দেশে গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনঃস্থাপনের একমাত্র পথ হলো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা।
গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতিসংঘের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।
বৈঠকের আগে আমীর খসরু জাতিসংঘের প্রতিনিধি গোয়েন লুইসকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে যে অবদান জাতিসংঘের পক্ষ থেকে নেওয়া হয়েছে, তার জন্য তারা প্রশংসার দাবি রাখে।
বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন প্রক্রিয়া এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, জাতিসংঘের সঙ্গে আলোচনায় ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার বিষয়টি গুরুত্বপূর্ণ স্থান পায়। এ বিষয়ে জাতিসংঘ যে প্রতিশ্রুতি দিয়েছে, সেটিও আলোচনায় এসেছে।
আমীর খসরু বলেন, ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি এবং পর্যবেক্ষণ বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, যতদিন রোহিঙ্গাদের প্রত্যাবাসন কার্যকরভাবে সম্পন্ন হবে না, ততদিন জাতিসংঘ শরণার্থী সমস্যায় সক্রিয় ভূমিকা রাখতে সমর্থন প্রকাশ করেছে।
গোয়েন লুইস বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের আগে বাংলাদেশের জন্য এটি গুরুত্বপূর্ণ সময়। জাতিসংঘ নির্বাচন কমিশনকে সমর্থন প্রদান এবং প্রযুক্তিগত প্রস্তুতি নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গঠনের প্রচেষ্টাকেও গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে যেন নির্বাচনের প্রক্রিয়া যথাযথভাবে এগিয়ে নেওয়া যায়।
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে গোয়েন লুইস বলেন, বাংলাদেশ শরণার্থীদের প্রতি যে অত্যন্ত আতিথেয়তা প্রদর্শন করেছে, তা আন্তর্জাতিকভাবে প্রশংসার যোগ্য।


