বাংলার সাহিত্য ঐতিহ্য বহুকাল ধরে লোকসংস্কৃতির গভীর ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। গ্রামবাংলার মানুষের জীবনযাত্রা, বিশ্বাস, সংস্কার, আনন্দ-বেদনা, সংগ্রাম ও স্বপ্ন-এসব কিছুর সমষ্টিগত রূপই বাংলার লোকসাহিত্য। এই বিশাল ও বিচিত্র লোকসাহিত্যের এক অনবদ্য বিশ্লেষণ পাওয়া যায় ড. সুভাষ মজুমদারের “বাংলার লোকসাহিত্য” গ্রন্থে। ড. সুভাষ মজুমদার তাঁর বইতে লোকসাহিত্যের সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে একে মৌখিক সাহিত্য, সামাজিক চেতনার বাহক এবং প্রাচীন ও আধুনিক ধ্যানধারণার সংমিশ্রণ হিসেবে ব্যাখ্যা করেছেন। তিনি লোকসাহিত্যকে সমাজের মৌলিক চিন্তাধারা ও সংস্কৃতির প্রতিফলন হিসেবে দেখেন। যেখানে সাধারণ মানুষের আবেগ ও চিন্তাভাবনা প্রাধান্য পায়। তাঁর মতে লোকসাহিত্য এক নিরবিচ্ছিন্ন প্রবাহ। যা প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয় এবং সময়ের সঙ্গে নিজেকে নতুন রূপে প্রকাশ করে।
ড. মজুমদার বাংলার লোকসাহিত্যকে বিভিন্ন ভাগে বিন্যস্ত করেছেন। এর মধ্যে অন্যতম প্রধান শাখাগুলো হলো:
লোকগাথায় পাওয়া যায় বাংলার বীরত্বগাথা ও ঐতিহাসিক ঘটনাবলির প্রতিচিত্র। যেমন, ময়মনসিংহ গীতিকা, চট্টগ্রামের আরাকানী উপাখ্যান ইত্যাদি।
লোককাহিনি ও রূপকথা ছোটদের জন্য নির্মিত হলেও এসব কাহিনি প্রাচীন বাংলার সংস্কৃতি ও বিশ্বাসের পরিচায়ক।
লোকগানে ভাটিয়ালি, ভাবগান, জারি, সারি, বাউল গান ইত্যাদির মাধ্যমে গ্রামবাংলার সুখ-দুঃখ, প্রেম, আধ্যাত্মিকতা এবং জীবনের রূপ তুলে ধরা হয়।
প্রবাদ-প্রবচন ও ধাঁধা মাধ্যমে সমাজের শিক্ষণীয় দিকগুলো প্রতিফলিত হয়।
লোকনাট্য ও পালাগানে বাংলার মঞ্চনাট্যের প্রাথমিক সংস্করণ ছিল যাত্রাপালা, গম্ভীরা, আলকাপ, যা সাধারণ মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম ছিল।
ড. সুভাষ মজুমদার মনে করেন বাংলার লোকসাহিত্য কেবল বিনোদনের জন্য নয়। এটি সমাজ ও সংস্কৃতির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লোকসাহিত্যের মাধ্যমে সমাজের মূল্যবোধ ও নৈতিকতা গঠিত হয়, ইতিহাস সংরক্ষিত হয় এবং মানুষ তার শেকড়ের সন্ধান পায়।
আধুনিক যুগে লোকসাহিত্যের অবস্থান নিয়েও আলোচনা করেছেন ড. মজুমদার। তিনি বলেন গ্রামবাংলার জীবনযাত্রায় পরিবর্তন আসার ফলে লোকসাহিত্য আগের মতো প্রচলিত নেই। তবে এটি এখনো সাহিত্য, সংগীত ও চলচ্চিত্রের মাধ্যমে টিকে আছে। “বাংলার লোকসাহিত্য” বইটি কেবল বাংলার লোকসংস্কৃতি সম্পর্কে জ্ঞান দান করে না। এটি আমাদের সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার আহ্বানও জানায়। ড. সুভাষ মজুমদারের এই গ্রন্থ লোকসাহিত্যের মূল্য ও গুরুত্ব অনুধাবনের জন্য এক অনন্য দলিল।


