দেশে বর্তমানে দৈনিক গড়ে ১ হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে। বিদ্যুতের ইনস্টলড ক্যাপাসিটি ২৭ হাজার ৮০০ মেগাওয়াটের কিছু বেশি। এর মধ্যে শুধু গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা ১২ হাজার ৩০০ মেগাওয়াটের কিছু বেশি। তবে গ্যাস সংকটের কারণে চালানো যায় সর্বোচ্চ ৫ থেকে সাড়ে ৫ হাজার মেগাওয়াট, বাকি সক্ষমতা ব্যবহার করা যায় না। গত তিন মাসের বেশি সময় ধরে অপারেশনে নেই সামিটের এলএনজি টার্মিনাল। গ্রিডে গ্যাস সরবরাহ কমে গেছে দৈনিক ৬০ কোটি ঘনফুট।
অন্যদিকে জ্বালানি তেলভিত্তিক ৬ হাজার মেগাওয়াটের মতো বিদ্যুৎ কেন্দ্র থাকলেও উচ্চমূল্য ও জ্বালানি সংকটে দেড় থেকে দুই হাজার মেগাওয়াটের বেশি ব্যবহার করা হয় না। বাংলাদেশে বিদ্যুতের চাহিদা গড়ে ১৪ হাজার মেগাওয়াটের আশপাশে। ভারতের সঙ্গে আমদানি চুক্তি রয়েছে ২ হাজার ৭৬০ মেগাওয়াটের (আদানি ও জিটুজি মিলিয়ে), যা চাহিদার ২০ শতাংশের কাছাকাছি। আদানি গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে- বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি বাবদ কোম্পানিটির পাওনা বেড়েই চলেছে; এ পরিস্থিতি ব্যবসা চালানোর জন্য ‘টেকসই নয়’। বকেয়া বেড়ে যাওয়ায় বিপিডিবিকে জিটুজির আওতায় আনা বিদ্যুতের সরবরাহও কমিয়ে দিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো। কয়লাভিত্তিক বড় কেন্দ্রগুলো রয়েছে বড় আকারের জ্বালানি সংকটে। বিপুল পরিমাণ বকেয়া থাকায় জ্বালানি তেলও আমদানি করা যাচ্ছে না। এ পরিস্থিতিতে এরইমধ্যে ৫২৫ মেগাওয়াট সক্ষমতার দিনাজপুরের কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। জ্বালানি সংকটে সার উৎপাদনে গ্যাসের সরবরাহ সীমিত হচ্ছে।


