ধরুন একটা বিশাল, কংক্রিটে মোড়ানো ফাঁকা শহুরে ব্লকের ভেতর দিয়ে আপনি একা হাঁটছেন। চারপাশে অদ্ভুত নীরবতা, দেয়ালগুলো ধূসর, জানালাগুলো নেই, মানুষের মুখ নেই শুধু এক ঘোর লাগা স্থবিরতা। এই অভিজ্ঞতাকে মনোবিজ্ঞানীরা বলেন visceral bleakness, আর স্থাপত্যবিদরা একে বলেন The Suicidal Aesthetic, অর্থাৎ এমন ডিজাইনের নকশা যা মানুষের বেঁচে থাকার ইচ্ছাকে হ্রাস করতে পারে।
Brutalism শব্দটি এসেছে ফরাসি “béton brut” থেকে, যার অর্থ “raw concrete”। ১৯৫০-৭০ দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ইউরোপে এবং আমেরিকায় এই ধারার স্থাপত্য জনপ্রিয় হয়ে ওঠে। সরল, কংক্রিটভিত্তিক, জানালাবিহীন, ভারী এবং একরকম নির্দয় এসব ভবনের নকশা মূলত গঠনগত বাস্তবতা ও খরচ বাঁচানোর ভাবনায় তৈরি হয়েছিল।
কিন্তু এর প্রভাব পড়েছিল মানুষের অনুভবের উপরও। বহু গবেষণায় দেখা যায়, ব্রুটালিস্ট স্থাপনাগুলোতে যারা বাস বা কাজ করে, তারা প্রায়ই বিচ্ছিন্নতা, নির্জনতা, হতাশা এবং কখনো কখনো আত্মহত্যার প্রবণতা অনুভব করে। লন্ডনের Thamesmead Estate বা বোস্টনের Government Center এই ভবনগুলো মানসিকভাবে ভারী ও দমবন্ধ করা বলে অভিযোগ রয়েছে।
এমনকি মনোবিজ্ঞানী Colin Ellard বলেন, “আমাদের মস্তিষ্ক প্রাকৃতিক দৃশ্য ও উষ্ণ নকশার প্রতি টান অনুভব করে। কংক্রিটের একঘেয়ে নির্লিপ্ততা আমাদের limbic system কে নিস্তেজ করে তোলে।” ফলাফলে দেখা যায় আত্মিক নিঃসঙ্গতা।
আরেকটি আধুনিক শহুরে নকশার নিঃশব্দ ট্র্যাজেডি হলো Dead Malls, অর্থাৎ বন্ধ হয়ে যাওয়া শপিং মলগুলো। ১৯৮০-৯০-এর দশকে যেসব মল ছিলো আনন্দ, বিনোদন ও পুঁজির কেন্দ্র, তা এখন ধ্বংসস্তূপে পরিণত। আলোহীন করিডোর, পরিত্যক্ত দোকানঘর, নষ্ট এস্কেলেটর এই সবের মধ্য দিয়ে হাঁটলে যেন এক মৃত সমাজব্যবস্থার ভাঙা কাঠামোতে ঢুকে পড়া যায়।
Dead malls-এর ভিজ্যুয়াল এস্থেটিক অনেক সময় post-apocalyptic বা পরমানবিক একাকিত্বের প্রতিনিধিত্ব করে। এসব জায়গা এমনকি ইউটিউব বা টিকটকে “liminal horror” কনটেন্টের জন্ম দিয়েছে যেখানে এইসব ফাঁকা জায়গার ভয়াবহতা উঠে আসে।
রঙ, স্থান, আলো, ও স্থাপত্যশৈলী আমাদের মানসিক অবস্থার উপর সরাসরি প্রভাব ফেলে। হাসপাতাল বা স্কুলের ডিজাইন উষ্ণ ও বন্ধুসুলভ হলে রোগী বা শিক্ষার্থী ভালো সাড়া দেয়। কিন্তু যদি নকশা এমন হয় যা মানবিক যোগাযোগকে প্রতিরোধ করে, নিঃসঙ্গতা বাড়িয়ে তোলে, তাহলে তা হয়ে পড়ে আত্মঘাতী। যাকে বলা হয় design-induced depression।
এ বিষয়ে অধ্যাপক Sarah Williams Goldhagen বলেন, “Architecture is not just backdrop. It’s a cognitive force.” মানুষ যখন প্রতিনিয়ত শীতল, নির্জীব, রোবোটিক পরিবেশে থাকে, তখন তার মাঝে সৃষ্টি হয় urban alienation—একা হয়ে যাওয়ার এক গভীর মানসিক অবস্থা।
কিন্তু, কেন এমন নকশা তৈরি হয়?
এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। ব্রুটালিজম যেমন তৈরি হয়েছিল দ্রুত শহর গড়ে তোলার বাস্তবতা থেকে, তেমনি শপিং মল ছিল পুঁজিবাদের এক প্রতীক। দুই ক্ষেত্রেই মূল চালিকা ছিলো efficiency, not empathy। মানুষের অনুভবের জায়গা অনেকসময় অর্থনৈতিক যুক্তিতে হারিয়ে যায়। আধুনিক ডিজাইনের ক্ষেত্রে এই ‘suicidal aesthetics’ যেন এক অদৃশ্য দানব, যা মনোবিজ্ঞানের পরিবর্তে ব্যালান্স শিট দেখে কাজ করে।
এই আত্মহননের নকশা থেকে মুক্তির পথ হলো human-centric design। নকশা যেটা মানসিক স্বাচ্ছন্দ্য, পরিবেশ-সামঞ্জস্য, সামাজিক সংযোগ এবং ভিজ্যুয়াল উষ্ণতার দিকে নজর দেয়। মারিনা তাবাসসুমের কাজ বাংলাদেশে আলো, বাতাস, পানি ও স্থানীয় উপাদান ব্যবহার করে একধরনের ‘নরম আধুনিকতা’ তৈরি করছেন, যা নান্দনিকতার সাথে মানুষের অনুভূতিকে সংযুক্ত করে।
বহু মনোবিজ্ঞানী এবং নিউরো-আর্কিটেক্ট গবেষকরা আজ বলেন, ডিজাইনের মধ্য দিয়ে যে মনো-উত্তেজনা বা ক্লান্তি আসে, তা নিছক অভিজ্ঞতামূলক নয় এটি পরিমাপযোগ্য, চাক্ষুষ স্টিমুলির প্রতিক্রিয়া হিসেবেও ধরা পড়ে। দৃষ্টিকোণহীন ঘর, রঙহীন পটভূমি এবং নির্জীব প্যাটার্নগুলো ডোপামিন ক্ষরণে ব্যাঘাত ঘটায়। আনন্দ, কৌতূহল বা আত্মিক সক্রিয়তার হ্রাস ঘটে। আমাদের চোখ ও মস্তিষ্ক এমন রূপ ও আলো-ছায়ার প্রতি সাড়া দেয় যা ছন্দময়, প্রাকৃতিক এবং আন্তরিক। কিন্তু ব্রুটালিস্ট ডিজাইনের কঠোর রেখা বা dead mall–এর মতো শূন্যতায় পূর্ণ স্থান মস্তিষ্কের সেই স্বাভাবিক সাড়া দেয়ার ক্ষমতাকে দুর্বল করে। ফলে দেখা দেয় হতাশা, বিষণ্নতা এবং স্থায়ী মানসিক ক্লান্তি।
এখানে একটি গুরুত্বপূর্ণ নৈতিক প্রশ্নও উঠে আসে, স্থপতিদের কি মানসিক স্বাস্থ্য বিবেচনায় নেয়ার দায়িত্ব থাকা উচিত নয়? আমরা যেভাবে রাস্তার নিরাপত্তা বা খাদ্যের মান নিয়ে নীতিমালা তৈরি করি, তেমনি কেন নকশার মানসিক প্রভাব নিয়ে কোনো নীতিশৃঙ্খলা নেই? নরওয়ে, ডেনমার্ক বা জাপানে কিছু শহর এখন এই ধারণায় কাজ শুরু করেছে যেখানে design for wellbeing ধারণাকে সামনে রেখে পার্ক, বাসস্থান ও পাবলিক স্পেস পরিকল্পনা করা হচ্ছে। এই ধারণা আরও প্রসারিত হওয়া উচিত, বিশেষ করে সেই শহরগুলোতে যেখানে নান্দনিকতার চেয়ে ব্যয়-সংকোচনই এখনো ডিজাইনের চালিকা শক্তি।
দুর্ভাগ্যজনক হলেও সত্য যে ডিজাইন একসময় আধুনিকতার প্রতীক ছিল আজ তা বিষণ্নতার রূপক হয়ে উঠেছে। কিন্তু এর বিপরীতে জন্ম নিচ্ছে এক নতুন চেতনা, reclamation aesthetics। অনেক তরুণ স্থপতি এখন স্থানিক উষ্ণতা ও মানুষের গল্পকে ফিরিয়ে আনতে পুরনো পরিত্যক্ত ভবন পুনঃনির্মাণ করছেন।
যুক্তরাষ্ট্রের কয়েকটি dead mall এখন কমিউনিটি আর্ট স্পেস বা লাইব্রেরি হিসেবে রূপান্তরিত হচ্ছে। বাংলাদেশেও কিছু তরুণ স্থপতি পুরনো বাড়িকে টেকসই বসবাসযোগ্য স্থানে রূপান্তর করছেন যেখানে আধুনিকতা মানেই ধূসরতা নয়, বরং প্রাণবন্ত শৈলী।স্থাপত্য নিছক ইট-পাথরের বিষয় নয়, এটি মনস্তত্ত্বেরও ভাষা। কিছু ডিজাইন আমাদের বেঁচে থাকার ইচ্ছাকে সক্রিয় করে, আবার কিছু নকশা যেন ধীরে ধীরে আমাদের নিঃশেষ করে দেয়। দৃষ্টিশক্তিকে ক্লান্ত করে, মস্তিষ্ককে নিঃসঙ্গ করে, হৃদয়কে শূন্য করে তোলে।


