যুদ্ধবিরতি মধ্যস্থতায় নতুন করে উদ্যোগ নিয়েছে আমেরিকা , কাতার ও মিশর । মার্কিন প্রেসিডেন্ট শুক্রবার বলেছেন , যুদ্ধবিরতি চুক্তি অতীতের যে কোন সময় তুলনায় নিকটবর্তী ।
কিন্তু হামাস জানিয়েছে, এ কথা কাল্পনিক । তাদের বক্তব্য সত্যিকার অর্থে কোন আলোচনা বা দর কষাকষি হচ্ছে না, আমেরিকা ইসরাইলের জন্য সুবিধাজনক চুক্তি চাপিয়ে দিতে চাচ্ছে ।
বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে হামাস গাজায় যুদ্ধ বন্ধ করা , ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজ বাড়িঘরে ফেরার ওপর জোর দিচ্ছে।
কিন্তু নেতানিয়াহু সাময়িকভাবে যুদ্ধ বন্ধ করলেও গাজায় সামরিক উপস্থিতি বজায় রাখতে চান এবং নতুন করে শর্তারোপ করেছেন।
শর্তগুলো হল – উত্তর ও দক্ষিণ গাজাকে বিভক্তকারী নেতজারিম করিডোরে ইসরাইলি সৈন্যরা তল্লাশি ও চলাচল নিয়ন্ত্রণ করবে, মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিং ও ফিলাডেলফিয়া করিডোর তাদের দখলে থাকবে, প্যালেস্টাইনি বন্দীদের কারা মুক্তি পাবে তা ইসরায়েল ঠিক করবে ইত্যাদি।
হামাস প্রধান ও শীর্ষ হিজবুল্লাহ কমান্ডার হত্যার পর ইসরাইলের বিরুদ্ধে ইরান ও সমর্থিত গ্রুপগুলোর পাল্টা হামলার হুমকিতে আঞ্চলিক যুদ্ধ বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


