ব্ল্যাক মিউজিকের উৎপত্তি দাসপ্রথার সময় থেকেই। দাসেরা তাদের কষ্ট ও মুক্তির আকাঙ্ক্ষা প্রকাশ করতে স্পিরিচুয়ালস ও ওয়ার্ক সং গাইতেন। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় ব্লুজ, জ্যাজ, এবং পরে হিপ-হপ জন্ম নেয়। ১৯শ শতকের শেষে ব্লুজ মিউজিক জনপ্রিয় হয়। যেখানে দুঃখ-কষ্ট ও জীবনসংগ্রামের গল্প ফুটে ওঠে। ২০শ শতকের প্রথম দিকে নিউ অরলিন্সে জ্যাজ মিউজিক বিকাশ লাভ করে। এই দুই ধারার পাশে গড়ে উঠা হিপ-হপ সংগীতেও শক্তিশালী সংগ্রামের প্রতিফলন দেখা যায়। এমনকি দাসপ্রথা বিলুপ্তির পরও ব্ল্যাক কমিউনিটি নানা বৈষম্য ও নিপীড়নের শিকার হতে থাকে। পুলিশি নিপীড়ন, সামাজিক বৈষম্য, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ব্ল্যাক কমিউনিটির প্রতি অবিচারের বিরুদ্ধে ধীরে ধীরে হিপ-হপ হয়ে ওঠে এক দৃঢ় প্রতিবাদের ভাষা।
হিপ-হপের সূচনা হয় ব্রঙ্কসের আফ্রিকান-আমেরিকান ও লাতিনো কমিউনিটির মধ্যে। ১৯৭৩ সালে DJ Kool Herc প্রথমবারের মতো “Breakbeat” প্রযুক্তি ব্যবহার করে যা হিপ-হপের ভিত্তি স্থাপন করে। ১৯৭০ এবং ৮০-এর দশকে Grandmaster Flash, Afrika Bambaataa এবং Run-D.M.C. এর মতো শিল্পীরা হিপ-হপকে মূলধারায় নিয়ে আসেন। ব্ল্যাক মিউজিকের ইতিহাসে হিপ-হপ ও র্যাপ অন্যতম শক্তিশালী বৈপ্লবিক ধারা। এই মিউজিক ধারা ব্ল্যাক লিভস ম্যাটার (BLM) আন্দোলনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। Kendrick Lamar-এর “Alright” গানটি BLM আন্দোলনের অঘোষিত সংগীতে পরিণত হয়েছিল। একইভাবে, Nas, Jay-Z, এবং J. Cole-এর মতো শিল্পীরা দাসপ্রথা, সামাজিক বৈষম্য ও কালো মানুষের অধিকার নিয়ে তাদের গানে সরব হয়েছেন।
র্যাপ শুধুমাত্র ছন্দবদ্ধ কথা নয় এটি সামাজিক ও রাজনৈতিক বার্তা বহন করে। ১৯৮০-এর দশকে Public Enemy, N.W.A, এবং Tupac Shakur-এর মতো শিল্পীরা পুলিশের বর্বরতা, বর্ণবাদ ও দারিদ্র্যের বিরুদ্ধে তাদের র্যাপিং সংগীতের মাধ্যমে প্রথম প্রতিবাদ জানান। ৯০-এর দশকের সময়ে “গ্যাংস্টা র্যাপ” প্রবল জনপ্রিয় হয়ে ওঠে। যে গানগুলো জীবনের কঠোর বাস্তবতা তুলে ধরেDr. Dre, Snoop Dogg, Nas এবং Notorious B.I.G-এর মতো শিল্পীরা র্যাপ সংগীতকে আরও বহুমাত্রিক করে তোলেন। এই দশকেই East Coast এবং West Coast-এর বিফ শুরু হয়, যা 2Pac এবং Biggie-এর মৃত্যুর মাধ্যমে শীর্ষে পৌঁছায়।
বর্তমানে হিপ-হপ ও র্যাপ বিশ্বসংস্কৃতির অন্যতম প্রধান ধারায় পরিণত হয়েছে। Kendrick Lamar, J. Cole, Cardi B এবং Megan Thee Stallion-এর মতো শিল্পীরা হিপ-হপকে আরও বৈচিত্র্যময় ও গতিশীল করে তুলেছেন। আজকের হিপ-হপ শুধুমাত্র আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আফ্রিকা, ইউরোপ ও এশিয়া তথাপি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। Black Music এর হাতে গড়ে উঠা হিপ-হপ এখন আর কেবল আমেরিকার ব্ল্যাক কমিউনিটির কণ্ঠস্বর নয় বরং বৈশ্বিক সংগ্রাম, প্রতিরোধ ও আত্মপরিচয়ের আন্দোলনের শক্তিশালী মাধ্যম।


