অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপিকে বলেন- শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর দেশে নির্বাচনের আগে সংস্কারের প্রয়োজন। ‘সংস্কারের গতির ওপরেই নির্ভর করবে যে নির্বাচন কত দ্রুত হবে,’ আজারবাইজানের বাকুতে কপ-২৯ জলবায়ু আলোচনার ফাঁকে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তবে তিনি জোর দিয়েছেন যে, তিনি দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে নিয়ে যাবেন। যেখানে সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবে। ‘এই প্রতিশ্রুতি আমরা দেশের মানুষকে দিয়েছি, আমরা প্রস্তুত হওয়ার সাথে সাথেই আমাদের দেশে নির্বাচন হবে এবং নির্বাচিত লোকেরা দেশ পরিচালনা করতে পারবে,’ তিনি বলেন। দেশের সম্ভাব্য সাংবিধানিক সংস্কার, সেইসাথে সরকার, সংসদ এবং নির্বাচনী বিধিমালার বিষয়ে সব পক্ষের একমত হওয়া দরকার। ‘আমরা অন্তর্বর্তী সরকার, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত।’ শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশে নির্বাচন নিয়ে অস্থিরতা বেড়েছে, এ নিয়ে ড. ইউনূস বলেছেন যে তিনি ১৭ কোটি মানুষের দেশে শান্তি ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।


