প্রযুক্তি কেবল আমাদের বাহ্যিক জীবনকে রূপান্তর করছে না, এটি এখন মানুষের অন্তর্গত ক্ষমতাকে ছুঁয়ে যাচ্ছে, যেখানে চিন্তা, স্মৃতি, সিদ্ধান্ত ও স্নায়বিক কার্যকলাপও প্রযুক্তির সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে। এই রূপান্তরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ উদাহরণ হতে পারে Neuralink, এলন মাস্ক প্রতিষ্ঠিত এক নিউরোটেকনোলজি কোম্পানি, যারা সরাসরি মানুষের মস্তিষ্কে চিপ বসিয়ে মানব–কম্পিউটার ইন্টারফেস (BCI) তৈরির পথে এগোচ্ছে।২০২৫ সালের জুলাইয়ে প্রতিষ্ঠানটি ঘোষণা করে যে তারা ইতিমধ্যে নবম ব্যক্তির মস্তিষ্কে চিপ ইমপ্লান্ট করেছে। এটি শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং মানব-চেতনা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সীমারেখা ঘোলাটে করে দিচ্ছে।
Neuralink-এর এই চিপের প্রকৃত উদ্দেশ্য হলো মস্তিষ্কের নিউরনের বৈদ্যুতিক সংকেত ধারণ, বিশ্লেষণ ও প্রক্রিয়াকরণ করা। এই চিপটির মূল বৈশিষ্ট্য এটি একটি ছোট ও পাতলা ইলেকট্রোডযুক্ত ডিভাইস, যেটি মস্তিষ্কের কর্টেক্সে ইমপ্লান্ট করা হয়। চিপটি মস্তিষ্কের নিউরনাল অ্যাক্টিভিটি সংগ্রহ করে এবং সেই সংকেত একটি বাহ্যিক কম্পিউটারে পাঠায়। পরবর্তী ধাপে, AI-নির্ভর সফটওয়্যার সেই সংকেতকে ইনপুট হিসেবে গ্রহণ করে এবং ব্যবহারকারীর চিন্তার সঙ্গে মিল রেখে নির্দেশ তৈরি করে। যেমন—স্ক্রিনে মাউস চালানো, টাইপ করা, বা একটি রোবট পরিচালনা করা।
এই প্রযুক্তি সর্বপ্রথম যাদের জন্য পরিবর্তনের প্রতিশ্রুতি আনে, তারা হলো শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা। যারা স্পাইনাল কর্ড ইনজুরির কারণে চলাফেরা করতে পারেন না। ALS বা পক্ষাঘাতের শিকার হয়ে জীবনযাপনে সীমাবদ্ধ ও কথা বলতে বা হাত ব্যবহার করতে অক্ষম। তাদের জন্য এই চিপ হতে পারে একটি স্বাধীনতার হাতিয়ার, কারণ এটি চিন্তা দিয়ে ডিভাইস চালানোকে সম্ভব করে তোলে। Neuralink বলছে, এই চিপ “যেন মনে যা আসে, তাই প্রযুক্তির মাধ্যমে প্রকাশ করার পথ করে দেবে”।
Neuralink-এর এই অগ্রগতি যেমন প্রশংসাযোগ্য, তেমনি প্রশ্নবিদ্ধও। প্রযুক্তিগত দিক ছাড়াও এটির রয়েছে কিছু গভীর নৈতিক ও মানবিক দিক।মস্তিষ্কে চিপ বসানো কতটা নিরাপদ? দীর্ঘমেয়াদে কি এটি স্নায়বিক ক্ষতি করতে পারে? ব্যবহারকারীর চিন্তা যদি বাইরের সফটওয়্যারের মাধ্যমে পড়া যায়, তবে গোপনীয়তা কোথায় থাকবে? ভবিষ্যতে যদি এই প্রযুক্তি শুধুই চিকিৎসার বাইরে গিয়ে সামরিক, রাজনৈতিক বা কর্পোরেট উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তখন কী হবে? এই প্রশ্নগুলো এখনই গবেষণা, আইন ও সমাজবিজ্ঞানের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।
বর্তমানে FDA-এর অনুমোদিত পরীক্ষামূলক ধাপে Neuralink মানবদেহে ইমপ্লান্ট শুরু করেছে। প্রথম ব্যবহারকারী একটি আংশিক পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি, যিনি চিপ ব্যবহার করে স্ক্রিনে টাইপ করতে সক্ষম হয়েছেন। প্রতিষ্ঠানটি বলছে, তারা ভবিষ্যতে আরও উন্নত চিপ নিয়ে আসবে যেগুলো স্মৃতিকে সংরক্ষণ ও পুনরায় স্মরণ করাতে পারবে। দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে সাহায্য করতে পারে ও এমনকি মানুষের মস্তিষ্কে কৃত্রিম ইন্টেলিজেন্স সংযোগ ঘটিয়ে তাকে সুপারহিউম্যান ক্ষমতা প্রদান করতে পারে
Neuralink যেন এমন এক ক্ষেত্র যেখানে বিজ্ঞান, প্রযুক্তি ও সায়েন্স ফিকশন একে অপরের সীমানা মুছে দিচ্ছে। যা একসময় “The Matrix” বা “Black Mirror”-এ দেখা যেত, আজ তা মেডিকেল ট্রায়ালের বাস্তবতায় রূপ নিচ্ছে। এই প্রকল্প আমাদের সামনে এক নতুন যুগের দিগন্ত উন্মোচন করছে যেখানে মস্তিষ্কের চিন্তা একদিন হয়ে উঠতে পারে ইন্টারফেস, অস্ত্র, শিল্প, বা এমনকি রাজনৈতিক শক্তির রূপ। ভবিষ্যত আমাদের কতটুকু প্রস্তুত দেখতে চায়, তারই পরীক্ষার নাম হতে পারে Neuralink।


