সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পর থেকেই ডনাল্ড ট্রাম্প বিভিন্ন বিষয়ে কট্টর অবস্থান নিতে শুরু করেছেন।সেদিকে ইঙ্গিত করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারত মহাসাগর সম্মেলনের সংলাপ-পর্বে আমেরিকা তথা পশ্চিম বিশ্বকে নিয়ে বাকি দুনিয়াকে সতর্ক করেছেন। তার বক্তব্য, যুক্তরাষ্ট্রে যে যে ঘটনা ঘটছে, তাতে বিশ্বের বিভিন্ন স্থানে ত্রাসের সঞ্চার হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে অগাধ ক্ষমতা এবং ‘বড় কিছু ঘটতে’ চলেছে। তিনি মনে করেন, আগামী দু’বছরের মধ্যে এমন অনেক কিছু আসছে, যা বিশ্বকে পুরোপুরি বদলে দিতে পারে। কারণ, প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে এত বিপুল ক্ষমতা এবং আগামী দিনে তার প্রভাব এতটাই বাড়বে যে, হয়তো দু’বছরের আগেই আপনারা এমন সব নীতি দেখতে পাবেন, যা আন্তর্জাতিক ব্যবস্থাকে পাল্টে দেবে।
তার মতে, আবেগতাড়িত না হয়ে এবং পুরনো অভ্যাসকে আঁকড়ে না থেকে পরিস্থিতির মূল্যায়ন করতে হবে। আমরা চাই, বা না চাই পরিবর্তন যে আসছে এটা সকলকে বুঝতে হবে। এই বদলের কিছু অংশ নিশ্চয়ই আমাদের কাজে আসবে। তার থেকে সুযোগ খুঁজে নিতে হবে।পশ্চিমা দুনিয়ার একাধিপত্য নিয়েও সরব হয়েছেন জয়শঙ্কর। তিনি খানিকটা কড়া সুরে বলেছেন, আমাদের যে সমস্ত বিষয় নিয়ে বুঝতে হচ্ছে, তার অন্যতম হল পশ্চিমা বিশ্বের একাধিপত্য। কিন্তু সেই একাধিপত্য জারি করা হচ্ছে মানবাধিকার এবং মূল্যবোধের মোড়কে।আমাদের এখন বলার সময় এসেছে, তোমরা যে পথে চলেছ, তাতে তোমাদের সুবিধা হতে পারে। কিন্তু সবার জন্যই রাস্তা এক নয়।


