মনোবিজ্ঞানের ইতিহাসে বেশ কিছু যুগান্তকারী গবেষণা রয়েছে যা মানুষের আচরণ এবং মানসিক প্রক্রিয়া সম্পর্কে আমাদের ধারণাকে নতুন পথে চালিত করেছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি গবেষণা হলো ‘বোবো ডল পরীক্ষা’ (Bobo Doll Experiment), এটি বিখ্যাত মনোবিজ্ঞানী আলবার্ট বান্দুরা (Albert Bandura) ১৯৬১ সালে পরিচালনা করেন। এই পরীক্ষাটি মূলত Social Learning Theory একটি শক্তিশালী প্রমাণ উপস্থাপন করে এবং শিশুদের আগ্রাসী আচরণ বিকাশে পরিবেশ ও পর্যবেক্ষণের ভূমিকার উপর আলোকপাত করে।
বান্দুরা বিশ্বাস করতেন শিশুরা কেবল প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমেই শেখে না, বরং অন্যদের পর্যবেক্ষণ এবং অনুকরণ করার মাধ্যমেও জ্ঞান ও আচরণ অর্জন করে। এই ধারণাটি তৎকালীন আচরণবাদী (Behaviorist) তত্ত্বের মূল ধারণার বিপরীত ছিল, যেখানে মনে করা হতো আচরণ মূলত পুরস্কার ও শাস্তির ফলস্বরূপ গঠিত হয়। বান্দুরার বোবো ডল পরীক্ষার মূল উদ্দেশ্য ছিল যাচাই করা যে শিশুরা প্রাপ্তবয়স্কদের আগ্রাসী আচরণ পর্যবেক্ষণ করে তা অনুকরণ করে কিনা এবং যদি করে তবে এর প্রক্রিয়া কী।
এই গবেষণায় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ৭২ জন শিশুকে (ছেলে ও মেয়ে উভয়েই) অন্তর্ভুক্ত করা হয়, যাদের বয়স ৩ থেকে ৬ বছরের মধ্যে ছিল।
শিশুদের তিনটি দলে ভাগ করা হয়:
Aggressive Model Group : এই দলের শিশুরা একজন প্রাপ্তবয়স্ককে (পুরুষ বা মহিলা) একটি বোবো ডলের (একটি বায়ুপূর্ণ পুতুল) সাথে আগ্রাসী আচরণ করতে দেখে। প্রাপ্তবয়স্ক মডেলটি পুতুলটিকে লাথি মারতে, ঘুষি মারতে এবং খেলনা হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকে এবং বিভিন্ন আগ্রাসী মন্তব্য করতে থাকে।
Non-Aggressive Model Group : এই দলের শিশুরা একজন প্রাপ্তবয়স্ককে বোবো ডলের সাথে শান্ত ও বন্ধুত্বপূর্ণ আচরণ করতে দেখে। মডেলটি পুতুলের সাথে খেলে কিন্তু কোনো প্রকার আগ্রাসী কার্যকলাপ প্রদর্শন করে না।
Control Group : এই দলের শিশুরা কোনো মডেলকে বোবো ডলের সাথে কোনো রকম আচরণ করতে দেখেনি।
পরীক্ষার প্রথম পর্যায়ে প্রতিটি শিশুকে তাদের নির্দিষ্ট মডেলের সাথে ১০ মিনিটের জন্য একটি খেলার ঘরে রাখা হয়। দ্বিতীয় পর্যায়ে শিশুদের অন্য একটি ঘরে নিয়ে যাওয়া হয় যেখানে আকর্ষণীয় কিছু খেলনা ছিল, কিন্তু গবেষকরা খুব দ্রুতই তাদের সেই খেলনাগুলো থেকে বঞ্চিত করেন। এর ফলে শিশুদের মধ্যে এক ধরনের হতাশা (Frustration) সৃষ্টি করা হয়, যা তাদের আগ্রাসী প্রবণতাকে উস্কে দিতে পারে বলে ধারণা করা হয়।
তৃতীয় এবং চূড়ান্ত পর্যায়ে, প্রতিটি শিশুকে একটি ঘরে একা রাখা হয় যেখানে একটি বোবো ডল, খেলনা হাতুড়ি এবং অন্যান্য খেলনা ছিল। গবেষকরা লুকানো ক্যামেরা এবং একমুখী আয়নার মাধ্যমে শিশুদের আচরণ পর্যবেক্ষণ করতে থাকেন। তারা মূলত শিশুদের বোবো ডলের প্রতি আগ্রাসী আচরণ, মডেলের আগ্রাসী মন্তব্যগুলোর পুনরাবৃত্তি এবং নতুন কোনো আগ্রাসী কার্যকলাপ প্রদর্শন করছে কিনা তা লক্ষ্য করেন।
গবেষণার ফলাফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। দেখা যায় আগ্রাসী মডেল দলের শিশুরা অ-আগ্রাসী মডেল দলের এবং নিয়ন্ত্রণ দলের শিশুদের তুলনায় বোবো ডলের প্রতি উল্লেখযোগ্যভাবে বেশি আগ্রাসী আচরণ প্রদর্শন করেছে। তারা মডেলের দেখানো লাথি মারা, ঘুষি মারা এবং হাতুড়ি দিয়ে আঘাত করার মতো আচরণগুলো অনুকরণ করেছে। এমনকি অনেক শিশু মডেলের ব্যবহৃত আগ্রাসী মন্তব্যগুলোও পুনরাবৃত্তি করেছে।
অন্যদিকে অ-আগ্রাসী মডেল দলের শিশুরা বোবো ডলের প্রতি খুব কম আগ্রাসী আচরণ দেখিয়েছে এবং নিয়ন্ত্রণ দলের শিশুদের মধ্যেও আগ্রাসী আচরণের প্রবণতা তুলনামূলকভাবে কম ছিল। বিশেষভাবে উল্লেখযোগ্য যে ছেলেরা মেয়েদের তুলনায় শারীরিক আগ্রাসন বেশি দেখিয়েছে, বিশেষ করে যখন তারা পুরুষ মডেলের আগ্রাসী আচরণ পর্যবেক্ষণ করেছিল।
বোবো ডল পরীক্ষা বান্দুরার সামাজিক শিক্ষা তত্ত্বের একটি শক্তিশালী সমর্থন জোগায়। এই তত্ত্ব অনুযায়ী, শিশুরা অন্যদের পর্যবেক্ষণ করে এবং তাদের আচরণের পরিণতি দেখে শেখে। যদি শিশুরা কোনো আগ্রাসী আচরণকারীকে পুরস্কৃত হতে দেখে, যেমন অন্যদের উপর আধিপত্য বিস্তার করতে দেখে, তবে তারা সেই আচরণটি অনুকরণ করার সম্ভাবনা বেশি থাকে।
এই পরীক্ষায় শিশুরা যেহেতু প্রাপ্তবয়স্ক মডেলকে কোনো প্রকার শাস্তির সম্মুখীন হতে দেখেনি, বরং তাদের আগ্রাসী আচরণ প্রদর্শনের পরেই তাদের সরিয়ে নেওয়া হয়েছে, তাই শিশুরা সেই আচরণটিকে গ্রহণযোগ্য বা অন্ততপক্ষে ক্ষতিকর নয় বলে ধরে নেয় এবং তা অনুকরণ করে।
বান্দুরা আরও উল্লেখ করেন যে সামাজিক শিক্ষা প্রক্রিয়ায় কিছু প্রধান উপাদান কাজ করে। শিশুরা সেইসব মডেলের প্রতি বেশি মনোযোগ দেয় যাদের তারা আকর্ষণীয়, ক্ষমতাশালী বা নিজেদের মতো মনে করে। তারা মডেলের আচরণকে স্মৃতিতে ধরে রাখে, যা পরবর্তীতে সেই আচরণটি পুনরাবৃত্তি করতে সাহায্য করে। একইসাথে পূর্বে দেখা আচরণটি শারীরিক ও মানসিকভাবে পুনরায় করার চেষ্টা করে।
বোবো ডল পরীক্ষার ফলাফল মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এটি স্পষ্টভাবে দেখায় শিশুদের পারিপার্শ্বিক পরিবেশ এবং তারা যা দেখে ও শেখে, তা তাদের আচরণ এবং মানসিক বিকাশে কতটা শক্তিশালী ভূমিকা রাখে।
শিশুরা তাদের পরিবারের সদস্যদের আচরণ গভীরভাবে পর্যবেক্ষণ করে। যদি পরিবারের সদস্যরা আগ্রাসী হন বা মারামারি-ঝগড়ার মধ্যে লিপ্ত থাকেন, তবে শিশুরা সেই আচরণকে স্বাভাবিক এবং অনুকরণযোগ্য বলে মনে করতে পারে। টেলিভিশন, সিনেমা, ভিডিও গেমস এবং অন্যান্য গণমাধ্যমে প্রচারিত সহিংসতা শিশুদের আগ্রাসী আচরণকে প্রভাবিত করতে পারে। তারা যখন পর্দায় কোনো চরিত্রকে সহিংস কার্যকলাপের মাধ্যমে সফলতা অর্জন করতে দেখে, তখন তারা সেই আচরণ অনুকরণ করার সম্ভাবনা অনুভব করতে পারে।
স্কুলে বুলিং এবং অন্যান্য প্রকার আগ্রাসী আচরণ শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যারা আগ্রাসনের শিকার হয় তারা যেমন মানসিক কষ্টে ভোগে, তেমনি যারা আগ্রাসী আচরণ দেখে তারাও প্রভাবিত হতে পারে।
বোবো ডল পরীক্ষা সামাজিক শিক্ষা তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করলেও এর কিছু সীমাবদ্ধতা এবং সমালোচনা রয়েছে। সমালোচকদের মধ্যে কেউ কেউ মনে করেন যে পরীক্ষাগারের কৃত্রিম পরিবেশে শিশুদের আচরণ পর্যবেক্ষণ বাস্তব জীবনের পরিস্থিতিকে পুরোপুরি প্রতিফলিত করে না।বোবো ডল একটি নির্জীব বস্তু হওয়ায় এর প্রতি আগ্রাসী আচরণ দেখানো স্বাভাবিক খেলার অংশ হতে পারে এবং এটিকে সরাসরি মানুষের প্রতি আগ্রাসনের সাথে তুলনা করা হয়তো ঠিক নয়।
এই গবেষণার সবচেয়ে বড় নৈতিক বিতর্কটি হলো এর মাধ্যমে শিশুদের মধ্যে ইচ্ছাকৃতভাবে আগ্রাসী আচরণ প্ররোচিত করা হয়েছিল। যদিও গবেষকরা শিশুদের কোনো দীর্ঘমেয়াদী ক্ষতি হয়নি বলে দাবি করেন, তবুও এটি প্রশ্ন তোলে একটি গবেষণার ফলাফল পাওয়ার জন্য শিশুদের আচরণকে নেতিবাচকভাবে প্রভাবিত করা কতটা নৈতিক। এই বিতর্কের ফলস্বরূপ, পরবর্তীতে শিশুদের নিয়ে গবেষণার ক্ষেত্রে কঠোর নৈতিক নীতিমালা প্রণয়ন করা হয়, যাতে তাদের নিরাপত্তা ও সুস্থ মানসিক বিকাশ নিশ্চিত করা যায়।
বোবো ডল পরীক্ষার প্রায় ছয় দশক পরেও এর ফলাফল আধুনিক মনোবিজ্ঞানের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। বর্তমানে সাইবার বুলিং, অনলাইন গেমিং-এ সহিংসতা এবং সামাজিক মাধ্যমে নেতিবাচক মডেলের প্রভাব নিয়ে যে গবেষণাগুলো হচ্ছে, তার মূল ভিত্তি এই পরীক্ষাটি। এটি আমাদেরকে মনে করিয়ে দেয় শিশুদের ক্ষেত্রে আচরণ কেবল জিনগত বা জৈবিক কারণে প্রভাবিত হয় না, বরং সামাজিক পরিবেশ এবং পর্যবেক্ষণের মাধ্যমেও গঠিত হয়।
বান্দুরার এই কাজ সামাজিক শিক্ষা তত্ত্বকে কেবল মনোবিজ্ঞানের একটি শাখা হিসেবে সীমাবদ্ধ রাখেনি, বরং এটিকে সমাজবিজ্ঞান, অপরাধ বিজ্ঞান এবং শিক্ষাবিজ্ঞানের মতো অন্যান্য ক্ষেত্রেও প্রসারিত করেছে। এটি দেখিয়েছে আচরণ পরিবর্তনের জন্য কেবল শাস্তিমূলক ব্যবস্থা বা পুরস্কার যথেষ্ট নয়, বরং ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন এবং সমাজের মধ্যে সুস্থ আচরণের প্রচলন করাও জরুরি।


