সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ও ইপসোসের পরিচালিত এক জরিপে অনুযায়ী, ৫৭% মার্কিনি মনে করছেন দায়িত্ব গ্রহণের পর ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছেন ট্রাম্প। জরিপ অনুযায়ী, মার্কিন ভোটারদের মাঝে এক মাসের মধ্যেই ট্রাম্পকে সমর্থনের হার ৪৫% এ নেমে এসেছে। ৫৩% ট্রাম্পকে সমর্থন করছেন না বলে জানিয়েছেন। এই এক মাসে ট্রাম্প প্রশাসনের কার্যক্রমকে সমর্থন করছেন ৪৩% মার্কিনি, ৪৮% বিরোধিতা করছেন। এর মধ্যে তীব্র বিরোধিতা করছেন ৩৭%, তীব্র সমর্থন দিচ্ছেন ২৭%। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের কর্মকাণ্ড নিয়ে জনরোষ রয়েছে। জরিপে দেখা গেছে, কেন্দ্রীয় প্রশাসনের সঙ্গে তার সম্পৃক্ততাকে সমর্থন দিচ্ছেন মাত্র ৩৪% মার্কিনি, ৪৯%-ই বিরোধিতা করছেন।
এই এক মাসে ট্রাম্পের উদ্যোগগুলো বিভিন্ন আইনি চ্যালেঞ্জেরও মুখোমুখি হয়েছে। জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার আইন বাতিলের মতো ট্রাম্পের কিছু নির্বাহী আদেশ সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে। কেন্দ্রীয় আদালত ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রায় দিলে কী হবে, এই প্রশ্নের জবাবে ৮৪% জনগণ বলেন, রায় মেনে নেওয়া উচিত ট্রাম্পের। ১১% মনে করেন, আদালতের রায় উপেক্ষা করা উচিত। ৬২% মার্কিনি মনে করেন, ট্রাম্প তার ক্ষমতার সীমা ছাড়িয়ে গেলেও রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস তাকে সমর্থন দিয়ে যাবে। তবে ৫৬% মনে করেন, সীমা ছাড়িয়ে গেলে সুপ্রিম কোর্ট তাকে থামানোর চেষ্টা করবে।


