দক্ষিণ কোরিয়ার অন্যতম জনপ্রিয় গার্ল ব্যান্ড নিউজিনস তাদের ম্যানেজমেন্ট কোম্পানি হাইব কর্পোরেশনের সাথে বড় ধরনের দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। তারা তাদের প্রযোজক মিন হি-জিনকে পুনরায় নির্বাহী পদে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। বিরোধ শুরু হয় মিনকে ঘিরে যিনি হাইবের অধীনস্থ একটা কোম্পানি Ador এর প্রধান এবং নিউজিনসের সাফল্যের মূল কারিগর। ব্যবসা দখলের ষড়যন্ত্রের অভিযোগে সম্প্রতি মিনকে তার নির্বাহী পদ থেকে সরিয়ে দেওয়া হয়, যেটা ব্যান্ডের পাঁচ সদস্য ভালোভাবে নেয় নি। তবে ব্যান্ডের সদস্যদের চূড়ান্ত দাবির মুখেও হাইব তাকে পুনরায় নিয়োগ দিতে অস্বীকার করেছে, যা নিউজিনসকে খুবই নাজুক একটি অবস্থায় ফেলে দিয়েছে।
নিউজিনসের মতো কে-পপ ব্যান্ডগুলো হাইবের মত ট্যালেন্ট এজেন্সীগুলোর সৃষ্টি, যারা অডিশনের মাধ্যমে প্রতিভাবানদের খুঁজে বের করে, কঠোর প্রশিক্ষণ দেয় এবং একটা ব্যান্ডের চেহারা দেয়। ভক্তরা কে-পপ ব্যান্ডের সদস্যদের জীবন ভীষণ চমকপ্রদ আর আরামদায়ক মনে করেন। ভুল। কে-পপ তারকাদের সময়সূচী কঠোর রিহার্সাল, পারফরমেন্স এবং মিডিয়া উপস্থিতিতে ব্যস্ত। ব্যক্তিগত জীবনের উপরও কঠোর নিয়ন্ত্রণ রাখা হয়, যেমন রোমান্টিক সম্পর্কের উপর নিষেধাজ্ঞা, যাতে ভক্তদের আকর্ষণ ধরে রাখা যায়। কে-পপের সবচেয়ে বড় ব্যান্ড বিটিএস তাদের মানসিক চাপ সম্পর্কে কথা বলেছে। কাজের শারীরিক-মানসিক চাপ তাদেরকে অনির্দিষ্টকালের জন্য বিরতিতে যেতে বাধ্য করেছে।
মাত্র দুই বছরের ক্যারিয়ারেই কে-পপ জগতে নিউজিনস’র প্রভাব ব্যাপক। আন্তর্জাতিক কে-পপ ভক্তদের মধ্যে নিউজিনস শক্তিশালী অবস্থান তৈরি করেছে। ব্যান্ডের পাঁচ সদস্য-ড্যানিয়েল, হেরিন, হানি, হেইন এবং মিনজি-খ্যাতির শীর্ষে পৌঁছেছে খুব দ্রুত। সম্প্রতি তাদেরকে ক্যালভিন ক্লাইনের “ফেস” হিসেবে ঘোষনা দেয়া হয়। তবে হাইবের সাথে চলমান দ্বন্দ্বের কারণে তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত, কারণ তারা হয় তাদের দাবি থেকে পিছিয়ে আসবে, নয়তো তাদের সাফল্যে এনে দেয়া কোম্পানি থেকে আলাদা হয়ে যাবে।
হাইবের অভিযোগ, মিন হি-জিন বাইরের বিনিয়োগকারীদের নিয়ে একটি প্রতিদ্বন্দ্বী কোম্পানি তৈরির ষড়যন্ত্র করছিলেন। মিন এই অভিযোগ অস্বীকার করেছেন, বলেছেন যে হাইবের অধীনস্থ আরেকটি কে-পপ দল নিউজিন্সের স্টাইল কপি করছে এই অভিযোগ করার পর কোম্পানি তার বিরুদ্ধে অবস্থান নেয়। হাইব মিনকে প্রযোজক হিসেবে কাজ চালিয়ে যেতে দিচ্ছে তবে তার নির্বাহী পদে ফিরিয়ে আনতে অস্বীকার করেছে।ব্যান্ডটি চাইলে তাদের চুক্তি থেকে মুক্তি পেতে পারে, যার মেয়াদ এখনও পাঁচ বছর বাকি। তবে তার জন্য তাদের খরচ হবে ৫০০ বিলিয়ন ওন (প্রায় ২৮৪ মিলিয়ন পাউন্ড), যা তরুণ তারকাদের জন্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।


