বাংলাদেশে অপরিণত শিশু জন্মহার সবচেয়ে বেশি ।
বাংলাদেশে ১০০ টি নবজাতকের মধ্যে ১৬ টি অপরিণত অবস্থায় জন্ম নেয় । অপরিণত অবস্থায় জন্মের এই হার বিশ্বে সবচেয়ে বেশি । অপরিণত অবস্থায় জন্ম নেওয়া শিশুদের মৃত্যু বেশি । যারা বেঁচে থাকে , তাদের স্নায়ুবিক রোগে ভোগার ঝুঁকি বেশি । গতকাল ১৩ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাসিক কেন্দ্রীয় সেমিনারে এই তথ্য দেওয়া হয় । অনুষ্ঠানে বলা হয় মায়ের অপুষ্টি , বাল্যবিবাহ , নারী নির্যাতন , গর্ভকালীন সঠিক স্বাস্থ্যসেবা না নেওয়া এসবই অপরিণত শিশু জন্মের কারণ ।
বাংলাদেশে বছরে ৬ লাখ ৪০ হাজার অকালিক শিশু জন্ম নেয় । এর মধ্যে বছরে প্রায় ২৫ হাজার শিশু মারা যায় । ১০-১৫% র ভবিষ্যতে স্নায়ুবিক বিকাশজনিত সমস্যা যেমন সেরেব্রাল পালসি , অটিজম , অতিচঞ্চলতা , মৃগীরোগ হওয়ার ঝুঁকি দেখা গেছে । এ জন্য অপরিণতভাবে জন্মগ্রহণকারী শিশুদের জন্মের প্রথম এক বছর সমন্বিত চিকিৎসার অধীনে রাখা প্রয়োজন । অনুষ্ঠানে বলা হয় অপরিণত শিশু জন্ম কমাতে হলে গর্ভধারণের আগেই স্বাস্থ্য পরামর্শ নিতে হবে , পরিবার পরিকল্পনা সেবার আওতায় থাকতে হবে , প্রসব পূর্ব সেবা নিতে হবে , ম্যালেরিয়া বা অন্য কোনো সংক্রামক রোগ থেকে দূরে থাকতে হবে ।


