আমেরিকান ক্রীড়া সংস্কৃতিতে ষড়যন্ত্র তত্ত্ব (conspiracy theories) দীর্ঘদিন ধরেই জনপ্রিয়। যে কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট বা ফলাফলকে ঘিরে বিকল্প ব্যাখ্যা খোঁজার প্রবণতা সাধারণ জনগণের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত। সুপার বোল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্টগুলোর একটি এটি এখন ষড়যন্ত্র তত্ত্বের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অনেকে বিশ্বাস করেন ক্রীড়া সংস্থাগুলো ও নির্দিষ্ট স্বার্থান্বেষী গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে ফলাফল নিয়ন্ত্রণ করে যাতে বিশেষ কিছু দল বা খেলোয়াড় সুবিধা পায়।যুক্তরাষ্ট্রে ষড়যন্ত্র তত্ত্বের প্রতি মানুষের আকর্ষণ নতুন কিছু নয়। এটি ঐতিহাসিকভাবেই আমেরিকান সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে দাঁড়িয়েছে। এলভিস প্রিসলির মৃত্যু নিয়ে সংশয়, চাঁদে অবতরণ ছিল কি না, ৯/১১ হামলার পিছনে সরকারের হাত আছে কি না-এ ধরনের বহু ষড়যন্ত্র তত্ত্ব দেশটিতে বহু বছর ধরে প্রচলিত রয়েছে।
সাধারণত যখন কোনো বড় ঘটনা ঘটে এবং তার ব্যাখ্যা সবাইকে সন্তুষ্ট করতে ব্যর্থ হয় তখন ষড়যন্ত্র তত্ত্ব মাথাচাড়া দিয়ে ওঠে।ক্রীড়া ক্ষেত্রে এ প্রবণতা আরও বেশি লক্ষ করা যায় কারণ খেলাধুলায় আবেগের গভীর সম্পর্ক রয়েছে। একদল বিশ্বাসী সমর্থক যখন তাদের দলকে হারতে দেখে তখন তারা পর্দার আড়ালে কোনো পরিকল্পনা ছিল কি না সে বিষয়ে সন্দেহ প্রকাশ করে। এনএফএল-এর মতো একটি বিশাল বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ঘিরেও এমন ধারণা তৈরি হয় তারা লিগের আর্থিক ও বিনোদনমূলক আকর্ষণ বাড়াতে ফলাফল নিয়ন্ত্রণ করতে পারে। ২০১৩ সালে সুপার বোল XLVII-তে বাল্টিমোর র্যাভেন্স ও সান ফ্রান্সিসকো ৪৯এর মধ্যকার খেলার সময় একটি অদ্ভুত ঘটনা ঘটে। দ্বিতীয়ার্ধে র্যাভেন্স ২৮-৬ পয়েন্টে এগিয়ে থাকার সময় স্টেডিয়ামের আলো হঠাৎ নিভে যায় যা ৩৪ মিনিট স্থায়ী হয়।
অনেকেই বিশ্বাস করেন এটি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছিল যাতে ৪৯এর ফিরে আসার সুযোগ থাকে এবং খেলা আরও উত্তেজনাপূর্ণ হয়।খেলোয়াড়রা পর্যন্ত সন্দেহ প্রকাশ করেছিলেন র্যাভেন্সের লাইনব্যাকার রে লুইস পর্যন্ত এই ব্ল্যাকআউট নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যদিও এনএফএল জানিয়েছিল এটি প্রযুক্তিগত সমস্যার কারণে ঘটেছিল তবে অনেকেই তা আজও বিশ্বাস করেননি। ২০১৫ সালের সুপার বোল XLIX-এ সিয়াটল সিহকসের কাছে জয় প্রায় নিশ্চিত ছিল। খেলার শেষ মুহূর্তে তারা মাত্র ১ ইয়ার্ড দূরে ছিল এবং তাদের স্টার রানিং ব্যাক মার্শন লিঞ্চ ছিলেন ফর্মের শীর্ষে। কিন্তু অবাক করা বিষয় হলো কোচরা লিঞ্চকে বল না দিয়ে কৌশলী পাস খেলার সিদ্ধান্ত নেন। সেই পাসটি নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের ডিফেন্ডার মালকম বাটলার ধরে ফেলেন যা সিহকসের পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায়।
এই সিদ্ধান্তকে ঘিরে ষড়যন্ত্র তত্ত্ব উঠে আসে। অনেকেই দাবি করেন এনএফএল চেয়েছিল কোয়ার্টারব্যাক রাসেল উইলসনকে নায়ক বানাতে এবং এজন্য ইচ্ছাকৃতভাবে কোচদের মাধ্যমে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এ দাবির স্বপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।তবে এটি আজও অন্যতম বিতর্কিত সিদ্ধান্ত হিসেবে গণ্য হয়। ২০২৩ সালে এনএফএল তার জনপ্রিয়তা বাড়ানোর জন্য নতুন কৌশল নিয়েছে বলে অভিযোগ ওঠে। দাবিটি হলো এনএফএল চেয়েছিল নারী দর্শকদের আকৃষ্ট করতে আর এজন্য তারা পপ তারকা টেলর সুইফট ও চিফসের তারকা প্লেয়ার ট্র্যাভিস কেলসের সম্পর্ককে প্রচার করছিল। একটি ষড়যন্ত্র তত্ত্ব আরও বলে সুইফট ইচ্ছাকৃতভাবে কেলসের মনোযোগ বিচ্ছিন্ন করতে কাজ করছিলেন যাতে তার প্রিয় দল ফিলাডেলফিয়া ঈগলস সুবিধা পায়। তবে শেষ পর্যন্ত ঈগলস সুপার বোউলেই উঠতে ব্যর্থ হয় এটি এই তত্ত্বের ভিত্তিকে দুর্বল করে দেয়।
তাছাড়া এনএফএলের সুপার বোল লোগোতে ভবিষ্যৎ চ্যাম্পিয়ন দলের সংকেত দেওয়া হয়-এমন দাবি বহু বছর ধরে প্রচলিত ।উদাহরণস্বরূপ, সুপার বোউল খঠও-এর লোগোতে হলুদ (Rams) ও কমলা (Bengals) ছিল এবং সত্যিই র্যামস চ্যাম্পিয়ন হয়। সুপার বোউল LVII-এর লোগোতে সবুজ (Eagles) ও লাল (Chiefs) ছিল, আর ফাইনালেও ঠিক এই দুই দল মুখোমুখি হয়। এই বছর সুপার বোউল LVIII-এর লোগোতে লাল ও সবুজ রঙ দেখা গেছে, যা Chiefs এবং Packers/Eagles – এর সংকেত হিসেবে ধরা হচ্ছে। যদিও এটি নিছক কাকতালীয় হতে পারে তবে ষড়যন্ত্র তত্ত্ব অনুসারীরা মনে করেন এটি এনএফএলের পূর্বপরিকল্পনার অংশ।
অনেক সমর্থক বিশ্বাস করেন, এনএফএল বিশেষ কিছু দলকে চ্যাম্পিয়ন করতে চায় এবং এজন্য রেফারিরা ইচ্ছাকৃতভাবে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেন। বিশেষত চিফস ও প্যাট্রিক মাহোমসকে অতিরিক্ত সুবিধা দেওয়া হয় বলে অনেকেই অভিযোেগ তোলেন। যখনই কোনো বিতর্কিত রেফারির সিদ্ধান্ত হয় তখন ষড়যন্ত্র তত্ত্ব পুনরুজ্জীবিত হয়। ষড়যন্ত্র তত্ত্ব সাধারণত মানুষের আবেগ, প্রত্যাশা এবং অনিশ্চয়তা থেকে জন্ম নেয়। সুপার বোলকে কেন্দ্র করে প্রচলিত ষড়যন্ত্র তত্ত্বগুলোর অধিকাংশেরই বাস্তব ভিত্তি নেই তবে এগুলো ক্রীড়ার উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে।


