ছাত্র-জনতার আন্দোলনের সময় ‘গণহত্যা’ ও ‘মানবতাবিরোধী অপরাধ’ এর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা করেছেন একজন ব্রিটিশ বাংলাদেশি আইনজীবী। রোম সংবিধির ১৫ ধারায় দায়ের করা এই মামলার মাধ্যমে তিনি হাসিনা এবং তার সরকারের অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করতে আদালতের কাছে অনুরোধ জানিয়েছেন। ১ নভেম্বর লন্ডন-বাংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মামলার বাদী আইনজীবী ব্যারিস্টার মো. আশরাফুল আরেফিন গণমাধ্যমকে বলেন, ‘হাসিনা কর্তৃক বিক্ষোভকারীদের ওপর চালানো সহিংসতা ও দমন-পীড়নের বিস্তৃত প্রমাণ আমরা জমা দিয়েছি। এসব প্রমাণের মধ্যে সাক্ষ্য, ভিডিও ফুটেজ এবং নির্ভরযোগ্য তথ্য রয়েছে।’
ব্যারিস্টার আশরাফুল বলেন, ‘বাংলাদেশের আদালতে হাসিনা শাস্তি পাবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ তিনি (শেখ হাসিনা) এখন ভারতের কাছ থেকে রাজনৈতিক সমর্থন পাচ্ছেন।’ ‘কিন্তু আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ভারত আন্তর্জাতিকভাবে এ বিষয়ে সহযোগিতা করতে বাধ্য হতে পারে,’ যোগ করেন তিনি।


