দেশের ৬১.১% মানুষ মনে করে, এক বছরের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। তবে আরেকটি প্রশ্নের উত্তরে ৬৫.৯% বলেছে, অন্তর্বর্তী সরকার যা যা সংস্কারের প্রয়োজন বলে মনে করবে তার সব করার পরই ভোটের আয়োজন করা উচিত। শুধু নির্বাচনসংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছে ৩১.৯% উত্তরদাতা।
ভয়েস অব আমেরিকা বাংলার তত্ত্বাবধানে এক জরিপের ফলাফলে এ তথ্য তুলে ধরা হয়েছে। ১৩–২৭ অক্টোবর পর্যন্ত জরিপটি পরিচালনা করে গবেষণা প্রতিষ্ঠান ওআরজি-কোয়েস্ট রিসার্চ লিমিটেড। ভয়েস অব আমেরিকার ঠিক করে দেয়া প্রশ্নমালার ওপর ভিত্তি করে কম্পিউটার অ্যাসিস্টেড টেলিফোন ইন্টারভিউইংয়ের মাধ্যমে দেশের আটটি বিভাগে ১৮ বছর বা এর চেয়ে বেশি বয়সী এক হাজার মানুষের মধ্যে জরিপটি পরিচালিত হয়।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ১৮.৭% চায় দুই-তিন বছরের মধ্যে নির্বাচন। আর ৮.৬% নির্বাচন চায় ১৮ মাসের মধ্যে। ৫৮.৪% মানুষ মনে করে, অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তুলনায় দেশ পরিচালনায় ভালো করছে। ৪০.৫% মানুষের মতে, অন্তর্বর্তী সরকার দেশ শাসনে আওয়ামী লীগের চেয়ে খারাপ করছে বা একই রকম করছে।
যারা মনে করছে অন্তর্বর্তী সরকার আগের সরকারের চেয়ে দেশ শাসনে খারাপ করছে, তাদের সংখ্যা ২০.৪% আর একই রকম করছে বলে মত দিয়েছে ২০.১%। ৬৩.২% মনে করেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার আগের সরকারের চেয়ে ভালো করছে। যদিও ৪৯.৮% উত্তরদাতা অন্তর্বর্তী সরকারের অধীনে আগের চেয়ে বেশি নিরাপদ বোধ করছেন প্রায় একই সংখ্যক উত্তরদাতা জানিয়েছে (৪৯.৯% শতাংশ) তারা আওয়ামী আমলেই বেশি বা একই রকম নিরাপদ বোধ করেছে।


