২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে চীন তার জাতীয় শিক্ষানীতিতে এক যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে। বিশ্বের বিস্ময়কর গতি ও পরিসরে প্রযুক্তির বিকাশের প্রেক্ষাপটে চীন প্রথম দেশ হিসেবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) শিক্ষাকে বাধ্যতামূলক করছে। এমনকি ছয় বছর বয়সী শিশুরাও AI সম্পর্কে প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমের অংশ হিসেবে পাঠ গ্রহণ করবে। এই নতুন শিক্ষানীতি শুধু প্রযুক্তি শিক্ষা নয় চীনের ভবিষ্যৎ কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন। কৃত্রিম বুদ্ধিমত্তাকে শিশুদের বুদ্ধিবৃত্তিক গঠনের প্রাথমিক স্তরে যুক্ত করার মাধ্যমে চীন তার আগামী প্রজন্মকে শুধু ব্যবহারকারী হিসেবে নয়, বরং স্রষ্টা ও নেতৃত্বস্থানীয় ব্যক্তি হিসেবে গড়ে তুলতে চায়।
চীনা কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী, প্রত্যেক শিক্ষার্থী বছরে অন্তত আট ঘণ্টা করে এআই সংক্রান্ত পাঠ গ্রহণ করবে। পাঠক্রমটি হবে বয়সভিত্তিক—অর্থাৎ ছোট শিশুদের জন্য থাকবে হাতেকলমে কার্যক্রম, খেলা ও কল্পনাশক্তি-ভিত্তিক শেখার মাধ্যমে প্রাথমিক ধারণা দেওয়া, যেখানে রোবট, চিত্র, ও বাস্তবধর্মী কাহিনির মাধ্যমে তারা বুঝবে কীভাবে প্রযুক্তি কাজ করে। অন্যদিকে উচ্চ শ্রেণির শিক্ষার্থীরা পাবে আরো জটিল ও উন্নত বিষয়বস্তুর সম্মুখীন হওয়ার সুযোগ, যেমন—মেশিন লার্নিং, অ্যালগরিদম, ডেটা বিশ্লেষণ এবং বাস্তব জীবনে AI এর ব্যবহার। এই পাঠ্যবিষয়গুলো কখনো কখনো বিজ্ঞান, গণিত, কিংবা প্রযুক্তি শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত হবে আবার কখনো এটি আলাদা বিষয় হিসেবেও পড়ানো হবে। এর ফলে প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টি হবে বহু শিশুর মনে এবং পরবর্তীতে তারা STEM (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত) ভিত্তিক উচ্চশিক্ষায় উৎসাহ পাবে।
বিশ্বব্যাপী যখন শিক্ষাব্যবস্থা এখনও আলোচনা করছে AI কি স্কুল পর্যায়ে শেখানো উচিত কিনা, কিংবা কোন বয়সে শেখানো উচিত তখন চীন সেই বিতর্ককে পাশ কাটিয়ে সরাসরি বাস্তবায়নে নেমেছে। চীন বিশ্বাস করে AI শিক্ষাকে পাঠ্য, লেখার মতোই মৌলিক বিষয় হিসেবে বিবেচনা করা দরকার, যেহেতু আগামী প্রজন্ম এমন এক সমাজে বড় হচ্ছে, যেখানে মানুষের দৈনন্দিন জীবন এবং পেশাজীবনের সঙ্গে AI গভীরভাবে জড়িত থাকবে। চীনের শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এই শিক্ষানীতি শিশুদের শেখার প্রতি আগ্রহ এবং যুক্তির দক্ষতা বাড়াবে। AI শিক্ষার মাধ্যমে শিশুরা প্রাথমিক অবস্থাতেই জানতে পারবে কীভাবে একটি প্রযুক্তি চিন্তা করে, সিদ্ধান্ত নেয় কিংবা কাজ করে যা ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই সিদ্ধান্ত কেবল শিক্ষানীতির পরিমার্জন নয়, এটি একটি সুদূরপ্রসারী কৌশলগত উদ্যোগ, যা চীনের ভবিষ্যৎ অর্থনৈতিক ও বৈশ্বিক নেতৃত্ব প্রতিষ্ঠার সঙ্গে গভীরভাবে জড়িত। কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হয়ে উঠেছে।স্বাস্থ্য, কৃষি, শিল্প, নিরাপত্তা থেকে শুরু করে বিনোদন সবখানেই AI এর দাপট। সেই বাস্তবতায় চীন নিশ্চিত করতে চায়, তারা শুধু প্রযুক্তির বাজারে গ্রাহক থাকবে না বরং নেতৃত্ব দেবে। শিশুকাল থেকে AI শিক্ষা গ্রহণের ফলে শিক্ষার্থীরা ভবিষ্যতে উচ্চশিক্ষা ও গবেষণায় কম বাধার সম্মুখীন হবে। তাদের শিখন প্রক্রিয়া হবে ধারাবাহিক এবং সময়োপযোগী। ফলে চীন দীর্ঘমেয়াদে গবেষক, উদ্ভাবক, সফটওয়্যার প্রকৌশলী, রোবোটিক্স বিশেষজ্ঞদের একটি বৃহৎ জনশক্তি তৈরি করতে পারবে, যারা কেবল চাকরি খুঁজবে না, নতুন প্রযুক্তির ভিত্তি স্থাপন করবে।
এই উদ্যোগ আন্তর্জাতিক পরিমণ্ডলেও একটি শক্তিশালী বার্তা বহন করছে। যখন যুক্তরাষ্ট্র, ইউরোপ বা দক্ষিণ এশিয়ার অনেক দেশ AI এর নৈতিকতা, ঝুঁকি এবং শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্তির দিকগুলো নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে, তখন চীন এসব আলোচনাকে বাস্তব উদ্যোগে রূপ দিয়েছে। এতে চীনকে শুধু একটি উন্নয়নশীল দেশ নয়, ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর সভ্যতার নকশাকার হিসেবে দেখা যেতে পারে। এই ঘোষণার ফলে অন্যান্য দেশকেও নতুন করে ভাবতে হবে তাদের শিক্ষানীতিতে কতটা প্রযুক্তিকেন্দ্রিকতা যুক্ত আছে, এবং তারা কতটা প্রস্তুত একটি AI-ভিত্তিক বিশ্বে প্রবেশ করতে।
চীনের এই পদক্ষেপ কেবল একটি নীতিগত সিদ্ধান্ত নয়, এটি ভবিষ্যতের সঙ্গে সংযুক্ত একটি সাহসী ঘোষণা। যখন একটি জাতি প্রাথমিক শিক্ষার স্তর থেকেই প্রযুক্তিকে আত্মস্থ করে নেয়, তখন তা শুধু তাদের অর্থনীতিকেই নয়, সমাজের চিন্তাভাবনাকেও রূপান্তরিত করে। চীনের এই উদ্যোগ নিঃসন্দেহে অন্য দেশগুলোর জন্য একটি উদাহরণ হয়ে থাকবে, প্রযুক্তির দুনিয়ায় নেতৃত্ব পেতে হলে শৈশব থেকেই প্রস্তুতি শুরু করতে হয়। এটি শুধুই এআই শেখানো নয়, এটি ভবিষ্যত নির্মাণ।


