নাট্যচেতনার বিপরীতে থিয়েটার, পিটার ব্রুকের ‘The Empty Space’

বিশ্ব নাট্যসমালোচনার ইতিহাসে একটি বই প্রায় অনিবার্যভাবে আলোচনায় আসে, পিটার ব্রুকের The Empty Space (১৯৬৮)। এটি শুধু একটি নাট্যতত্ত্ব নয়, বরং থিয়েটারকে পুনরায় কল্পনা করার এক র‍্যাডিক্যাল আহ্বান। পিটার ব্রুক এই গ্রন্থে প্রশ্ন তুলেছেন, কীসের ভিত্তিতে আমরা থিয়েটার বলি? কতটা জীবন্ত আমাদের মঞ্চ? আর কতটা মৃত? তাঁর চার ধরনের থিয়েটার বিশ্লেষণের মধ্য দিয়ে আধুনিক নাট্যবিশ্ব এক নতুন তাত্ত্বিক আলো পায়; Deadly Theatre, Holy Theatre, Rough Theatre ও Immediate Theatre।

Deadly Theatre

পিটার ব্রুক যে থিয়েটারের বিরুদ্ধে সবচেয়ে তীব্র সমালোচনা করেছেন তা হলো Deadly Theatre। এটি এমন এক থিয়েটার যা জীবনের স্পন্দন হারিয়ে ফেলে শুধুমাত্র পুনরাবৃত্তি ও শৈল্পিক আলসেমিতে আচ্ছন্ন হয়ে পড়ে। নাট্যকার, পরিচালক, অভিনেতা সবাই একটি নির্দিষ্ট ছাঁচে কাজ করেন, যেন তারা শিল্প নয় বরং শিল্পের অনুকরণ করছেন। এই ধরনের থিয়েটার সাধারণত বড় প্রতিষ্ঠান, পুরষ্কার, কনভেনশন এবং তথাকথিত “ভদ্র সমাজের” কাছে গ্রহণযোগ্য হয়। কিন্তু এই ‘গ্রহণযোগ্যতা’ই ব্রুকের দৃষ্টিতে এর মৃত্যু ঘটায়। তিনি বলেন, “আমরা তা-ই দেখি যা আমরা দেখতে অভ্যস্ত, আর যা অভ্যস্ত, তা আর চমকে দেয় না।” এই থিয়েটার দর্শকের চিন্তা উদ্রেক করে না, বরং তাকে ঘুম পাড়িয়ে দেয়।

Holy Theatre

Holy Theatre নাট্যচর্চাকে একধরনের আধ্যাত্মিক অনুসন্ধানে পরিণত করে। এটি দর্শককে দৃশ্যমানের বাইরে যেতে শেখায়, এমনকি কখনো কখনো তাদের অস্বস্তিকর সত্যের মুখোমুখি দাঁড় করায়।

এই থিয়েটার নির্মাণে প্রায়শই প্রতীক, রূপক, সংলাপবর্জিত ভাষা এবং অলৌকিক আবহ ব্যবহৃত হয়। ব্রুক এখানে অ্যান্টোনিন আরতো’র “থিয়েটার অফ ক্রুয়েলটি” বা গ্রোতোস্কির মঞ্চ ভাবনার উদাহরণ টানেন। তবে তিনি আবার সতর্কও করেন, যদি এই ধারা নিজেই একটি প্রথায় পরিণত হয়, তবে তা আবার Deadly Theatre-এ পরিণত হতে পারে। তাই Holy Theatre-এর প্রকৃত চ্যালেঞ্জ হলো, দর্শকের আত্মা ও মন দুইকেই জাগিয়ে তোলা। ভক্তিতে নয়, চেতনায়।

Rough Theatre

Rough Theatre মানুষের মাটির গন্ধে ভেজা থিয়েটার। এটি কোনো অলঙ্কারচর্চা নয়, বরং সরাসরি জীবনের বাস্তবতা ও ব্যঙ্গ-বিদ্রুপ নিয়ে কাজ করে। এ ধারা ব্রেখটের এপিক থিয়েটারের মতো রাজনৈতিক, প্রতিক্রিয়াশীল এবং খোলামেলা।

এটি এমন থিয়েটার, যা বাজারে, রাস্তায়, চায়ের দোকানে যে কোনো জায়গায় ঘটতে পারে। অস্থায়ী সেট, লোকজ সংগীত, দৈনন্দিন ভাষা সব মিলিয়ে এটি এক ধরণের ‘পাবলিক থিয়েটার’। ব্রুক মনে করেন, এই থিয়েটার সাধারণ মানুষের সাথে সংযোগ স্থাপন করে, তাদের দুঃখ-কষ্ট ও হাস্যরসের ভাষায় কথা বলে। Rough Theatre-এর শক্তি তার জীবন্ততা ও স্বতঃস্ফূর্ততায়। এটি কখনোই ফর্মাল নয়, বরং খোলা মনে, খোলা জায়গায়, খোলা ভাষায় মঞ্চস্থ হয়।

Immediate Theatre

Immediate Theatre ধারা ব্রুকের চূড়ান্ত আকাঙ্ক্ষিত থিয়েটার। এটি হলো এমন থিয়েটার যা সৃষ্টির মুহূর্তেই ঘটে, পুনরাবৃত্তি নয় বরং প্রতিবার নতুন। এখানে দর্শক শুধু দেখেন না, বরং প্রতিক্রিয়া জানান, শ্বাস ফেলে, হাসেন, চুপ করে থাকেন তারা থিয়েটারের অংশ হয়ে ওঠেন।

এই থিয়েটার একধরনের “জীবনের ট্রায়াল”, যেখানে আমরা রিহার্সাল ছাড়াই নিজেদের অনুভব করতে পারি। এটি অতীত বা ভবিষ্যতকে টেনে আনে না, বরং বর্তমান মুহূর্তে দর্শক ও শিল্পীকে নিক্ষিপ্ত করে। ব্রুক বলেন, Immediate Theatre হচ্ছে মঞ্চের সত্যিকারের স্পন্দন। এটি জীবন ও নাটকের মধ্যে প্রাচীর ভেঙে দেয়।

The Empty Space কোনো একক ধারা নয়, বরং একান্তভাবে নাট্যভাবনার বিপ্লব। এটি আমাদের ভাবতে বাধ্য করে, আমরা কি জীবন্ত থিয়েটার করছি, নাকি প্রথার ছায়া? ব্রুক যেমন Deadly Theatre-এর বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, তেমনি Rough ও Immediate ধারা দিয়ে তার বিকল্পও দেখিয়েছেন।

এটি শুধুই পরিচালক বা অভিনেতার জন্য নয়, দর্শকের জন্যও এক নতুন সচেতনতার পাঠ। সমসাময়িক থিয়েটার প্রায়শই প্রযুক্তি-নির্ভর, কর্পোরেট চাহিদা অনুযায়ী সাজানো, সেখানে এই বই হয়ে উঠেছে এক ধরণের অস্তিত্ববাদী প্রতিবাদ।

পিটার ব্রুকের The Empty Space শুধু একটি বই নয়, বরং একটি চেতনা-একটি প্রশ্ন “কীভাবে আমরা মানুষের গভীরতাকে স্পর্শ করবো?” থিয়েটার কি কেবল নাট্যচিত্র, না কি মানবিক সম্পর্ক ও সময়ের ভাষা? তিনি আমাদের শেখান একটি ফাঁকা মঞ্চ, একজন অভিনেতা, একজন দর্শক এই তিনেই শুরু হয় থিয়েটার। বাকিটা হলো বোধ, ছন্দ, ও সেই জাদু, যা শুধুই মুহূর্তের। তাই যারা আজও থিয়েটারকে জীবনের বাইরে দেখেন, তাদের জন্য এই বই এক তীব্র অন্তর্প্রবেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন