সংবাদ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ভাষণের প্রতিক্রিয়ায় বলেছেন- আমরা সবাই সংস্কারের কথা বলছি এবং সংস্কার যে প্রয়োজন, সেটা বলেছি। অতি দ্রুত যেন এই সংস্কারগুলো করা হয়। মূল যে বিষয়টা, গণতন্ত্রের জন্য জনগণের প্রতিনিধিদের যে শাসন, জনগণের নির্বাচিত সংসদ দিয়ে দেশ পরিচালনা, সে বিষয় যেন দ্রুততার সঙ্গে হয়, সেটি আমাদের প্রত্যাশা থাকবে। মির্জা ফখরুল বলেন- অন্তর্বর্তী সরকার সংস্কারের কাজ করছে। তাদের সময় ও সুযোগ দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আশা করি, তারা যথাশিগগির তাদের কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবে।
পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন- রাজনৈতিক দলগুলো নবগঠিত কমিশনের সংস্কার প্রস্তাবে দায়বদ্ধ হলেই অন্তর্বর্তী সরকার নির্বাচন অনুষ্ঠানের কথা ভাববে। সরকার আশা করছে ছয়টি সংস্কার কমিশন তিন মাসের মধ্যে তাদের প্রস্তাব নিয়ে আসবে। এরপর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে প্রস্তাবগুলো চূড়ান্ত করা হবে বলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানান রিজওয়ানা।
অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করে বিএনপির মহাসচিব বলেন- কারণ, এই সরকার আন্দোলনের মধ্য দিয়ে এসেছে। তবে এখানে একটি কথা খুব স্পষ্টভাবে বলা দরকার, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। গণতন্ত্র হচ্ছে একমাত্র ব্যবস্থা, যা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন গড়তে পারে। সে জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু সেই কাজটায় জনগণের অংশীদারত্ব থাকতে হবে। জনগণ কী চায়, সে বিষয়টা থাকতে হবে। আশা করি, সরকার উপলব্ধি করবে এবং যাঁদের সংস্কারের দায়িত্বে দেওয়া আছে, তাঁরা অত্যন্ত সুচারুরূপে পালন করবেন।


