জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের গতকাল দলীয় কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজের সাথে মতবিনিময়ে বলেছেন- সাধারণ মানুষের ধারণা ছিল, ছাত্ররা রাজনীতিতে আসতে চায় না। কেউই বুঝতে পারেনি ছাত্ররা এতটাই রাজনীতিসচেতন। প্রমাণ করেছে, ছাত্ররা আমাদের চেয়ে বেশি রাজনীতি বোঝে।
তিনি বলেন, ছাত্রদের প্রধান শক্তি হচ্ছে একতা। দ্বিতীয় শক্তি হচ্ছে জনগণের আস্থা। ছাত্রদের প্রতি জনগণের আস্থা ছিল, তাঁরা দেশের জন্যই আন্দোলন করেছে। সে জন্যই ছাত্রদের ঐক্য ধরে রাখতে হবে এবং ক্ষমতা ও লোভ-লালসার বাইরে থাকতে হবে। রাজনীতির অনেক জটিল হিসাব-নিকাশের কথা উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন- আওয়ামী লীগ মাঠে নেই, কিন্তু তাদের একটি সমর্থক গোষ্ঠী আছে। আগামী নির্বাচনে তাদের একটা ভূমিকা থাকবে। দুর্ভাগ্য হচ্ছে বিএনপি ক্ষমতায় না এসেই তাদের নেতা-কর্মীরা যে অবস্থার সৃষ্টি করেছে, তা সাধারণ মানুষ পছন্দ করছে না। রংপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে বিএনপির মুখোমুখি অবস্থা। কেউ দখলবাজি শুরু করলে ছাত্ররা তার প্রতিবাদ করছে। শেষ পর্যন্ত জনগণ কার পক্ষে থাকবে, তা এখনো নিশ্চিত নয়। বর্তমানে দেশে বিশৃঙ্খলা আছে মন্তব্য করে জি এম কাদের বলেন- এটা চলতে থাকলে জনগণ এই সরকারের ওপর বিরক্ত হয়ে উঠবে। আবেগ ও জীবন দিয়ে দেশ রক্ষা করা যায়, কিন্তু দেশ চালানো যায় না। দেশ চালাতে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা দরকার হবে। এককভাবে ছাত্ররা দেশ রক্ষা করতে পেরেছে, কিন্তু এককভাবে ছাত্ররা দেশ চালাতে পারবে না।


