মঙ্গলবার সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন – দেশে গত ৫ আগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের টার্গেট (লক্ষ্য) করে সহিংসতার ঘটনায় ৮৮টি মামলায় ৭০ জন গ্রেপ্তার হয়েছেন। প্রেস সচিব জানান, সংখ্যালঘুদের লক্ষ্য করে কিছু সহিংসতা হয়েছে। এ বিষয়ে পুলিশের প্রতিবেদন বলছে, অক্টোবর পর্যন্ত এসব ঘটনায় মোট ৭০ জন গ্রেপ্তার, ৮৮টি মামলা হয়েছে। তালিকা হচ্ছে এরপরের মামলাগুলোর।শফিকুল আলম বলেন – সুনামগঞ্জে একটি ঘটনা ঘটেছে। কিছু কিছু জায়গায়, চট্টগ্রাম, ঢাকার তুরাগ ও নরসিংদীতে ঘটনা ঘটেছে। সেগুলোর প্রতিটির তথ্য সাংবাদিকদের দেওয়া হবে।
গ্রেপ্তার ৭০ জনের রাজনৈতিক পরিচয় আছে কি না – সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যাঁকে সন্দেহ করা হচ্ছে, যাঁর বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাঁকেই গ্রেপ্তার করা হচ্ছে। এই যে ৮৮টি মামলার কথা বলা হলো, যদিও সংখ্যালঘু সহিংসতাসংক্রান্ত মামলা, অনেকগুলো ঘটনার ক্ষেত্রে দেখা গেছে, তিনি হয়তো মেম্বার ছিলেন, ক্ষমতাসীন দলের মেম্বার ছিলেন, তাঁকে আক্রমণ করা হয়েছে। এটাকে কীভাবে নেবেন? … কিন্তু যেহেতু সহিংসতা হয়েছে, অপরাধ হয়েছে এগুলোকে গুরুত্ব সহকারে নেওয়া … হচ্ছে। পুরো বিষয়গুলোই তদন্তের অংশ বলে উল্লেখ করেন তিনি।


