সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় অন্তর্বর্তী সরকারের এক মাসের কর্মকাণ্ডের প্রাথমিক মূল্যায়ন করেছে বিএনপি। তাতে আইন, বিচার বিভাগসহ সরকারের নেওয়া অনেক সিদ্ধান্ত ও পদক্ষেপে দলটি সন্তুষ্টি প্রকাশ করেছে। তবে নির্বাচন কমিশনসহ গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু না হওয়া এবং নির্বাচনের রোডম্যাপ (রূপরেখা) না আসায় দলটি অসন্তুষ্ট।
প্রশাসনের উচ্চ পদে রদবদলে কোনো কোনো উপদেষ্টার কার্যক্রম নিয়ে তাদের প্রশ্ন আছে। বিএনপি মনে করছে, বিগত সরকারের সহযোগী ও আশীর্বাদপুষ্টদের গুরুত্বপূর্ণ পদে রাখা হচ্ছে বা নিয়োগ পাচ্ছেন। ৮ সেপ্টেম্বর সাতক্ষীরায় সমাবেশে তারেক রহমান বলেন- যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটাধিকার, জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফার পক্ষে জনমত গড়ে তুলতে শিগগিরই কর্মসূচি শুরুর বিষয়ে আলোচনা হয়। বিএনপি সমমনা রাজনৈতিক দলগুলোকেও মাঠে সক্রিয় করবে। ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় বড় জমায়েত করার লক্ষ্য নির্ধারণ করেছে বিএনপি। সভায় ঢাকার বাইরে সফরের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সার্বিক নিরাপত্তা দিতে পুলিশ সদর দপ্তর থেকে জেলা প্রশাসকদের কাছে দেওয়া চিঠি নিয়ে আলোচনা হয়। সভায় সামনের দিনে জামায়াত কী ভূমিকায় অবতীর্ণ হয়, তা পর্যবেক্ষণে রেখে রাজনৈতিক কৌশল নির্ধারণ করার ওপর জোর দিয়েছেন কেউ কেউ।


