বাংলাদেশে প্রতি বছর ৩০-৪০ হাজার কিডনি রোগী মৃতু্যবরণ করেন চিকিৎসার অভাবে, জানাচ্ছে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন।কিডনি রোগের চিকিৎসা ব্যয়বহুল এবং সীমিত, ফলে অনেক রোগী উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য হন।
প্রতি বছর বাংলাদেশে প্রায় ৩০ থেকে ৪০ হাজার রোগীর কিডনি বিকল হয় বলে জানিয়েছে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন। সংগঠনটির তথ্য অনুযায়ী, এই রোগীদের মধ্যে ৮০ শতাংশেরই মৃত্যু হয় চিকিৎসার অভাবে। বিশ্ব কিডনি দিবসকে সামনে রেখে বুধবার ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়–বাংলাদেশে কিডনি রোগের চিকিৎসা ব্যয়বহুল ও সীমিত হওয়ায় প্রতিবছর অনেক রোগী উন্নত সেবা নিতে বিদেশে যেতে বাধ্য হন। বিশেষ করে, কিডনি প্রতিস্থাপন ও ডায়ালাইসিস সুবিধার অভাবের কারণে ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে চিকিৎসার জন্য যেতে হয়। বাংলাদেশে ৩ কোটি ৮০ লাখ মানুষ কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত ।দেশে বছরে ৫,০০০ কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন, সেখানে হয় মাত্র ৪০০ এর মতো। কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটির সাম্প্রতিক এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।


