বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘ভয়েস ফর ডেমোক্রেসি অ্যান্ড ভোেটার রাইটস’ আয়োজিত গোলটেবিল বৈঠকে বলেছেন ‘অন্য কোনোভাবে আওয়ামী লীগকে যদি বাতিল বা নিষিদ্ধ চান, সেগুলো টিকবে না। আওয়ামী লীগকে বাতিল করতে হবে জনগণের ভোটের মাধ্যমে।’ সংস্কার প্রসঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগণের আস্থা নিয়ে সংস্কার করবে হবে। সেটা একমাত্র সম্ভব নির্বাচিত সরকারের মাধ্যমে। অনির্বাচিত কোনো সরকারের তাদের নিজস্ব চিন্তাভাবনা ও দর্শনের সেভাবে সংস্কার করার সুযোগ নেই। যেসব সংস্কার ঐকমত্যে আছে সেগুলো বাস্তবায়নে আমাদের কোনো আপত্তি নেই।’ বিএনপি ৩১ দফা সংস্কার বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ জানিয়ে আমীর খসরু আরও বলেন- ‘১৬ বছরে জ্বলেপুড়ে বিএনপি খাঁটি সোনায় পরিণত হয়েছে। ত্যাগ-জুলুমের মধ্যে দিয়ে বিএনপি নতুন বিএনপিতে পরিণত হয়েছে। বিএনপির নেতাকর্মীরা ত্যাগ করতে শিখেছে, রক্ত দিতে শিখেছে ও জীবন দিতে শিখেছে। আমরা গণতন্ত্রের লড়াই, মানবাধিকার লড়াই ও ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার লড়াইয়ে থেমে থাকব না।’


