বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘২১ আগস্টের গ্রেনেড হামলাটা ছিল পরিকল্পিতভাবে কোনো বিদেশি শক্তির। গ্রেনেড হামলায় কখনোই বিএনপি জড়িত ছিল না।’ মির্জা আব্বাস বলেন, ‘একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসাতে চেয়েছিল। একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের ওপর ভিত্তি করে তাকে (তারেক রহমান) সাজাও দিয়ে দিয়েছিল। আরও অনেককে সাজা দিয়েছিল।’
তারেক রহমান দ্রুত দেশে ফিরে আসবেন-এমন আশাবাদও ব্যক্ত করেন মির্জা আব্বাস। একই পরম্পরায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে করা লাখ লাখ মামলাতেও ন্যায়বিচার আশা করছেন বলে মন্তব্য করেন তিনি। রোববার হাইকোর্টে এই মামলার রায় ঘোষণার পর জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরামের এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।


