‘যদি সাংবিধানিক পথে যাত্রা ভুল হয়ে থাকে, তাহলে সেটা এই আন্দোলনে থাকা সবার ভুল।’ মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।বৃহস্পতিবার রাজধানীর বাংলা একাডেমিতে ‘গণতন্ত্রের অভিযাত্রা: আসন্ন চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ আলোচনা সভায় উপদেষ্টা আসিফ নজরুল এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর দেশ কীভাবে সাংবিধানিক পথে গেল, তার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘সাংবিধানিক পথে কারা গিয়েছিল? প্রথম যে মিটিংটা ছিল, গেলাম … যখন, দেখি বাংলাদেশের সকল রাজনৈতিক দল সেখানে, কেবল আওয়ামী লীগ আর তার দোসররা ছাড়া। … ওনারা সবাই মিলে সাংবিধানিক পথে যাত্রা শুরু করেছে।’ তারপর আরও আলোচনা হয়েছে, সেখানে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরাও উপস্থিত ছিলেন উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ‘এই যে পুরো আলোচনা প্রক্রিয়ায় কেউ তো তখন বলেন নাই যে আমরা কেন শপথ নেব, সাংবিধানিক পথে যাব, চলেন বিপ্লবী সরকার গঠন করি?’ সাংবিধানিক পথে যাওয়া দোষের ব্যাপার নয় উল্লেখ করে আসিফ নজরুল বলেন, তখন এমন একটা পরিস্থিতি ছিল যে খুব সময় নিয়ে সুচিন্তিতভাবে চিন্তা করার মতো পরিবেশ ছিল না। আর যদি সাংবিধানিক পথে যাত্রা ভুল হয়ে থাকে, তাহলে সেটা এই আন্দোলনে থাকা সবার ভুল। কেউ কেউ বলেন কেন শহীদ মিনারে শপথ নিলাম না, কেন বিপ্লবী সরকার হলো না, কেন সাংবিধানিক পথে গেলাম-এসব উল্লেখ করে আসিফ নজরুল বলেন – তাঁদের কেউ কেউ এই ছাত্র আন্দোলনকে ‘সাজানো আন্দোলন’ বলে মন্তব্য করেছিলেন। ‘ওই সময় এত বড় আন্দোলনকে যদি বুঝতে তারা ভুল করতে পারে, তাহলে বিপ্লবী সরকার হওয়া উচিত-তাদের এই চিন্তাও যে ভুল না, সেটা কীভাবে নিশ্চিত হব?’


