ছাত্র-তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘সেকেন্ড রিপাবলিক’ এবং ‘গণপরিষদ নির্বাচন’ কেন, তা জানতে চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি প্রশ্ন তুলেছেন, সেকেন্ড রিপাবলিক কখন হয়, গণপরিষদ কেন হবে? সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘আমি নতুন বন্ধুদের বলতে চাই, সেকেন্ড রিপাবলিকৃআমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে? সেকেন্ড রিপাবলিক কখন হয়? রিপাবলিক হচ্ছে, যেখানে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবেন, তাঁদের একটা নমিন্যাল অথবা ইলেকটেড হেড দ্য স্টেট থাকবে। সেটা কি আমাদের নেই? গণপরিষদ কেন হবে? এর মধ্যে তো আরও একটি উদ্দেশ্য আছে।’
তিনি বলেন, ‘যারা গণপরিষদের বিষয় সামনে আনছে, যারা সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আনছে, হয় তারা বোঝে না অথবা বুঝেও আমাদের এই রাষ্ট্রব্যবস্থাকে আরও দীর্ঘায়িত অগণতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে।’ বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যে সময়ে দেশে কোনো সংবিধান রচিত থাকে না, মানে একটা নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করা, তখন গণপরিষদের প্রয়োজন হয়। গণপরিষদের সদস্যরা সংবিধান প্রণয়ন করেন, যে সংবিধানের ভিত্তিতে পরে সংসদ নির্বাচন হয়। তিনি বলেন, ‘আমাদের এখানে গণপরিষদ নির্বাচনের জন্য আমরা কী নতুনভাবে একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি? রাষ্ট্র তো স্বাধীন আছে। আমরা একটি স্বাধীন – সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র।’
তিনি বলেন, ‘যাঁরা সেকেন্ড রিপাবলিকের ঘোষণাপত্র তাঁদের দলীয় ঘোষণাপত্রে রেখেছেন, সেটা ওখানে থাক। যারা গণপরিষদের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে চান, সেটা আপনারা যখন পারবেন করবেন। কিন্তু বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে আর যাতে কোনো বিলম্ব না হয়, সে জন্য আমরা যাতে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ রাখিড়এটাই আমাদের আহ্বান।’ স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ তুলে সালাহ উদ্দিন আহমদ বলেন, যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে, তাদের একটি মতলব আছে।’ সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে অতি শিগগির জাতীয় সংসদের নির্বাচনী রোডম্যাপ প্রদান করতে হবে। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে নির্ধারণ করব আমরা কোন প্রক্রিয়ায় এগোব।’


