যুক্তরাজ্যের শেষ কয়লা নির্ভর বিদ্যুৎকেন্দ্রটি সোমবার বন্ধ হয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন ধীর করার বৈশ্বিক প্রয়াসে, শিল্পোন্নত দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য প্রথম এই মাইলফলকটি স্পর্শ করবে।
বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে ব্রিটেনই প্রথম কয়লা থেকে সরে আসছে। বদলে দেশটি প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক শক্তি এবং নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরতা বাড়াচ্ছে। অন্য জি-সেভেন দেশগুলোর মধ্যে ইতালি ২০২৫, কানাডা ২০৩০ এবং জার্মানি ২০৩৮ সালের মধ্যে কয়লা থেকে সরে আসার পরিকল্পনা নিয়েছে। ওইসিডিভুক্ত ৩৮টি দেশের তিন-চতুর্থাংশও ২০৩০ সালের মধ্যে কয়লা ত্যাগ করবে বলে আশা করা যায়।
যুক্তরাষ্ট্রও কয়লা বাদ দিচ্ছে, তবে সেই গতি পরিবেশবাদীদের প্রত্যাশার চেয়ে অনেক ধীর। সিকি শতাব্দী আগে দেশটির অর্ধেকের বেশি বিদ্যুৎ উৎপাদন হত কয়লা থেকে; এখন এর পরিমাণ প্রায় ১৮ শতাংশ। ব্রিটেনে কয়লা উত্তোলনও প্রায় হচ্ছে না বললে চলে। ইস্পাত শিল্পের জন্য ৩০ বছরের বেশি সময় পর প্রথমবার গভীর কয়লা খনি খননের উদ্যোগ নিয়েছিল যুক্তরাজ্য। কিন্তু চলতি মাসেই হাই কোর্ট সে চেষ্টা বন্ধ করে দিয়েছে।


