একটি নতুন গবেষণায় দেখা গেছে যে ভেগান (নিরামিষাশী) ডায়েটে মাত্র আট সপ্তাহেই আপনার বায়োলজিক্যাল বয়স কমতে পারে, এবং এই ডায়েট বয়স বৃদ্ধির কিছু প্রভাবকে উল্টে (reverse) দিতে পারে। সম্প্রতি এই গবেষণাটি BMC Medicine-এ প্রকাশিত হয়েছে। এই গবেষণায় অংশগ্রহণকারীদের বায়োলজিক্যাল বয়স পরিমাপ করা হয়েছে ডিএনএ মিথাইলেশন নামে একটি বায়োমার্কারের মাধ্যমে, যা ডিএনএতে মিথাইল গ্রুপগুলির পরিবর্তনগুলি ট্র্যাক করে। ডিএনএ মিথাইলেশন এবং অন্যান্য ইপিজেনেটিক পরিবর্তন আমাদের জিনের জন্য ভলিউম নিয়ন্ত্রণের মতো কাজ করে, এরা জিনের কার্যকলাপ বাড়ায় বা কমায় – গবেষণার সহলেখক ডঃ লুসিয়া অ্যারোনিকা বিবিসি সায়েন্স ফোকাসকে বলেন।
গবেষণায় অন্তর্ভুক্ত ছিলো ২১ জোড়া অভিন্ন যমজ (Identical twins) এবং প্রতিটি জোড়ার একজন ভেগান ডায়েট এবং অন্যজন মাংস, ডিম, এবং দুগ্ধজাত পণ্যসহ একটি মিশ্র খাদ্য খেয়েছে। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে ৮ সপ্তাহের মধ্যেই ভেগান ডায়েট গ্রহণকারীদের বায়োলজিক্যাল বয়স মিশ্র খাবার গ্রহণকারী সহযমজদের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। ভেগান ডায়েট গ্রহণকারী গ্রুপটির হৃদপিন্ড, হরমোন, এবং লিভারসহ বিভিন্ন দেহব্যবস্থার বায়োলজিক্যাল বয়স হ্রাস পেয়েছে। গড়ে, তাদের বায়োলজিক্যাল বয়স ০.৬৩ বছর কমেছে, যেখানে কিছু অংশগ্রহণকারী প্রায় এক বছর পর্যন্ত তাদের বায়োলজিক্যাল বয়স কমাতে সক্ষম হয়েছেন। যদিও ফলাফলগুলি আশাব্যঞ্জক, ভেগানিজমের দীর্ঘমেয়াদী প্রভাব বুঝতে আরও গবেষণার প্রয়োজন আছে।


