি উভয়ই চীনা ভাড়াটে সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছে। জান্তা সরকার মিয়ানমারে বিদেশি সৈন্যদের উপস্থিতিকে বৈধতা দিতে একটি আইন পাশ করেছে। তবে আরাকান আর্মির অনুমোদন কম আনুষ্ঠানিক। তাদের আলোচনার বিষয়ে অবগত এক ব্যক্তি বলেছেন, ‘অবশ্যই, তাদের একপ্রকার রাজি হতেই হয়েছে।’ কারণ, বর্তমান মিয়ানমারে কোনো সশস্ত্র গোষ্ঠীই চীনকে এড়িয়ে যাওয়ার সাহস করতে পারবে না।

তাৎমাদাওয়ের সঙ্গে চীনের শক্তিশালী সম্পর্ক এবং রাখাইনে তাদের বিনিয়োগ থাকলেও চীন দীর্ঘদিন ধরে আরাকান আর্মির সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখেছে। আরাকান আর্মি চীনকে আশ্বস্ত করেছে যে, তারা চীনা বিনিয়োগ সমর্থন করে। গোষ্ঠীটি পাইপলাইনের কাছাকাছি ভারী অস্ত্র ব্যবহার করা থেকে বিরত ছিল। এমনকি জান্তাবাহিনীর হাত থেকে পাইপলাইনের পাম্পিং স্টেশনগুলো দখল করার সময়ও এর ক্ষতি করেনি। তারা তেল-গ্যাস নিরবচ্ছিন্নভাবে প্রবাহিত হতে দিয়েছে।

রাখাইন রাজ্য থেকে চীনা তেল-গ্যাসের পাইপলাইনটি আরাকান পর্বতমালা অতিক্রম করে এক শুষ্ক অঞ্চলে প্রবেশ করেছে। এই শুষ্ক সমভূমি মিয়ানমারের সংখ্যাগরিষ্ঠ বামার জনগোষ্ঠীর মূল কেন্দ্র। কয়েক দশক ধরে তাৎমাদাও এই অঞ্চলের তরুণদের ব্যাপকহারে বাহিনীতে নিয়োগ দিয়েছে। স্বাধীনতার পর দেশটির সীমান্ত এলাকা একের পর এক সংঘাতে জর্জরিত হলেও, এই সমভূমিতে অন্তত বিগত ৫০ বছর ধরে খুব বেশি অশান্তি ছিল না।

তবে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর পরিস্থিতি বদলে যায়। জান্তাবাহিনী যখন তাদের শাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদকে গুলি করে দমন করে, তখন এই সমভূমি অঞ্চলের তরুণেরাও অস্ত্র হাতে তুলে নেয়। তারা প্রতিরোধ ইউনিট গঠন করে এবং সেনাবাহিনীর ওপর অতর্কিত হামলা শুরু করে।

সময়ের সঙ্গে এই গোষ্ঠীগুলোর বড় একটি অংশ একসঙ্গে কাজ শুরু করে। এসব গোষ্ঠীর বেশির ভাগ স্বাধীন হলেও কিছু দল সামরিক শাসনবিরোধী এবং বিদেশে বা জাতিগত বিদ্রোহীদের সুরক্ষায় থাকা নির্বাচিত আইনপ্রণেতাদের সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) প্রতি আনুগত্য ঘোষণা করে।

শুরুতে প্রতিরোধে যোগ দেওয়া অনেক গোষ্ঠীই জান্তার পাশাপাশি চীনের প্রতি বিরূপ ছিল। অনেকেই ধরে নিয়েছিল যে, চীনের সমর্থনের কারণেই অভ্যুত্থান ঘটাতে পেরেছে জান্তা। কারণ ১৯৮৮-২০১১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা পূর্ববর্তী সামরিক সরকারকেও চীন সমর্থন দিয়েছিল। তাই এই সংঘাতের প্রথম দিকে চীনা পাইপলাইন বিদ্রোহীদের লক্ষ্যবস্তুর তালিকায় শীর্ষে ছিল।

কিন্তু জাতীয় ঐক্যের সরকার বা এনইউজি তাদের থামতে নির্দেশ দেয়। এই সরকারের ভয় ছিল যে, পাইপলাইনে হামলা হলে মিয়ানমারের বৈধ সরকার হিসেবে চীন এবং বিশ্বের কাছে তাদের পরিচিতি লাভের প্রচেষ্টা ভেস্তে যাবে।

কিছুদিন আগে, নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিরোধ কমান্ডার দ্য ইকোনমিস্টকে জানান, পাইপলাইনে হামলা না করার জন্য এখন তাদের আর বলে দিতে হয় না। তিনি বলেন, এটি তাদের স্বার্থের পরিপন্থী। চীন সীমান্ত এলাকায় তাদের প্রক্সিদের মাধ্যমে অস্ত্র ও গোলাবারুদ—এবং মাঝে মাঝে ভারী সামরিক সরঞ্জাম—সরবরাহ নিয়ন্ত্রণ করে। যখন প্রতিরোধ বাহিনী চীনকে ক্ষুব্ধ করে, তখন সরবরাহ বন্ধ হয়ে যায়, কখনো কখনো কয়েক মাসের জন্য।

মান্দালয়ের কাছে পাইপলাইনটি শুষ্ক সমভূমি অঞ্চল থেকে শান পাহাড়ের দিকে উঠে গেছে। শান রাজ্যে চীনা পাইপলাইনের বেশির ভাগ অংশ এখন বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে পরিণত। ২০২৩ সালে এই রাজ্যের সীমান্তবর্তী মানব পাচার ও অনলাইন প্রতারণা কেন্দ্রগুলো বন্ধ করার জন্য চীনের বারবার অনুরোধ সত্ত্বেও জান্তা সরকার এই কেন্দ্রগুলো বন্ধ করতে পারেনি বা চায়নি।

বিশ্লেষকদের মতে, চীন বিরক্ত হয়ে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সকে সীমান্ত শহর লাউকাং দখল করে স্ক্যাম সেন্টারগুলো সাফ করার অনুমতি দেয়। এই জোটটি আরাকান আর্মিসহ আরও দুটি জাতিগত বিদ্রোহী গোষ্ঠী নিয়ে গঠিত। ২০২৩ সালের ২৭ অক্টোবর পরিচালিত অপারেশন ১০২৭ (তারিখের নামে নামকরণ করা) ব্রাদারহুড গোষ্ঠীগুলোকে মিয়ানমারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদ্রোহী শক্তিতে পরিণত করে।

বিদ্রোহীরা লাউকাং দখলের পর চীন দ্রুত গোষ্ঠীগুলোকে যুদ্ধবিরতি মেনে নিতে চাপ দেয়। কিন্তু একবার যা শুরু হয়েছিল, তা আর থামানো যায়নি। ২০২৪ সালের জুনে ব্রাদারহুড যুদ্ধবিরতি ভঙ্গ করে। কয়েক সপ্তাহের মধ্যে এই জোটের একটি গোষ্ঠী শান রাজ্যের পূর্বাঞ্চলে অবস্থিত ১ লাখ জনসংখ্যার শহর লাশিও দখল করে নেয়। এটি মিয়ানমারের ইতিহাসে কোনো জাতিগত সশস্ত্র গোষ্ঠীর হাতে পড়া সবচেয়ে বড় শহর। ব্রাদারহুডের তৃতীয় সদস্য মান্দালয়ের দিকে যাত্রা শুরু করে।

এই ঘটনাগুলোতে চীন অসন্তুষ্ট হয়। মিয়ানমারের যেকোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে কাজ করতে ইচ্ছুক হলেও, ব্রাদারহুডের অগ্রগতির কারণে জান্তা ভেঙে পড়তে পারে এবং বিদ্রোহের দাবানল এমনভাবে ছড়িয়ে পড়তে পারে যা তারা নেভাতে পারবে না—এমন আশঙ্কায় চীন উদ্বিগ্ন হয়ে পড়ে। মিয়ানমারের জাতীয়তাবাদীদের হতবাক করে দিয়ে চীনা কূটনীতিকেরা লাশিও শহরে জান্তার ফিরে আসার তত্ত্বাবধান করেন। তবে নতুন ফ্রন্টলাইনে যুদ্ধ অব্যাহত রয়েছে। এখন বেসামরিকেরা এই পাইপলাইনের কাছাকাছি আশ্রয় নেয়। কারণ তারা জানে, এটি এমন কিছু যা থেকে উভয় পক্ষই দূরে থাকতে চায়।

ভবিষ্যতের যেকোনো হুমকি এড়াতে চীন মিয়ানমারে বন্দুকধারী যে কারও সঙ্গে কাজ করে। জান্তা ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তারা সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে তারা পরোক্ষভাবে হলেও গণতন্ত্রপন্থী প্রতিরোধ গোষ্ঠীগুলোর সঙ্গেও কাজ করেছে তাদের স্বার্থ রক্ষায়। এই পদ্ধতি চীনকে মিয়ানমারের গৃহযুদ্ধের এই ভয়াবহ নাটকে সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়ে পরিণত করেছে।

২০২১ সালের অভ্যুত্থানের পরের দিনগুলোতে মিয়ানমারের গণতন্ত্রপন্থী বিদ্রোহীরা পশ্চিমা সহায়তার জন্য চীনের সঙ্গে সুসম্পর্ক ত্যাগ করতে প্রস্তুত ছিল। এটি দেশটির ভূ-রাজনৈতিক অভিমুখে একটি নাটকীয় পরিবর্তন আনতে পারত। কিন্তু যুদ্ধ চলতে থাকলে পশ্চিমা সহায়তার প্রতিশ্রুতি অপূর্ণই থেকে যায় এবং এই গোষ্ঠীগুলোও চীনের দিকে তাকাতে শুরু করে।

২০২৪ সালের জানুয়ারিতে এনইউজি (জাতীয় ঐক্য সরকার) চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে দশ-দফা নীতি প্রকাশ করে, যেখানে তারা মিয়ানমারে চীনের স্বার্থ, যেমন পাইপলাইনে বিনিয়োগ সম্মান করার প্রতিশ্রুতি দেয়। মিয়ানমার যে-ই শাসন করুক না কেন, তার বড় ভাই চীন নজর রাখছে।

গাজা অভিমুখী জাহাজে বিশ্বখ্যাত পরিবেশকর্মী ‘গ্রেটা থুনবার্গ’

গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে ম্যাডলিন নামের এক ত্রাণবাহী জাহাজে করে গতকাল রোববার সিসিলি দ্বীপ থেকে গাজার উদ্দেশে রওনা হয়েছেন পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। তিনি। তাঁর যাত্রায় সঙ্গী হয়েছেন জনপ্রিয় টিভি সিরিজ গেম অব থ্রোনস-এর অভিনেতা লিয়াম কানিংহামসহ ১১ জন। এই যাত্রার উদ্দেশ্য শুধু সাহায্য পৌঁছানো নয়, গাজায় চলমান মানবিক বিপর্যয় সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বাড়ানো।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, এক বিবৃতিতে ২২ বছর বয়সী থুনবার্গ বলেছেন, ‘বিশ্ব মূক দর্শক হয়ে থাকতে পারে না। আমরা যে নীরবতা ও নিষ্ক্রিয়তা দেখছি, তা মারাত্মক। ২০ লাখ মানুষকে পরিকল্পিতভাবে অনাহারে রাখা হচ্ছে। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনিদের স্বাধীনতার লড়াইয়ে শামিল হওয়া প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব।’

কোনো ধরনের বাধা না এলে ৭ দিনের মধ্যে গাজায় পৌঁছানোর আশা করছেন তাঁরা। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, গাজা উপকূল কঠোরভাবে ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন। অতীত অভিজ্ঞতা অনুযায়ী, তারা সমুদ্রপথে প্রবেশকারীদের ওপর কঠোর আচরণ করে থাকে।

গাজা অভিমুখে জাহাজটি পরিচালনা করছে ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ নামের একটি আন্তর্জাতিক সংগঠন, যারা এর আগেও মে মাসের শুরুর দিকে গাজামুখী একটি জাহাজ পাঠিয়েছিল। ‘কনসায়েন্স’ নামের সেই জাহাজটি মাল্টার উপকূলে আন্তর্জাতিক পানিসীমায় পৌঁছালে দুটি সন্দেহজনক ড্রোনের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়। সংগঠনটির দাবি, ওই হামলার জন্য ইসরায়েল দায়ী।

বিশ্লেষকদের মতে, এই সমুদ্রপথে বেসামরিক কর্মীদের এমন ‘প্রতীকী প্রতিরোধ’ আন্তর্জাতিক মনোযোগ কাড়বে এবং গাজার পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করতে পারে। তবে এ অভিযানের পরিণতি কী—তা নির্ভর করছে ইসরায়েলের প্রতিক্রিয়ার ওপর।

সুইডেনে টিনএজ জলবায়ু আন্দোলনের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পওয়া গ্রেটা থুনবার্গ যাত্রার আগে এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা এটা করছি কারণ যত কঠিন পরিস্থিতিই হোক না কেন, চেষ্টা করে যেতে হবে। কারণ আমরা চেষ্টা বন্ধ করলেই আমাদের মানবতা হেরে যায়। এই মিশন যতই বিপজ্জনক হোক না কেন, বিশ্ব যখন এই সরাসরি সম্প্রচারিত গণহত্যার প্রতি নীরব থাকে — সেটিই সবচেয়ে বড় বিপদ।” এই কথা বলার সময় থুনবার্গ কেঁদে ফেলেন।

অ্যাক্টিভিস্ট থিয়াগো অ্যাভিলা বলেন, “আমরা কেবল সমুদ্রপথে অবরোধ ভাঙছি না, এটি একটি বৃহত্তর কৌশলের অংশ। ভূমিপথেও অবরোধ ভাঙার উদ্যোগ চলবে।”

তিনি জানান, ‘গ্লোবাল মার্চ টু গাজা’ নামে একটি আন্তর্জাতিক আন্দোলন মধ্য জুনে মিশর থেকে রওনা দিয়ে রাফাহ সীমান্তে পৌঁছাবে, যেখানে চিকিৎসক, আইনজীবী ও গণমাধ্যমকর্মীরাও অংশ নেবেন। সেখানে তারা বিক্ষোভের মাধ্যমে ইসরায়েলের হামলা বন্ধ ও সীমান্ত খুলে দেওয়ার দাবি জানাবেন।

কিশোরী গ্রেটা থুনবার্গ এর আগে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর ডেনমার্কের কোপেনহেগেনে গাজা যুদ্ধের প্রতিবাদ করার সময় আটক হন।

পৃথিবীর কেন্দ্র থেকে উঠে আসছে স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু

পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ও তার গতিবিধি নিয়ে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণা করছেন। পৃথিবীর কেন্দ্রস্থল বা কোরকে সাধারণত সম্পূর্ণ সিল করা এবং বাইরের স্তরের সাথে কোনো উপাদানের আদান-প্রদান হয় না এমন ধারণা ছিল। কিন্তু জার্মানির গটিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণায় এই ধারণাকে চ্যালেঞ্জ জানানো হয়েছে। তারা আবিষ্কার করেছেন যে, পৃথিবীর কোর থেকে স্বর্ণসহ অন্যান্য মূল্যবান ধাতু ম্যান্টলের মধ্য দিয়ে উপরের দিকে আসছে এবং আগ্নেয়গিরির লাভার সঙ্গে পৃথিবীর পৃষ্ঠে পৌঁছাচ্ছে।

গটিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের ভূ-রসায়ন বিভাগের ড. নিলস মেসলিং ও প্রফেসর ম্যাথিয়াস উইলবল্ড নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় হাওয়াই দ্বীপের আগ্নেয়গিরির লাভা শিলায় রুথেনিয়াম (Ruthenium, Ru) নামক বিরল ধাতুর আইসোটোপ ১০০Ru এর উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এই আইসোটোপটি পৃথিবীর কোরে ম্যান্টলের তুলনায় বেশি পরিমাণে থাকে, যা প্রমাণ করে যে এই লাভা কোর-ম্যান্টল সীমান্ত থেকে উঠে এসেছে।

গবেষকরা উন্নত বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে এই সূক্ষ্ম পার্থক্যগুলি শনাক্ত করতে পেরেছেন, যা পূর্বে সম্ভব ছিল না। তাদের তথ্য অনুযায়ী, কোর থেকে উঠে আসা সুপার-হিটেড ম্যান্টল উপাদান কয়েক শত কোটি কোটি মেট্রিক টন পরিমাণে পৃথিবীর পৃষ্ঠে উঠে আসে এবং হাওয়াইয়ের মত মহাসাগরীয় দ্বীপ গঠন করে।

এই আবিষ্কার পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের উপর দীর্ঘদিনের ধারণাকে পুনর্বিবেচনার সুযোগ করে দিয়েছে। পূর্বে ধারণা করা হতো যে কোর সম্পূর্ণ সিল করা এবং বাইরের স্তরের সাথে কোনো উপাদান বিনিময় হয় না। কিন্তু এই গবেষণায় দেখা গেছে, কোর থেকে কিছু পরিমাণে ধাতু ম্যান্টলের মধ্য দিয়ে উঠে আসছে, যা পৃথিবীর অভ্যন্তরীণ গতিবিধির একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে।

এছাড়া এই তথ্য মূল্যবান ধাতুর উৎস ও তাদের ভূতাত্ত্বিক বন্টন বোঝার ক্ষেত্রে নতুন দিক নির্দেশ করছে। বিশেষ করে নবায়নযোগ্য শক্তি খাতসহ বিভিন্ন শিল্পে ব্যবহৃত স্বর্ণ ও অন্যান্য ধাতুর উৎপত্তি ও প্রাপ্যতা নিয়ে নতুন প্রশ্ন উত্থাপন করেছে।

এই আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও পৃথিবীর কোর থেকে সরাসরি স্বর্ণ উত্তোলনের সম্ভাবনা খুবই কম। কারণ পৃথিবীর ৯৯.৯৯৯% স্বর্ণ এখনও প্রায় ২,৯০০ কিলোমিটার গভীরে মানুষের নাগালের বাইরে কঠিন শিলার নিচে আটকে আছে । তবে এই গবেষণা ভবিষ্যতে কোর-ম্যান্টল বিনিময় প্রক্রিয়া ও পৃথিবীর অভ্যন্তরীণ গতিবিধি সম্পর্কে আরও গভীর গবেষণার পথ প্রশস্ত করেছে। গবেষকরা আরও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানতে চান, এই লিকেজ প্রক্রিয়াটি বর্তমান যুগে সীমাবদ্ধ নাকি ভূতকালে দীর্ঘদিন ধরে চলমান ছিল। এর মাধ্যমে পৃথিবীর অভ্যন্তরীণ বিবর্তন ও ভূতত্ত্বের নতুন ধারণা গড়ে উঠতে পারে।

গটিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণা পৃথিবীর কোর থেকে স্বর্ণ ও মূল্যবান ধাতুর আস্তে আস্তে ম্যান্টলের মধ্য দিয়ে উপরের দিকে উঠে আসার প্রমাণ দিয়েছে। এটি পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ও গতিবিধির উপর দীর্ঘদিনের ধারণাকে বদলে দিয়েছে এবং মূল্যবান ধাতুর উৎস ও বন্টন নিয়ে নতুন গবেষণার সুযোগ তৈরি করেছে। সরাসরি এই ধাতু উত্তোলনের সম্ভাবনা কম হলেও এ আবিষ্কার ভূতত্ত্ব ও ভূ-রসায়নে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

ইরানের ইতিহাসে ধর্মনিরপেক্ষতা ও আধুনিক নারীবাদী আন্দোলন

ইরানের ইতিহাস নানা রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় পরিবর্তনের সাক্ষী। প্রাচীন পারস্য সাম্রাজ্য থেকে শুরু করে আধুনিক ইরান, এই ভূখণ্ডে বহুবার শাসনব্যবস্থার আমূল পরিবর্তন ঘটেছে। ১৯২৫ সালে রেজা শাহ পাহলভি আধুনিকীকরণের নামে ধর্মনিরপেক্ষতার পথ ধরেন, কিন্তু সেই সংস্কার ছিল অনেকাংশে ‘উপরে-থেকে-নিচে’ চাপিয়ে দেওয়া, যা সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। ১৯৫৩ সালে সিআইএ-সমর্থিত অভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে অপসারণ এবং শাহের পুনঃপ্রতিষ্ঠা ইরানিদের মধ্যে পশ্চিমা হস্তক্ষেপ ও আধিপত্যবাদের বিরুদ্ধে গভীর ক্ষোভের জন্ম দেয়। এই ক্ষোভ, আধুনিকীকরণের গতি ও ধর্মীয় মূল্যবোধের সংকট ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের দিকে নিয়ে যায়, যেখানে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরান একটি ধর্মতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হয়।

ইরানে ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে সবচেয়ে প্রচলিত আপত্তি হলো এটি পশ্চিমা সাম্রাজ্যবাদের হাতিয়ার, যা ইরানিদের নিজস্ব সাংস্কৃতিক পরিচয় মুছে ফেলে পশ্চিমা মূল্যবোধ চাপিয়ে দিতে চায়। এই ধারণার শিকড় রয়েছে পাহলভি আমলের দ্রুত আধুনিকীকরণ ও পশ্চিমা হস্তক্ষেপে। জালাল আল-এ-আহমাদ তাঁর বিখ্যাত ‘ঘারবজাদেগি’ (Westoxification) তত্ত্বে বলেন, পশ্চিমা ভাবধারা ও উপাদানের ওপর অতিনির্ভরতা ইরানের আসল পরিচয়কে ক্ষয় করে দেয়। দারিউশ শায়েগানও তাঁর লেখায় পূর্ব ও পশ্চিমের দ্বৈততার কথা বলেন। ইসলামী বিপ্লবের অনেক নেতাই এই দর্শনে প্রভাবিত ছিলেন, এমনকি নির্বাসিত অবস্থায় খোমেনি পশ্চিমা সাংস্কৃতিক আধিপত্যকে মুসলিম সমাজের জন্য হুমকি বলে চিহ্নিত করেন।

ইসলামী প্রজাতন্ত্রের আদর্শিক ভিত্তি হলো ‘পূর্ব বনাম পশ্চিম’ দ্বৈততা। কিন্তু বাস্তবে ‘পশ্চিম’ বা ‘পূর্ব’ কী তা স্পষ্ট নয়। এটি কখনো নৈতিকতা, কখনো অর্থনৈতিক ব্যবস্থা, কখনো রাজনৈতিক স্বার্থ বোঝাতে ব্যবহৃত হয়। এই দ্বৈততা বাস্তবতাকে অতিসরলীকরণ করে এবং ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক বৈচিত্র্যকে আড়াল করে। ১৯৭৯ সালের বিপ্লবের পরপরই হাজার হাজার নারী বাধ্যতামূলক হিজাবের বিরুদ্ধে ছয় দিন ধরে প্রতিবাদ করেছিলেন, যা দেখায় সমাজে মতবিরোধ ও বহুত্ববাদ ছিল এবং আছে।

১৯৭৯ সালের বিপ্লবের পর আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে যে সংবিধান গৃহীত হয়, তা দ্বাদশ ইমামিয়া শিয়া মতবাদের ওপর ভিত্তি করে গড়ে ওঠে।সংবিধানের ২, ৪ ও ১২ নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে, রাষ্ট্রের সকল আইন ও নীতিমালা ইসলামী মানদণ্ডের ওপর ভিত্তি করে হবে এবং দ্বাদশ ইমামিয়া শিয়া মতবাদই হবে রাষ্ট্রধর্ম। এই কাঠামো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রচিন্তার সম্পূর্ণ বিপরীত।

ইরানে বাধ্যতামূলক হিজাব আইন নারীর স্বাধীনতা ও সমানাধিকারের প্রশ্নে একটি কেন্দ্রীয় ইস্যুতে পরিণত হয়েছে। ২০২২ সালে ‘জান, জিন্দেগি, আজাদি’ (নারী, জীবন, স্বাধীনতা) স্লোগানে নারীরা রাস্তায় নেমে আসে। শুধু অবহেলিত নারীরাই নয় বরং হিজাব পরা অনেক নারীও সমানভাবে প্রতিবাদে অংশ নেন। এই আন্দোলন ইরানিদের দীর্ঘস্থায়ী ও বহুমাত্রিক অসন্তোষের প্রতিফলন, যার মূল কারণ হচ্ছে ধর্মীয় আদর্শভিত্তিক শাসনব্যবস্থার প্রতি ক্রমবর্ধমান অসন্তোষ এবং নাগরিক অধিকার লঙ্ঘনের ধারাবাহিকতা।

ধর্মনিরপেক্ষতা মানে রাষ্ট্রের আইন ও নীতিনির্ধারণে নিরপেক্ষতা বজায় রাখা কোনো ধর্মবিশ্বাসকে বিশেষ সুবিধা না দেওয়া এবং সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা। জন লক তাঁর ‘লেটার অন টলারেশন’-এ বলেছিলেন, “ধর্ম ও রাষ্ট্রের কাজের সীমানা নির্ধারণ করা অত্যন্ত জরুরি, নইলে চিরকাল দ্বন্দ্ব চলতেই থাকবে।” কারণ কোনো জাতি কখনোই একক ধর্মীয় আইন বা তার ব্যাখ্যার ওপর সর্বসম্মত হতে পারে না; তাই নাগরিক অধিকার রক্ষায় রাষ্ট্রকে নিরপেক্ষ থাকতে হয়।

‘ধর্মনিরপেক্ষতা পশ্চিমা সাম্রাজ্যবাদের হাতিয়ার’—এই যুক্তি প্রধানত তিনটি দাবির ওপর দাঁড়িয়ে, (১) সাম্রাজ্যবাদ intrinsically ভুল; (২) ধর্মনিরপেক্ষ ইরান ধারণা পশ্চিমা সাম্রাজ্যবাদের সৃষ্টি ও তার স্বার্থরক্ষাকারী; (৩) তাই ধর্মনিরপেক্ষ ইরান প্রত্যাখ্যাত হওয়া উচিত। প্রথম দাবিটি মেনে নিলেও দ্বিতীয়টি দুর্বল, কারণ ধর্মনিরপেক্ষতার ইতিহাস শুধু ইউরোপেই সীমাবদ্ধ নয় ভারত, চীন, এমনকি ইসলামী ঐতিহ্যেও ধর্মনিরপেক্ষতার ছাপ আছে। তাছাড়া ইরানের অভ্যন্তরেও অসংখ্য মানুষ ধর্ম ও রাষ্ট্রের পৃথকীকরণের পক্ষে।

এই যুক্তি ইরানিদের নিজস্ব বিবেচনা ও আত্মনির্ধারণের সক্ষমতাকে খাটো করে দেখে, যা নিজেই এক ধরনের ঔপনিবেশিক মনোভাব। প্রকৃতপক্ষে ধর্মনিরপেক্ষতা কোনো ধর্মবিরোধী মতবাদ নয়, বরং এটি ধর্মীয় স্বাধীনতা রক্ষার পূর্বশর্ত।

ইরানে ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে ‘ঔপনিবেশিক’ যুক্তি যেমন দুর্বল, তেমনি এটি প্রকৃতপক্ষে ইরানি জনগণের বহুমাত্রিকতা, মতবৈচিত্র্য ও স্বাধীনতার আকাঙ্ক্ষাকে অস্বীকার করে। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মের প্রতি বৈরিতা নয় বরং সকল মত ও বিশ্বাসের প্রতি সমান শ্রদ্ধা ও সুযোগ নিশ্চিত করা।ইরানের বর্তমান আন্দোলন, বিশেষত ‘জান, জিন্দেগি, আজাদি’ স্লোগান, ইঙ্গিত দেয় সমাজে ধর্মনিরপেক্ষতার প্রতি সমর্থন বাড়ছে এবং এটি এখন আর কেবল পশ্চিমা ধারণা নয়, বরং ইরানিদের নিজেদের অধিকার ও মর্যাদার প্রশ্নে পরিণত হয়েছে।

পরিবেশবান্ধব নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবস্থার দিকে বাংলাদেশ

বাংলাদেশ সরকার ২০৪০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করেছে। এ লক্ষ্যে সরকার ২০২৮ সালের মধ্যেই ৩,৪০০ মেগাওয়াট পরিচ্ছন্ন শক্তি উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে। বিদ্যমান জ্বালানি সংকট, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপটে এই উদ্যোগকে দেশের বিদ্যুৎ খাতে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বর্তমানে দেশে মোট বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ প্রায় ২২,২১৫ মেগাওয়াট, যার মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদিত হচ্ছে মাত্র ১,১৮৩ মেগাওয়াট, যা মোট উৎপাদনের প্রায় ৪.৫ শতাংশ। মূলত সোলার, উইন্ড, বায়োমাস ও ক্ষুদ্র জলবিদ্যুৎ এই নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, দেশে সোলার শক্তির বিপুল সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি গাইবান্ধায় চালু হয়েছে দেশের বৃহত্তম সোলার প্রকল্প, ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তিস্তা সোলার পার্ক। অন্যদিকে কক্সবাজারে ৬০ মেগাওয়াটের প্রথম বাণিজ্যিক উইন্ড পাওয়ার প্ল্যান্টও চালু হয়েছে।

সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি (SREDA) এবং বিদ্যুৎ বিভাগের যৌথ তত্ত্বাবধানে এই রূপান্তরের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে বিদ্যুৎ গ্রিডে মাত্র ৬০০ মেগাওয়াট নবায়নযোগ্য শক্তি সংযুক্ত রয়েছে। তবে অবকাঠামোগত উন্নয়ন ও বিনিয়োগ বাড়ালে ৬,০০০ মেগাওয়াট পর্যন্ত সংযোগ সম্ভব বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

সরকার ইতোমধ্যে ২০২৫ সালের মধ্যে ৩,৭০০ মেগাওয়াট এবং ২০৪১ সালের মধ্যে নবায়নযোগ্য শক্তি থেকে আরও বড় অংশে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে সোলার হোম সিস্টেম প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত ও অফ-গ্রিড এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ চলমান রয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিশ্লেষকরা মনে করছেন এই পরিকল্পনা সফল হলে বাংলাদেশের জ্বালানি খাত আরও টেকসই ও পরিবেশবান্ধব হবে। তবে এর জন্য প্রয়োজন যথাযথ নীতি বাস্তবায়ন, আর্থিক বিনিয়োগ ও বিদ্যুৎ অবকাঠামোর আধুনিকায়ন। বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, “আমরা এখন আর শুধু উৎপাদন বাড়ানোর কথা বলছি না, আমরা চাই পরিবেশবান্ধব এবং টেকসই শক্তিতে যাওয়া। জনগণেরও এই খাতে সচেতন অংশগ্রহণ দরকার।”

উল্লেখ্য বাংলাদেশ সরকারের নবায়নযোগ্য শক্তির রূপকল্প শুধু জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নয়, বরং দীর্ঘমেয়াদে দেশকে জ্বালানি নির্ভরতা হ্রাসে সহায়ক হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মেসোআমেরিকার হারিয়ে যাওয়া সংস্কৃতি ‘ওলমেক সভ্যতা’

মেক্সিকো ও মধ্য আমেরিকার অঞ্চলে প্রায় ৩,০০০ বছর আগে জন্ম নেওয়া ওলমেক সভ্যতা আজও ইতিহাসের এক রহস্যময় অধ্যায়। এ সভ্যতার অজানা দিক তাদের সাংস্কৃতিক অবদান ও উন্নত কৌশলগত নির্মাণশৈলী নিয়ে গবেষকরা আজও বিস্মিত। অনেকেই ওলমেক সভ্যতাকে মায়া ও আজটেক সভ্যতার পূর্বসূরী হিসেবে বিবেচনা করেন, আধুনিক মধ্য আমেরিকার সাংস্কৃতিক বহু উপাদান ওলমেকদের কাছ থেকে উদ্ভূত হয়েছে।

ওলমেক সভ্যতা আনুমানিক খ্রিষ্টপূর্ব ১২০০ থেকে ৪০০ পর্যন্ত মেক্সিকোর গলফ কোস্ট এলাকার ভারী বর্ষায় ভরা নিম্নভূমিতে বিস্তার লাভ করে।প্রধান শহরগুলো যেমন স্যান লরেঞ্জো, লা ভেন্টা এবং ত্রেজো রেজো এলাকায় অবস্থিত। এই অঞ্চলটি ছিল তাদের কৃষি ও নদী পথে যোগাযোগের কেন্দ্র, যেখানে মুলো, মকক ও শস্যশিল্প বিস্তৃত ছিল।

গবেষকরা মনে করেন ওলমেকরা মূলত কৃষিকাজ ও শিকার করার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক জটিলতা তৈরি করেছিল। তাদের প্রধান ব্যবসা ছিল জলপথ ব্যবহারের মাধ্যমে অন্যান্য উপজাতি ও অঞ্চলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠা করা।

ওলমেক সভ্যতার সবচেয়ে পরিচিত ও বিস্ময়কর অবদান হলো তাদের বিশাল ও ব্যাপক পাথরের মাথার মূর্তি। এই মূর্তিগুলো অনেকটাই মানুষের মুখাকৃতি অনুকরণ করে, যেগুলোর ওজন প্রায় ১ থেকে ১১ টন পর্যন্ত ওজন ধারণ করে। প্রতিটি মাথার মূর্তি আলাদা আলাদা এবং বিভিন্ন মুখাবয়ব ও মাথার গহনা দ্বারা সজ্জিত ছিল, যা সম্ভবত তাদের রাজা বা সমাজের উচ্চ ব্যক্তিদের প্রতীক ছিল।
এই মূর্তিগুলো তৈরি করতে তারা বিপুল পরিমাণ পাথর খনন করত এবং তা নদী পথে অন্যত্র পরিবহন করত, যা তাদের প্রযুক্তিগত দক্ষতা ও সামাজিক সংগঠনের পরিচায়ক। শুধু মাথার মূর্তি নয়, ওলমেকরা পাথর খোদাই, পুতুল, মুর্তি ও মৃৎশিল্পেও পারদর্শী ছিল। তাদের শিল্পকর্মে প্রাণী, দেবতা ও পৌরাণিক চিত্রাবলী ধরা পড়েছে, যা পরবর্তী মায়া ও আজটেক সভ্যতায় ব্যাপক প্রভাব ফেলে।

গবেষণায় পাওয়া যায়, ওলমেকরা সম্ভবত প্রথম যারা বল খেলার ধারণা নিয়ে আসে। তাদের তৈরি বল খেলার মাঠের ধ্বংসাবশেষ পেয়েছেন, যেখানে দুই দল একে অপরের বিরুদ্ধে বল খেলত। এটি ছিল কেবল খেলা নয়, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানেরও অংশ।

এই বলখেলা ছিল মৃত্যুর সাথে সম্পর্কিত আধ্যাত্মিক আচার, যেখানে বিজয়ী বা পরাজিত দল আত্মার জন্য পবিত্রতা বা ত্যাগ স্বরূপে গ্রহণ করা হতো বলে ধারণা করা হয়। এই খেলাধুলার ধারণা পরে মায়া ও আজটেকদের মধ্যে বিস্তৃত হয় এবং মেক্সিকোর প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হয়ে ওঠে।

ওলমেকরা ছিলেন গভীরভাবে আধ্যাত্মিক। তাদের ধর্মীয় বিশ্বাস জৈবিক ও প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত ছিল। তারা দেবতাদের বিভিন্ন রূপে উপাসনা করত, বিশেষ করে একটি ‘জাগ্রত জগুয়ার’ দেবতার কল্পনা তাদের শিল্পকর্ম ও মূর্তিতে বারবার ফুটে উঠেছে। জগুয়ার ছবি শক্তি ও রাজার প্রতীক হিসেবে ব্যবহৃত হত।

তাদের বিশ্বাস ছিল প্রকৃতির শক্তি ও জগুয়ার দেবতার মধ্য দিয়ে জীবনের চক্র নিয়ন্ত্রণ করা হয়। ধ্যান এবং জ্যোতিষশাস্ত্র ওলমেকদের জীবনধারায় একটি বিশেষ স্থান দখল করেছিল। তারা সময় ও মহাকাশের গতি বুঝতে বিশেষজ্ঞ ছিল, যা পরবর্তীতে মায়া ক্যালেন্ডারের ভিত্তি হিসেবে কাজ করে।

ওলমেক সভ্যতার সবচেয়ে বড় রহস্য হলো তাদের ভাষা ও লিপি। যদিও কিছু খণ্ডিত পাথরে খোদাই করা লিপির নমুনা পাওয়া গেছে, তা আজও পুরোপুরি ডিকোড করা যায়নি। গবেষকরা বিশ্বাস করেন, ওলমেকরা পূর্ব-মায়া ভাষার পূর্বসূরি ভাষায় কথা বলত এবং তাদের লিপি পরবর্তীকালে মায়াদের লিপির ভিত্তি তৈরি করেছিল।

তাদের লিখিত ভাষা এখনও সঙ্কেত ও প্রতীকাকারে সীমাবদ্ধ থাকায়, প্রাচীন ওলমেক সভ্যতার ইতিহাস ও দর্শন নিয়ে অনেক প্রশ্নের উত্তর এখনো মেলেনি। তবে তারা যে অত্যন্ত সংগঠিত, জ্ঞানী ও সাংস্কৃতিক দিক থেকে উন্নত ছিল তা নিশ্চিত।

বর্তমানে ওলমেক সভ্যতা নিয়ে গবেষণা চলছেই। প্রত্নতত্ত্ববিদরা স্যান লরেঞ্জো ও লা ভেন্টা থেকে নিয়মিত নতুন নতুন তথ্য উদঘাটন করছেন।পাথরের মূর্তি, ধাতব উপকরণ ও গৃহস্থালী সামগ্রী বিশ্লেষণের মাধ্যমে সভ্যতার সামাজিক কাঠামো, আধ্যাত্মিকতা ও বাণিজ্য সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে।

তবে লিপি ও ভাষা সম্বন্ধীয় তথ্য এখনো অনেকটাই অন্ধকারে রয়েছে। আধুনিক প্রযুক্তি ডিজিটাল ইমেজিং, ৩ডি স্ক্যানিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ভবিষ্যতে এই লিপি ডিকোড করার আশা জাগছে।

ওলমেক সভ্যতা শুধু মেক্সিকো বা মধ্য আমেরিকার ইতিহাসের নয়, মানব সভ্যতার প্রাচীনতম ও রহস্যময় সংস্কৃতিগুলোর একটি। তাদের বিশাল পাথরের মাথার মূর্তি, প্রথম খেলাধুলার ধারণা, আধ্যাত্মিকতা এবং উন্নত শিল্পকলার নিদর্শন আমাদের প্রাচীন মানব সভ্যতার জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে।

অর্থনীতির মূল চ্যালেঞ্জ- মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বেসরকারি বিনিয়োগ বাড়ানো

কোভিডের অর্থবছর বাদ দিলে দেশে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি নেমেছে গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্নে। বিনিয়োগও এখন এক দশকের মধ্যে সবচেয়ে কম। টানা তিন অর্থবছর ধরে মূল্যস্ফীতি ১০ শতাংশের আশপাশে। ১৯৮৬ সালের পর দেশে কখনোই টানা তিন বছর মূল্যস্ফীতি এত বেশি ছিল না।

উচ্চ মূল্যস্ফীতিতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির তুলনায় টানা ৩৯ মাস ধরে কম, ফলে মানুষের প্রকৃত আয় কমেছে। বিনিয়োগ স্থবিরতায় কর্মসংস্থান কমে গেছে সব খাতে, বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা।

কৃষি উৎপাদনে প্রবৃদ্ধি এখন গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। এতে খাদ্যনিরাপত্তাও শঙ্কার মধ্যে। আর্থিক খাত এখনো ভঙ্গুর অবস্থায় আছে। গুরুত্বপূর্ণ কয়েকটি ব্যাংকের পরিস্থিতি নাজুক। বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ।

টানা ৩ বছর ধরে চলা অর্থনৈতিক অব্যবস্থাপনার প্রভাবের পাশাপাশি গত প্রায় এক বছরের বিনিয়োগ পরিবেশের অবনতি অর্থনীতির সংকটকে বাড়িয়ে দিয়েছে। রাজনৈতিক অনিশ্চয়তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব সন্ত্রাসের মতো ঘটনার কারণে বেসরকারি খাত এখনো আস্থাহীন। বিনিয়োগ কমে যাওয়ায় অর্থনীতির গতি মন্থর বা শ্লথ হয়ে আছে।

যদিও এসবের বিপরীতে অর্থনীতিতে কিছু ইতিবাচক লক্ষণও আছে। বর্তমান অন্তর্বর্তী সরকার উত্তরাধিকার সূত্রেই একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছিল। বৈদেশিক মুদ্রার মজুতের পতন ঠেকানো যাচ্ছিল না। ডলারের বিপরীতে ক্রমাগত মান হারাচ্ছিল টাকা। উচ্চ মূল্যস্ফীতি তো ছিলই।

সেখান থেকে সামষ্টিক অর্থনীতির কিছু সূচক অনেকটাই সংহত হয়েছে। রিজার্ভের পতন ঠেকানো গেছে। দর বেড়ে টাকার মানও এখন কিছুটা স্থিতিশীল।লেনদেনের ভারসাম্যও অনেকটা ফিরে এসেছে। সুনির্দিষ্ট তথ্য না থাকলেও মনে করা হচ্ছে বাণিজ্যের আড়ালে কমেছে অর্থ পাচারের পরিমাণ। অর্থ পাচারের চাহিদা কম বলে কমে গেছে হুন্ডির পরিমাণ। এতে বেড়েছে প্রবাসী আয়। ট্যারিফ যুদ্ধের কারণে সামনে শঙ্কা থাকলেও এখন পর্যন্ত রপ্তানি আয়ে প্রবৃদ্ধি আছে।

অর্থনীতির কিছু সূচকে স্থিতিশীলতা এলেও এর সুফল সাধারণ মানুষের জীবনে এখনো পৌঁছেনি। কারণ, মূল্যস্ফীতি কমার হার খুবই ধীর। সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হচ্ছে বিনিয়োগে স্থবিরতা। এর মধ্যে আবার সরকার নিজেই সরকারি বিনিয়োগ কমিয়ে দিয়েছে। বেসরকারি বিনিয়োগ কমেছে সুদের হার বৃদ্ধি, জ্বালানি সংকট, রাজনৈতিক অনিশ্চয়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে। অর্থনীতিবিদেরা মনে করছেন, ব্যক্তি বিনিয়োগ না বাড়লে অর্থনীতির কোনো অর্জনই টেকসই হবে না। ফলে দেশের অর্থনীতির ভবিষ্যৎ নির্ভর করে আছে বিনিয়োগের ওপরেই।

এ রকম এক পরিস্থিতিতে নতুন ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ করা হচ্ছে আজ সোমবার। সরকারের জন্য মূল চ্যালেঞ্জ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে বিনিয়োগের সব ধরনের বাধা দূর করা। এবার মোট বিনিয়োগের হার হচ্ছে জিডিপির ২৯.৩৮%। এর আগে এর তুলনায় কম বিনিয়োগের অর্থবছর ছিল ২০১৩-১৪ অর্থবছর, ২৮.৫৮%।

গত এপ্রিল মাসে বাংলাদেশের ওপর প্রকাশিত প্রতিবেদনে বিশ্বব্যাংক বলেছে — সব মিলিয়ে দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাতে কর্মসংস্থানের হার প্রায় ২ শতাংশীয় পয়েন্ট কমে গেছে। বিশ্বব্যাংকের হিসাব হচ্ছে, উচ্চ মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধি কমে যাওয়ায় এবার অতিরিক্ত ৩০ লাখ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে চলে যেতে পারে।

অর্থনীতিবিদদের মতে — এ অবস্থায় অর্থনীতির মূল চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি কমানো আর ব্যক্তি বিনিয়োগ বাড়ানো। কেবল তাহলেই অর্থনীতিতে যে স্থিতিশীলতা দেখা যাচ্ছে, তা প্রবৃদ্ধির দিকে যাবে ও সাধারণ মানুষের উপকার আনবে। বিনিয়োগ বাড়ানো ছাড়া মানুষের আয় বাড়ানোর আর কোনো বিকল্প নেই বলেই অর্থনীতিবিদেরা মনে করছেন।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এলে তবেই বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার কমাবে। বিনিয়োগ বাড়াতে হলে সুদহার কমানোর পাশাপাশি জ্বালানিসংকটের সমাধান করতে হবে। ব্যাংক খাতের পুনরুদ্ধার সম্পূর্ণ করে ঋণ পাওয়া সহজ করতে হবে। রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা দূর করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও মব সন্ত্রাস নিয়ন্ত্রণ জরুরী।

CRISPR প্রযুক্তি ব্যাবহার করে, মাকড়সার জিন থেকে লাল সিল্ক

প্রকৃতির বিস্ময়কর সৃষ্টি মাকড়সা। প্রায় ৪০০ মিলিয়ন বছর ধরে পৃথিবীতে টিকে থাকা এই প্রাণীটি বৈচিত্র্য, অভিযোজন এবং বিশেষত তাদের তৈরি সিল্কের জন্য বিজ্ঞানের কাছে রহস্য ও আগ্রহের বিষয়। মাকড়সার জাল বা সিল্কের গুণগত মান, শক্তি ও নমনীয়তা নিয়ে বহুদিন ধরেই গবেষণা চলছে।সম্প্রতি এক যুগান্তকারী সাফল্য এসেছে, জার্মানির গবেষকরা প্রথমবারের মতো CRISPR-Cas9 প্রযুক্তি ব্যবহার করে মাকড়সার জিন সম্পাদনা করেছেন। এই গবেষণার ফলে মাকড়সার সিল্কে নতুন বৈশিষ্ট্য সংযোজন এবং ভবিষ্যতে শিল্প ও চিকিৎসাক্ষেত্রে বিপ্লব ঘটানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

CRISPR-Cas9 প্রযুক্তি আধুনিক জিন সম্পাদনার ক্ষেত্রে এক যুগান্তকারী আবিষ্কার। এই প্রযুক্তি দিয়ে প্রাণীর ডিএনএ-তে নির্দিষ্ট স্থানে কাটাকাটি, সংযোজন বা অপসারণ করা যায়। ইঁদুর, মাছ, গাছ, এমনকি মানুষের কোষেও এই প্রযুক্তি ব্যবহৃত হয়েছে, কিন্তু মাকড়সার ক্ষেত্রে এতদিন কোনো গবেষণা হয়নি। অথচ মাকড়সার সিল্কের বৈশিষ্ট্য, যেমন টেনসাইল স্ট্রেংথ, নমনীয়তা, ওজনের তুলনায় শক্তি এসবই একে অনন্য করেছে।গবেষকরা মনে করেন, এই সিল্কের গুণগত মান আরও বাড়ানো বা নতুন বৈশিষ্ট্য সংযোজনের জন্য জিন সম্পাদনা অপরিহার্য।

বিশ্বের অন্যতম সেরা বায়োকেমিস্ট, ইউনিভার্সিটি অব বাইরয়থ-এর থমাস শেইবেল বলেন, “মাকড়সার সিল্কের বৈচিত্র্য ও বহুমুখী ব্যবহার সম্ভাবনার কথা বিবেচনা করলে আশ্চর্য লাগে যে এতদিন কেউ মাকড়সার জিন সম্পাদনায় CRISPR ব্যবহার করেনি।”

গবেষকরা প্রথমে সাধারণ গৃহস্থালী মাকড়সা (Parasteatoda tepidariorum) বেছে নেন। প্রাথমিকভাবে তারা একটি সহজ লক্ষ্য ঠিক করেন, মাকড়সার চোখ গঠনে গুরুত্বপূর্ণ ‘sine oculis’ জিনটি সরিয়ে ফেলা। এজন্য তারা CRISPR-Cas9 সিস্টেমকে বিশেষভাবে ডিজাইন করেন এবং অজ্ঞান করা স্ত্রী মাকড়সার পেটে ইনজেকশনের মাধ্যমে এই জিন সম্পাদনার উপাদান ঢোকান। এভাবে সম্পাদিত ডিম থেকে জন্ম নেয় চোখবিহীন মাকড়সার বাচ্চা।

প্রথম ধাপে সফলতা পাওয়ার পরে গবেষকরা পরবর্তী ধাপে যান, এবার লক্ষ্য মাকড়সার সিল্ক উৎপাদনকারী জিন। তারা স্পাইড্রোইন (spidroin) নামক প্রোটিনের জিনে একটি লাল ফ্লোরোসেন্ট প্রোটিনের জিন সংযোজন করেন। ফলস্বরূপ কিছু মাকড়সা বাচ্চা লাল ফ্লোরোসেন্ট সিল্ক তৈরি করতে সক্ষম হয়।

মাকড়সার সিল্ক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক ফাইবারগুলোর একটি। কিছু প্রজাতির সিল্কের টেনসাইল স্ট্রেংথ স্টিলের কাছাকাছি, অথচ তা অনেক হালকা ও নমনীয়। সিল্কের এই বৈশিষ্ট্য চিকিৎসা, প্রতিরক্ষা, টেক্সটাইল, এমনকি পরিবেশবান্ধব প্যাকেজিং তৈরিতে বিপ্লব ঘটাতে পারে।উদাহরণস্বরূপ অস্ত্রোপচারের সেলাই, বুলেটপ্রুফ কাপড়, উন্নত বায়োমেডিকেল ডিভাইস, এমনকি কৃত্রিম লিগামেন্ট ও টেন্ডন তৈরিতে মাকড়সার সিল্ক ব্যবহারের সম্ভাবনা রয়েছে।

তবে মাকড়সা একাকী ও আক্রমণাত্মক স্বভাবের হওয়ায় এদের খামারে চাষ করা অসম্ভব। ফলে বিজ্ঞানীরা এতদিন কৃত্রিমভাবে মাকড়সার সিল্ক উৎপাদনের চেষ্টা করেছেন, যদিও তা এখনও প্রকৃতির মতো নিখুঁত হয়নি। জিন সম্পাদনার মাধ্যমে মাকড়সার সিল্কের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য যোগ করা গেলে, কৃত্রিম উৎপাদন আরও সহজ ও কার্যকর হবে।

CRISPR-Cas9 প্রযুক্তি জীববিজ্ঞানে এক যুগান্তকারী আবিষ্কার। ইঁদুর, মাছ, গাছ, এমনকি মানুষের কোষেও এই প্রযুক্তি সফলভাবে ব্যবহৃত হয়েছে।এর মাধ্যমে জিনের নির্দিষ্ট অংশ কেটে ফেলা, পরিবর্তন বা নতুন জিন সংযোজন করা যায়। মাকড়সার ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার করে গবেষকরা দেখিয়েছেন, জিন সম্পাদনার মাধ্যমে নতুন বৈশিষ্ট্য সংযোজন সম্ভব। এটি শুধু মাকড়সার ক্ষেত্রেই নয়, ভবিষ্যতে অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলে দেবে।

গবেষণার প্রধান সাফল্য দুটি, প্রথমত মাকড়সার জিন সম্পাদনায় CRISPR প্রযুক্তি কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হয়েছে; দ্বিতীয়ত, মাকড়সার সিল্কে নতুন বৈশিষ্ট্য সংযোজন করা গেছে। গবেষকরা দেখিয়েছেন জিন সম্পাদনার মাধ্যমে মাকড়সার সিল্কে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য যোগ করা সম্ভব, যেমন লাল ফ্লোরোসেন্ট সিল্ক উৎপাদন। ভবিষ্যতে আরও শক্তিশালী, নমনীয় কিংবা জীবাণুনাশক সিল্ক তৈরি করা যেতে পারে।

জিন সম্পাদনা নিয়ে নৈতিক ও পরিবেশগত প্রশ্নও রয়েছে। মাকড়সার মতো গুরুত্বপূর্ণ প্রজাতির জিন পরিবর্তন করলে প্রকৃতিতে এর প্রভাব কী হতে পারে, তা নিয়ে সতর্ক থাকতে হবে। গবেষকরা অবশ্য বলেছেন, এই গবেষণার মাকড়সাগুলোতে বিষের কোনো পরিবর্তন হয়নি এবং তারা সাধারণ মাকড়সার মতোই আচরণ করছে। তবুও বৃহত্তর পরিসরে প্রয়োগের আগে পরিবেশগত ও নৈতিক দিকগুলো খতিয়ে দেখা জরুরি।

মাকড়সার জিন সম্পাদনার এই গবেষণা বিজ্ঞানের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। ভবিষ্যতে মাকড়সার সিল্কের গুণগত মান বাড়ানো, নতুন বৈশিষ্ট্য সংযোজন এবং শিল্প ও চিকিৎসাক্ষেত্রে বহুমুখী ব্যবহার সম্ভব হবে। কৃত্রিম সিল্ক উৎপাদন, পরিবেশবান্ধব উপকরণ, চিকিৎসা ও প্রতিরক্ষা খাতে এই প্রযুক্তি বিপ্লব ঘটাতে পারে। তবে এর নৈতিক ও পরিবেশগত দিকগুলো বিবেচনা করে এগিয়ে যাওয়াই হবে বিজ্ঞানের জন্য সবচেয়ে ইতিবাচক পথ।

মাকড়সার জিন সম্পাদনার এই গবেষণা শুধু মাকড়সার জগতে নয়, সামগ্রিকভাবে জিন প্রযুক্তি ও উপাদান বিজ্ঞানে বৈপ্লবিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে। এখন দেখার বিষয়, ভবিষ্যতে আমরা এই প্রযুক্তিকে কীভাবে কাজে লাগাতে পারি এবং এর মাধ্যমে মানবজীবন কতটা উপকৃত হতে পারে।গবেষণার নৈতিক ও পরিবেশগত দিক বিবেচনা করে, বিজ্ঞানীরা যদি সঠিকভাবে এগিয়ে যান, তাহলে এই প্রযুক্তি মানবসভ্যতার জন্য এক অনন্য আশীর্বাদ হয়ে উঠবে।