মানব সভ্যতার বিকাশের সাথে সাথে বিজ্ঞান আমাদের জ্ঞানের সীমানা প্রসারিত করেছে। মহাকাশ অনুসন্ধান থেকে শুরু করে কোয়ান্টাম মেকানিক্সের জটিলতা, কগনিটিভ সায়েন্সের অগ্রগতি, এবং বহির্মাত্রার তত্ত্ব-বিজ্ঞান আমাদের বাস্তবতার পরিধি বোঝার সুযোগ করে দিয়েছে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়, আমরা কি বিজ্ঞানের মাধ্যমে চূড়ান্ত সত্যের নাগাল পেতে পারবো? নাকি বাস্তবতা এমন এক স্তরে অবস্থান করছে যা আমাদের উপলব্ধির বাইরে! চলুন আজ সম্ভাব্য দিগন্ত নিয়ে নিজেদের কিছু প্রশ্ন করি।কোয়ান্টাম মেকানিক্স – বাস্তবতার রহস্যময়তা কোয়ান্টাম মেকানিক্স আমাদের দেখিয়েছে যে প্রকৃতি সবসময় আমাদের প্রত্যাশিত নিয়ম মেনে চলে না। ইলেকট্রন দাবী করে, সে একইসাথে দুটি স্থানে থাকতে পারে (সুপারপজিশন), এবং একটি কণা দূরবর্তী অন্য একটি কণার সাথে তাৎক্ষণিকভাবে সংযুক্ত থাকতে পারে (এনট্যাংলমেন্ট)। কিন্তু এই ঘটনাগুলো আমাদের প্রচলিত বাস্তবতার ধারণার সাথে সাংঘর্ষিক। এর মানে কি এই যে, আমরা যা দেখি বা বোঝার চেষ্টা করি, তা কেবলই আমাদের উপলব্ধির সীমিত অংশ?
কগনিটিভ সায়েন্স – মস্তিষ্ক কি সত্যিই বুঝতে সক্ষম? মানব মস্তিষ্ক একটি আশ্চর্যজনক অর্গান হলেও, এটি সীমাবদ্ধ। কগনিটিভ সায়েন্স নাকি বলে, যে আমাদের সকল অনুভূতি ও ধারণাগুলো আসলে আমাদের নিউরাল প্রসেসের ফসল, যা সর্বদা সঠিক নয়। আমরা তো সর্বদা বাস্তবতাকে প্রকৃত রূপে দেখতে বা বুঝতে পারি না; বরং আমরা একে আমাদের মস্তিষ্কের গঠিত মডেল হিসেবে অনুভব করি। তাহলে প্রশ্ন হলো, বিজ্ঞানের মাধ্যমে আমরা যদি কোনো সত্যকে বুঝতেও পারি, সেটি কি আদৌ নির্ভুল, নাকি কেবলই এক প্রায় বাস্তবতা?
অজানা মাত্রা ও বাস্তবতার অতীত-বর্তমান বহুমাত্রিক মহাবিশ্ব (Multiverse) তত্ত্ব এবং স্ট্রিং থিওরি আমাদের বলে যে, আমরা যে বাস্তবতাকে জানি তা একটি বৃহত্তর কসমিক কাঠামোর ক্ষুদ্র অংশমাত্র। স্টিফেন হকিং-এর মতে, মহাবিশ্বের অস্তিত্ব অনেক বেশি জটিল এবং এতে আমাদের উপলব্ধির বাইরে আরও অসংখ্য মাত্রা থাকতে পারে। কিন্তু এই মাত্রাগুলো যদি আমাদের অস্তিত্বের অংশ হয়েও আমাদের কাছে অধরা থাকে, তাহলে আমরা কিভাবে বিজ্ঞানের মাধ্যমে তা বোঝার আশা করবো!
বিজ্ঞানের ভবিষ্যৎ – সীমাবদ্ধতা না সম্ভাবনা? বিজ্ঞান দাবী করেন তিনি আমাদের বাস্তবতার গভীরে নিয়ে যাচ্ছেন। কিন্তু এটি কি সত্যিই সর্বশক্তিমান? হতে পারে, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আরও উন্নত প্রযুক্তির সাহায্যে আমরা নতুন অনেক জ্ঞান অর্জন করবো। কিন্তু বিজ্ঞান যদি কেবল আমাদের উপলব্ধির মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে চূড়ান্ত সত্য আমাদের কাছে কখন ধরা দেবে!
বর্তমান সময়ের পরিপেক্ষিতে বিজ্ঞান নিঃসন্দেহে আমাদের কাছে থাকা সবচেয়ে শক্তিশালী হাতিয়ার, কিন্তু এটি সর্বজ্ঞ নয়। কোয়ান্টাম মেকানিক্স আমাদের দেখিয়েছে যে বাস্তবতা অনেকাংশে রহস্যময়, কগনিটিভসায়েন্স প্রশ্নবিদ্ধ করে বুঝিয়েছে যে আমরা সবকিছু বুঝতে সক্ষম নই। আর অতিরিক্ত মাত্রার সম্ভাবনা আমাদের উপলব্ধির বাইরে নতুন কোনো জগতেরই ইঙ্গিত দেয়। সুতরাং, আমরা কি সত্যকে পুরোপুরি উপলব্ধি করতে পারবো? নাকি বিজ্ঞানের সীমাবদ্ধতা আমাদের চূড়ান্ত সত্যের দ্বারপ্রান্তে নিয়েও থামিয়ে দেবে? এই প্রশ্নের উত্তরও হয়তো আগামী দিনের বিজ্ঞানের হাতেই। কিন্তু সেই আগামীদিনের বিজ্ঞানও একপ্রান্তে নিয়ে ঠিকই প্রশ্নবিদ্ধ করে রাখবে কিনা সেটাই কেবল জানা নেই!


