গত বুধবার ব্যতিক্রমী এক নির্বাহী আদেশ জারির মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোসলের সময় শাওয়ার থেকে পানি ব্যবহারে আরোপিত সীমা বাতিল করেছেন। ওবামা ও বাইডেন প্রশাসনের সময় এই নিয়মগুলো কার্যকর ছিল, যার উদ্দেশ্য ছিল পানি সাশ্রয় ও সংরক্ষণ। ট্রাম্পের নতুন আদেশে শাওয়ারহেডে পানির প্রবাহ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। আগে প্রতি মিনিটে ২.৫ গ্যালন পানি ব্যবহারের সীমা থাকলেও, এখন একাধিক নজলের মাধ্যমে এর পরিমাণ ১০ গ্যালন পর্যন্ত হতে পারবে। হোয়াইট হাউসের ওভাল অফিসে এই নির্বাহী আদেশ জারির সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমার ক্ষেত্রে আমি সুন্দরভাবে গোসল করতে চাই। আমার দারুণ চুলগুলোর যত্ন নিতে চাই। কিন্তু চুল ভেজার জন্য আমাকে পানির নিচে ১৫ মিনিট অপেক্ষা করতে হয়। পানি পড়ে ফোঁটায় ফোঁটায়। এটা হাস্যকর।’
হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, ট্রাম্প চান ‘আমেরিকার শাওয়ারগুলো আবারও মহান হোক।’ বিবৃতিতে হোয়াইট হাউস আরও বলেছে, প্রেসিডেন্ট এই আদেশের মাধ্যমে পরিবেশবাদী অতিরিক্ত বিধিনিষেধের খড়গ থেকে আমেরিকানদের মুক্তি দিলেন। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত পানি ব্যবহার শুধু খরচই বাড়ায় না, বরং জলবায়ু সংকটের ঝুঁকিও বাড়ায়। তবে ট্রাম্প প্রশাসন বলছে, এ নিয়ম সাধারণ নাগরিকদের জীবনযাত্রায় স্বস্তি আনবে।


