সুগন্ধি’ শব্দটির সঙ্গে মিশে আছে এক রহস্যময় আকর্ষণ, যা ইন্দ্রিয়কে প্রভাবিত করে, মনকে জাগিয়ে তোলে এবং স্মৃতিকে সজীব করে। অথচ এই সুগন্ধির পথচলা শুরু হয়েছিল মানুষের সবচেয়ে পবিত্র আকাঙ্ক্ষা ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা থেকে। মিসরের প্রাচীন মন্দিরের ধোঁয়ায় ওঠা ধূপের গন্ধ থেকে শুরু করে আধুনিক পারফিউমের বিলাসবহুল বোতল পর্যন্ত, সুগন্ধি কেবল একটি ঘ্রাণ নয়—এটি ইতিহাস, সংস্কৃতি, এবং মানুষের আবেগ ও ক্ষমতার নির্যাস। এ
সুগন্ধির প্রাচীনতম ব্যবহার খুঁজে পাওয়া যায় প্রায় ৪০০০ বছর আগের মেসোপটেমিয়া এবং প্রাচীন মিসরে। এখানে সুগন্ধি ছিল মূলত ধূপ বা মিষ্টি ঘ্রাণের তেল। সুগন্ধির ব্যবহারিক নামটিও এর উৎসের ইঙ্গিত দেয়। ইংরেজি শব্দ ‘Perfume’ এসেছে লাতিন শব্দ ‘Per fumum’ থেকে, যার অর্থ ‘ধোঁয়ার মাধ্যমে’। এর মূল উদ্দেশ্য ছিল ধোঁয়ার সাহায্যে দেবতাদের কাছে বার্তা পৌঁছে দেওয়া, মন্দিরের পরিবেশ শুদ্ধ রাখা এবং মৃতদেহকে সৎকার বা মমি করার সময় পবিত্রতা রক্ষা করা।
প্রাচীন মিসরের সবচেয়ে বিখ্যাত সুগন্ধি ছিল ‘কাইফি’। এটি ছিল রেজিন, কিশমিশ, পেঁয়াজ ও মধুর মতো উপাদান দিয়ে তৈরি একটি জটিল মিশ্রণ, যা সন্ধ্যাকালে ধূপ হিসেবে ব্যবহার করা হতো। ফারাওদের কবরে কাইফি এবং সুগন্ধি তেলের সন্ধান প্রমাণ করে সুগন্ধি ছিল আধ্যাত্মিক যাত্রার এক অবিচ্ছেদ্য অংশ। এটি কেবল দেবতাদের সন্তুষ্টি নয়, পার্থিব জীবনে শক্তি ও মর্যাদার প্রতীকও ছিল।
গ্রিক ও রোমান সভ্যতায় সুগন্ধি ধর্মীয় আচার-অনুষ্ঠান থেকে বেরিয়ে এসে দৈনন্দিন জীবনযাত্রার অংশ হয়ে ওঠে। গ্রিকরা সুগন্ধি তেলকে স্বাস্থ্য ও সৌন্দর্যের অংশ হিসেবে দেখত। তারা দেব-দেবী, বীর এবং অলিম্পিক বিজয়ী অ্যাথলেটদের সুগন্ধি দিয়ে অভিষেক করত।
অন্যদিকে রোমানরা সুগন্ধির ব্যবহারকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। তারা স্নানাগার, পোশাক, ঘর এবং এমনকি জনসমাগমের স্থানকেও সুগন্ধিযুক্ত করত। ঐতিহাসিক নথিতে জানা যায়, রোমান সম্রাট নিরো বিশাল ভোজসভার সময় তার অতিথিদের ওপর সুগন্ধিযুক্ত জল স্প্রে করার জন্য পাইপলাইন ব্যবহার করতেন।
সুগন্ধির এই ব্যাপক ব্যবহার সম্ভব হয়েছিল সিল্ক রোডের মাধ্যমে। ভারতীয় মসলা, চন্দন কাঠ, চীনা সিল্ক এবং আরবের সুগন্ধি রেজিন—এই সমস্ত উপাদান বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে, যা সুগন্ধি তৈরির শিল্পকে আরও সমৃদ্ধ করে তোলে।
ইউরোপ যখন মধ্যযুগে প্রবেশ করছে, তখন সুগন্ধি শিল্পে বিপ্লব আনল আরবীয় সভ্যতা। আরব রসায়নবিদ আল-কিন্দী এবং জাবির ইবনে হাইয়্যান সুগন্ধি তৈরির পদ্ধতিকে বৈজ্ঞানিক ভিত্তি দেন।
আরব রসায়নবিদরা পাতন বা ডিস্টিলেশন প্রক্রিয়াকে উন্নত করেন। এই আবিষ্কারের ফলেই প্রথমবারের মতো সুগন্ধি ফুল ও উপাদান থেকে তাদের খাঁটি নির্যাস বা এসেনশিয়াল তেল বের করা সম্ভব হয়।
মুসলিম বিশ্বে গোলাপ জল ছিল পবিত্রতা ও আভিজাত্যের প্রতীক। এটি খাবার, ধর্মীয় আচার এবং চিকিৎসা—সব ক্ষেত্রে ব্যবহৃত হতো। পারস্যের বিখ্যাত চিকিৎসক ও বিজ্ঞানী ইবনে সিনা গোলাপ ফুল থেকে তেল নিষ্কাশনের পদ্ধতিকে আরও আধুনিক করেন, যা সুগন্ধি শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচন করে।
এই আরবীয় উদ্ভাবন সুগন্ধিকে তেল বা ধূপ থেকে আজকের পরিচিত অ্যালকোহল-ভিত্তিক পারফিউমের দিকে নিয়ে যাওয়ার প্রথম ধাপ ছিল। দ্বাদশ শতাব্দীতে ক্রুসেডার এবং ব্যবসায়ীরা সুগন্ধি তৈরির এই উন্নত পদ্ধতি ইউরোপে ফিরিয়ে নিয়ে যান।
পঞ্চদশ শতকের পর থেকে সুগন্ধি ইউরোপীয় রাজপরিবার ও অভিজাতদের মধ্যে জনপ্রিয় হতে শুরু করে। এর পেছনে দুটি প্রধান কারণ ছিল, মধ্যযুগে ইউরোপে নিয়মিত স্নানের ধারণা কমে গিয়েছিল। তাই দুর্গন্ধ ঢাকতে সুগন্ধির ব্যাপক ব্যবহার শুরু হয়। অপরদিকে সুগন্ধি হয়ে ওঠে সামাজিক মর্যাদা ও রাজনৈতিক ক্ষমতার প্রতীক।
ইউরোপের প্রথম আধুনিক পারফিউম হিসেবে বিবেচিত হয় ‘হাঙ্গেরি ওয়াটার’। ১৩৭০ সালে রানী এলিজাবেথ অফ হাঙ্গেরির জন্য তৈরি এই পারফিউমটি ছিল অ্যালকোহলে দ্রবীভূত সুগন্ধি তেলের মিশ্রণ।
ষোড়শ শতাব্দীতে ইতালীয় রেনেসাঁসের পর ফ্রান্স সুগন্ধি শিল্পের কেন্দ্রে পরিণত হয়। ক্যাথরিন দে মেডিচি যখন ফ্রান্সের রাজা দ্বিতীয় হেনরিকে বিয়ে করেন, তখন তিনি তার ব্যক্তিগত পারফিউমার রেনে লে ফ্লোরেনটিনকে সঙ্গে নিয়ে আসেন। এরপর থেকে ফ্রান্সের গ্রাস অঞ্চল সুগন্ধি ফুলের প্রধান উৎপাদকের কেন্দ্র হয়ে ওঠে এবং প্যারিস বিশ্ব সুগন্ধি রাজধানী হিসেবে আত্মপ্রকাশ করে। রাজা চতুর্থ লুই তার পারফিউমের প্রতি এতটাই আসক্ত ছিলেন যে তাকে “The Perfumed King” বলা হতো। পারফিউম এখানে আর কেবল ঘ্রাণ ছিল না, এটি ছিল একটি অলিখিত ক্ষমতার কোড, যা অভিজাত শ্রেণীকে সাধারণ মানুষ থেকে আলাদা করত।
উনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লব সুগন্ধি শিল্পে মৌলিক পরিবর্তন আনে। রসায়নের অগ্রগতি কৃত্রিম সুগন্ধি অণু আবিষ্কারের পথ খুলে দেয়। এই আবিষ্কারের ফলে পারফিউম তৈরির খরচ অনেক কমে যায়, যা একে কেবল অভিজাতদের জন্য নয় সাধারণ মানুষের জন্যও সহজলভ্য করে তোলে। এক অর্থে সুগন্ধির গণতন্ত্রীকরণ শুরু হয়।
বিংশ শতাব্দীর শুরুর দিকেই পারফিউম শিল্পে এক নতুন অধ্যায় শুরু হয়। এই সময় ফ্যাশন এবং সুগন্ধি একাকার হয়ে যায়। ১৯২১ সালে, বিখ্যাত ফরাসি ফ্যাশন ডিজাইনার গ্যাব্রিয়েল “কোকো” শ্যানেল বিশ্বকে উপহার দেন Chanel No. 5। এই পারফিউমে ফুলের গন্ধের পরিবর্তে অ্যালডিহাইড নামক কৃত্রিম অণুর ব্যবহার করা হয়। শ্যানেল No. 5 প্রথম পারফিউম ছিল না যেখানে অ্যালডিহাইড ব্যবহার করা হয়েছিল।Houbigant-এর Quelques Fleurs (১৯১২) ছিল অ্যালডিহাইড ব্যবহারকারী প্রথম আধুনিক পারফিউম। তবে শ্যানেল No. 5 ছিল প্রথম জনপ্রিয় পারফিউম যা অ্যালডিহাইডের মাত্রাতিরিক্ত ব্যবহার করেছিল এবং সুগন্ধির ইতিহাসে এটিকে একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় উপাদান হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। শ্যানেল নম্বর ফাইভ কেবল একটি সুগন্ধি ছিল না, এটি ছিল নারী স্বাধীনতার একটি প্রতীক, একটি বিলাস পণ্য যা আধুনিকতা এবং নারীত্বের সংমিশ্রণ ঘটিয়েছিল।
সুগন্ধি ছিল একসময় ধর্মীয় ক্ষমতা, পরে রাজনৈতিক ক্ষমতা এবং বর্তমানে ব্র্যান্ড ও অর্থের ক্ষমতার প্রতীক। প্রাচীন মন্দিরের ধোঁয়ায় ওঠা ধূপের গন্ধ থেকে শুরু করে শ্যানেল নম্বর ফাইভের জটিল মিশ্রণ পর্যন্ত সুগন্ধি তার সারল্য হারিয়েছে, কিন্তু এখনও তার গভীরতা হারায়নি।


