বর্তমানে মৃত্যুর ধারণা একাধিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষিত হচ্ছে, যেখানে স্বেচ্ছায় মৃত্যুবরণের অধিকার এবং এই প্রক্রিয়ার সামাজিক প্রভাব নিয়ে আলোচনা ব্যাপকভাবে চলছে। পশ্চিমা বিশ্বে ইউথানেসিয়া বা ‘গুড ডেথ’-এর ধারণা একটি প্রচলিত সামাজিক আলোচনায় পরিণত হয়েছে, তবে এই ধারণাটি শুধু শারীরিক দুর্দশা বা চিকিৎসাগত অবস্থার মধ্যে সীমাবদ্ধ থাকে না। মৃত্যুর স্বাধীনতা এবং তা নিয়ন্ত্রণের অধিকার একটি সাংস্কৃতিক ও দার্শনিক প্রশ্ন হিসেবেই গণ্য হতে পারে।
ইউথানেসিয়া একটি গ্রিক শব্দ, যার অর্থ ‘গুড ডেথ’। প্রথাগতভাবে এটি এমন একটি প্রক্রিয়া যা শারীরিক কষ্ট এবং অসুস্থতার মধ্যে এক ব্যক্তির জীবনের অবসান ঘটানোর উদ্দেশ্যে গ্রহণ করা হয়। তবে আধুনিক বিশ্বে ইউথানেসিয়া শুধু একটি চিকিৎসাগত বিষয় হয়ে দাঁড়ায়নি, বরং এটি সামাজিক ও সাংস্কৃতিক বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। বহু দেশেই এটি বৈধ, তবে বেশিরভাগ ক্ষেত্রেই শর্তসাপেক্ষে এবং শুধুমাত্র তখন, যখন ব্যক্তি শারীরিকভাবে অসুস্থ এবং জীবন-যাপন অসম্ভব হয়ে পড়ে। বর্তমানে একাধিক থিওরির মাধ্যমে ইউথানেসিয়া প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে। শারীরিক কষ্টের বাইরে, মানুষের মৃত্যুকে সাজানোর বা ‘ডিজাইন’ করার ধারণাটি বিকশিত হয়েছে। যদি একজন ব্যক্তি নিজের মৃত্যুকে তার ইচ্ছামত শৈলী এবং উপায় অনুযায়ী সাজানোর অধিকার পায়, তাহলে তা কি মানবিক মর্যাদার অংশ হতে পারে?
ধরা যাক একটি কাল্পনিক দৃশ্য যেখানে একটি কোম্পানি “ডিজাইনার ইউথানেসিয়া ” বা “ডিজাইনার ইন্ডিংস” অফার করছে, যেখানে মানুষ তার মৃত্যুর সময়ের শৈলী বেছে নিতে পারে। এটি একটি আগ্রহজনক প্রশ্ন উত্থাপন করে, কেন মৃত্যু শুধুমাত্র শারীরিক অসুস্থতার বা অস্বস্তির মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে? কেন কেউ তার মৃত্যুকে উদযাপন করতে পারে না, যেমন সে তার জীবনের যেকোনো ঘটনা উদযাপন করার অধিকার রাখে? এখানে মূল প্রশ্ন হলো, “মৃত্যুর স্বাধীনতা” কি এক নৈতিক ও সামাজিক অধিকার হিসেবে বিবেচিত হতে পারে? ইউথানেসিয়া এবং মৃত্যুর স্বাধীনতার জন্য এমন একটি প্রতিষ্ঠান বা উদ্যোগের উপস্থিতি একটি বৈধ সামাজিক প্রশ্ন তোলে, যদি মৃত্যু শুধু শারীরিক প্রক্রিয়া হয়, তবে আমরা কেন তা আমাদের ইচ্ছামত শৈলী অনুযায়ী সম্পন্ন করতে পারবো না?
ইউথানেসিয়া প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি হল এটি শারীরিক কষ্ট এবং অসুস্থতার বিপরীতে একটি দয়ালু এবং মানবিক কার্য হিসেবে বিবেচিত হয়। তবে সামাজিকভাবে এটি প্রশ্নবিদ্ধ হতে পারে। ইউথানেসিয়ার ধারণাকে অনেক দার্শনিক মানবিক মর্যাদার একটি প্রক্রিয়া হিসেবে দেখতে পছন্দ করেন। তাদের মতে একজন ব্যক্তির জীবনের অবসান ঘটানোর অধিকার তাঁর নিজস্ব স্বাধীনতার অংশ। তবে এই ধারণা সমাজে সমালোচনা সৃষ্টি করে, ধর্মীয়, আইনগত এবং সাংস্কৃতিক প্রশ্নের মুখোমুখি হয়। এই প্রশ্নটির ভিত্তি হলো যদি একজন ব্যক্তি নিজে সিদ্ধান্ত নিতে চান যে, তিনি কিভাবে মৃত্যুবরণ করবেন, তবে তা কি তাকে নিজের জীবনের প্রতি পূর্ণ অধিকার দেওয়ার সমান? যদি মানুষের জীবনের এবং মৃত্যুর পরিণতি তার নিজের স্বাধীনতা হতে পারে, তবে কেন তাকে অন্যদের মতামতের দ্বারা বাধা দেওয়া উচিত?
জন স্টুয়ার্ট মিল তার বিখ্যাত গ্রন্থ On Liberty (১৮৫৯)-এ ব্যক্তিগত স্বাধীনতার উপর গুরুত্ব দিয়েছেন। মিলের মতে, একজন ব্যক্তির স্বাধীনতা তার জীবন, মতামত এবং ধর্ম চর্চার অধিকার অন্তর্ভুক্ত করে, যতক্ষণ না তা অন্যের অধিকার ক্ষুণ্ন করে না। এই দর্শন অনুযায়ী যদি একজন ব্যক্তি তার মৃত্যুর সময়ের বিষয়ে সিদ্ধান্ত নেন, তবে তা তার নিজস্ব অধিকার হতে পারে এবং এতে সমাজের বা রাষ্ট্রের কোনো বাধা থাকা উচিত নয়।এছাড়া ইউথানেসিয়া একটি মানবিক অধিকারও হতে পারে, যদি এটি মানুষের মর্যাদাকে ক্ষুণ্ন না করে। অর্থাৎ যখন একজন ব্যক্তি জীবনে কষ্টের শেষ সীমায় পৌঁছান, তখন তার মর্যাদা এবং সম্মান বজায় রেখে তার জীবনের অবসান ঘটানোর অধিকার তাকে দেওয়া উচিত।
তবে এই স্বাধীনতার ব্যাখ্যা যুক্তি-ভিত্তিক হওয়া উচিত, যাতে এটি ব্যক্তির অধিকার এবং সামাজিক মূল্যবোধের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে পারে। কিছু ক্ষেত্রেও মৃত্যু শুধুমাত্র চিকিৎসা সমস্যার উপর নির্ভরশীল হবে না বরং এটি সাংস্কৃতিক ও সমাজিক আঙ্গিকে বিবেচনা করা উচিত।


