রয়টার্স জানিয়েছে-শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে নতুন আইন করার পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া। ফেসবুক-ইনস্টাগ্রাম-টিকটকের মতো সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহারের জন্য সর্বনিম্ন বয়সসীমা ১৪ বা ১৬ বছর বয়স পর্যন্ত বেঁধে দিতে পারে দেশটি। শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের সম্ভাব্য ঝুঁকির কারণে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
তবে ডিজিটাল অধিকারের সমর্থকরা এ উদ্যোগের বিরোধিতা করে বলছেন- এ সিদ্ধান্ত কিশোরদের ডিজিটাল জগতে অর্থবহ ও স্বাস্থ্যকর অংশগ্রহণ থেকে বঞ্চিত করে তাদেরকে নিম্নমানের অনলাইন স্পেসে ঠেলে দিতে পারে। এ আইন কার্যকর হলে সামাজিক যোগাযোগমাধ্যমে বয়সসীমা আরোপ করা বিশ্বের প্রথম দেশগুলোর মধ্যে একটি হবে অস্ট্রেলিয়া। এর আগে ইউরোপীয় ইউনিয়নসহ আরও কয়েকটি দেশের এমন উদ্যোগ ব্যর্থ হয়েছে। অপ্রাপ্তবয়স্কদের অনলাইন অধিকার খর্ব করার অভিযোগ ওঠায় সেসব উদ্যোগ ভেস্তে যায়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস এবিসি নিউজকে বলেন- আমি বাচ্চাদের ডিভাইস থেকে দূরে রেখে ফুটবল মাঠে, সুইমিং পুলে আর টেনিস কোর্টে দেখতে চাই। আমরা চাই, ওরা যেন মানুষের সঙ্গে মিশে বাস্তব অভিজ্ঞতা নিতে পারে, কারণ আমরা জানি সামাজিক যোগাযোগমাধ্যম সামাজিক ক্ষতি করছে। আলবানিস বলেন, শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর সাইবার বুলিংয়ের ক্ষতিকর প্রভাব নিয়ে তিনি চিন্তিত।


