অ্যাপল টিভি প্লাস-এর সাবস্ক্রিপশন কমে যাওয়ায় স্ট্রিমিং পরিষেবায় বছরে একশ কোটি ডলারেরও বেশি লোকসানের মুখে পড়ছে অ্যাপল। গ্রাহক সংখ্যার দিক থেকে অ্যাপলের এই স্ট্রিমিং পরিষেবাটি প্রতিদ্বন্দ্বী নেটফ্লিক্স, ডিজনি প্লাস ও অ্যামাজনের প্রাইম ভিডিওর চেয়ে পিছিয়ে পড়েছে বলে এক প্রতিবেদনে লিখেছে রয়টার্স। সর্বশেষ তথ্য অনুসারে, নেটফ্লিক্সের মোট গ্রাহক সংখ্যা ৩০ কোটি এক লাখ, ডিজনি প্লাস-এর ব্যবহারকারী ১২ কোটি ৪৬ লাখ ও ওয়ার্নার ব্রোস ডিসকভারি’র ব্যবহারকারীর সংখ্যা ১১ কোটি ৬৯ লাখ। অ্যাপল টিভি প্লাসএর গ্রাহক সংখ্যা ২০২৪ সালের শেষে চার কোটি ৪ লাখে পৌঁছেছে।
আমেরিকান সংবাদমাধ্যম ইনফরমেশন-এর প্রতিবেদনে উঠে এসেছে, ২০১৯ সালে অ্যাপল টিভি প্লাস চালুর পর থেকে কনটেন্টের জন্য বছরে পাঁচশ কোটি ডলারেরও বেশি খরচ করেছে প্রযুক্তি জায়ান্টটি। তবে গত বছর কাটছাঁট করে তা থেকে প্রায় ৫০ কোটি ডলার কমিয়ে এনেছে অ্যাপল। স্ট্রিমিং শিল্পে প্রতিযোগিতা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহক টানতে ধারাবাহিকভাবে নিজেদের বিভিন্ন পরিষেবায় ছাড়ের হার বাড়িয়েছে বিভিন্ন মিডিয়া কোম্পানি। আলাদাভাবে অ্যাপল টিভি প্লাস স্ট্রিমিং পরিষেবাটি কেনার জন্য যুক্তরাষ্ট্রে প্রতি মাসে ৯.৯৯ ডলার খরচ করতে হয় গ্রাহকদের।


