তরুণ প্রজন্মের মধ্যে মেন্টাল হেলথের চাহিদা ও সংকট বেড়েই চলেছে। মডার্ন লাইফের চাপ, প্রতিযোগিতামূলক একাডেমিক পরিবেশ, কর্মসংস্থান নিয়ে উদ্বেগ এবং সামাজিক বিচ্ছিন্নতা, প্রায় সকলকেই নিত্য নতুন মানসিক সমস্যায় ফেলছে। চীনে মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণে এখনো সামাজিক নানা ধরণের দুঃখজনক বুলি’র ধারণা প্রচলিত, যা অনেককেই প্রয়োজনীয় সহায়তা নিতে বাধাগ্রস্ত করছে। এই প্রেক্ষাপটে Al থেরাপি তরুণদের জন্য একটি নতুন ও কার্যকর সলিউশন হিসেবে আবির্ভূত হয়েছে। এই Al থেরাপি মূলত মানসিক স্বাস্থ্য সহায়তা দেওয়ার জন্য ডিজাইন করা প্রযুক্তি, যেটি ব্যবহারকারীদের সাথে কথোপকথনের মাধ্যমে তাদের সমস্যা নির্ধারণ ও উপযুক্ত পরামর্শ দিতে পারে। এটি সাধারণত চ্যাটবট বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমেই পরিচালিত হয়।
চীনে Heartland নামক বিশেষ Al মানসিক স্বাস্থ্য রোবট তৈরি হয়েছে, যেটি বিশেষত শিক্ষার্থীদের মানসিক বিকাশে সাহায্য করছে।এটি উষ্ণ ও বন্ধুসুলভকথোপকথনের মাধ্যমে ব্যবহারকারীদের সাথে সম্পর্ক গড়ে তোলে এবং ধাপে ধাপে মানসিক সমাধান প্রদান করে।Heartland-এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করতে পারে এবং রোবটটি তাদের আবেগগত পরিবর্তন বিশ্লেষণ করে মানসিক প্রশিক্ষণের জন্য উপযুক্ত গাইডলাইন দেয়।
অন্যদিকে ‘DeepSeek’ Al প্ল্যাটফর্মের জনপ্রিয়তাও সেখানে এখন তুঙ্গে। প্ল্যাটফর্মটি ২৪/৭মানসিক সেবা প্রদান করে ও ব্যবহারকারীদের একান্ত গোপনীয়তা বজায় রেখে নানা ব্যক্তিগত সমস্যার সমাধান বাতলে দিতে পারে। DeepSeek-এর অন্যতম বৈশিষ্ট্য হলো এটি দ্রুত ব্যবহারকারীর কথোপকথন বিশ্লেষণ করে তাদের মানসিক অবস্থা নির্ণয় করে এবং উপযুক্ত পরামর্শও প্রদান করে। এটি অনেকের জন্য সহজলভ্য ও স্বস্তিদায়ক মূলত একটি ভার্চুয়াল কাউন্সেলিং সেবা হিসেবে কাজ করছে। কেন তরুণরা Al নির্ভর থেরাপির প্রতি আকৃষ্ট? চীনের তরুণরা Al নির্ভর থেরাপির প্রতি আকৃষ্ট হওয়ার প্রধান কয়েকটি কারণ হলো সুলভতা ও সহজলভ্যতা। পেশাদার মনোবিজ্ঞানীদের কাছে পরামর্শ নেওয়া ব্যয়বহুল হতে পারে। কিন্তু Al থেরাপি তুলনামূলকভাবে কম খরচে এবং সহজেই পাওয়া যায়।
অনেকেই তাদের মানসিক সমস্যার বিষয়ে অন্যদের সাথে আলোচনা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। Al নির্ভর থেরাপি এই ক্ষেত্রে সবরকম ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে। তাছাড়া ২৪/৭ অ্যাক্সেস পাওয়া Al থেরাপি যে কোনো সময় ও স্থানে ব্যবহার করা যায়। যেটি বিশেষত ব্যস্ত শিক্ষার্থী ও কর্মজীবীদের জন্য উপকারী। যদিও Al নির্ভর মানসিক স্বাস্থ্যসেবা তরুণদের জন্য একটি কার্যকর সমাধান হিসেবে আবির্ভূত হয়েছে, তবে এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। আমরা ধারণা করতেই পারি যে Al চ্যাটবট বা ভার্চুয়াল কাউন্সেলর সাময়িকভাবে মানসিক স্বস্তি প্রদান করতে পারলেও এটি কোনোভাবেই স্থায়ী সমাধান নয়।
একজন মনোবিজ্ঞানীর সংবেদনশীলতা ও সহানুভূতির সাথে Al প্রযুক্তির ফারাক আছেই। Al নির্ভর থেরাপি ব্যবহারকারীদের আবেগগত পরিবর্তন বিশ্লেষণ করতে সক্ষম হলেও এটি গভীর মানসিক সমস্যার সমাধান দিতে সক্ষম না। ফলে দীর্ঘমেয়াদী মানসিক স্বাস্থ্যের জন্য পেশাদার পরামর্শদাতার সহায়তা নেওয়া অবশ্যই প্রয়োজন। Heartland ও DeepSeek-এর মতো প্ল্যাটফর্ম তরুণদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এই প্রযুক্তির যে অনেক সীমাবদ্ধতা রয়েছে, সেটি আর বলার অপেক্ষা রাখে না।তবে এটি মানসিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হিসেবেও বিবেচিত হচ্ছে। ভবিষ্যতে উন্নত Al প্রযুক্তি ও মানবিক সংবেদনশীলতার সমন্বয়ে মেন্টাল হেলথ কেয়ারের আরও কার্যকর পদ্ধতি তৈরি হতে পারে।


