৬০ কোটির বেশি নারী ও মেয়ে শিশু যুদ্ধের ক্ষয়ক্ষতির শিকার বলে জানিয়েছে জাতিসংঘ। গত এক দশকে এই সংখ্যা ৫০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের আশঙ্কা, বিশ্বব্যাপী লিঙ্গ সমতা ও নারী অধিকার নিয়ে বাদানুবাদে এই নারীরা বিস্মৃত হয়ে গেছেন। সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন গত কয়েক দশকে নারীদের বৈশ্বিক অগ্রগতি ক্রমবর্ধমান সশস্ত্র সংঘাতে অনেকটাই বিলীন হয়ে যাচ্ছে। ২০০০ সালের ৩১ অক্টোবর গৃহীত নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব মূল্যায়ন করছিলেন গুতেরেস।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, এক বছর আগের তুলনায় ২০২৩ সালে সশস্ত্র সংঘাতে দ্বিগুণ নারী প্রাণ হারিয়েছেন। সংঘাত সম্পর্কিত যৌন সহিংসতা ঘটনা ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জাতিসংঘ নিশ্চিত করতে পেরেছে। সংঘাতপ্রবণ দেশগুলোতে প্রতি দুইজন নারী ও মেয়ে শিশুর মধ্যে একজন খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগেন। আর বিশ্বব্যাপী মাতৃমৃত্যুর ৬১ শতাংশই সংঘাতপ্রবণ ৩৫টি দেশে সীমাবদ্ধ।


