একটা সময় ছিল যখন ইন্টারনেট মানেই ছিল ওয়েবসাইটে ঢুকে লেখা পড়া বা ভিডিও দেখা। তারপর এল স্মার্টফোন, অ্যাপস, সোশ্যাল মিডিয়া। এখন সামনে দাঁড়িয়ে এক নতুন অধ্যায় মেটাভার্স। অনেকে বলছেন, মেটাভার্স হবে ইন্টারনেটের ভবিষ্যৎ। কেউ আবার ভাবছেন, এটা এক প্রযুক্তিগত কল্পনা, যার বাস্তবতা এখনো দূরের কথা। কিন্তু আসলে মেটাভার্স কী? কেন এটি এত গুরুত্বপূর্ণ? আমরা কতটা প্রস্তুত এই পরিবর্তনের জন্য?
মেটাভার্স আসলে কী?
“মেটাভার্স” শব্দটা এসেছে Meta (অর্থাৎ “beyond” বা “পরবর্তী”) এবং Universe (বিশ্ব) দুইটি শব্দ মিলে। সহজ ভাষায় এটা হচ্ছে এক ধরনের ভার্চুয়াল জগৎ, যেখানে আপনি, আমি আমাদের ডিজিটাল রূপে চলাফেরা করতে পারি, কথা বলতে পারি, অফিস করতে পারি, এমনকি জমি কিনে ঘর বানিয়ে ফেলতে পারি। এটা কোনো একক অ্যাপ বা গেম নয়, বরং বিভিন্ন ভার্চুয়াল প্ল্যাটফর্মের সম্মিলিত একটি বাস্তবতাজাত ইকোসিস্টেম, যেখানে ইন্টারনেট এখন শুধু দেখা বা পড়ার জায়গা না, বরং বাস করার জায়গা হয়ে উঠছে।
কোথা থেকে শুরু হলো?
১৯৯২ সালে লেখক নিল স্টেফেনসন তার কল্পবিজ্ঞান উপন্যাস Snow Crash-এ প্রথম “Metaverse” শব্দটি ব্যবহার করেন। সেখানে মানুষ বাস্তব জগতে দারিদ্র্য ও বিশৃঙ্খলার মাঝে একটি ভার্চুয়াল দুনিয়ায় বাস করে। কিন্তু বাস্তব দুনিয়ায় এর ভিত্তি শক্ত হয় ২০২১ সালে, যখন Facebook নিজের নাম বদলে রাখে Meta। মার্ক জুকারবার্গ বলেন “The metaverse is the next frontier in connecting people.” এর মানে ছিল, ফেসবুক শুধু সোশ্যাল মিডিয়া না, বরং ভার্চুয়াল জগত গড়ে তুলবে যেখানে মানুষ কাজ করবে, খেলবে, শিখবে।
কোন কোন প্রযুক্তি গড়ে তুলছে মেটাভার্সকে?
মেটাভার্স নিজে নিজে গড়ে ওঠেনি। এর পেছনে রয়েছে একগুচ্ছ প্রযুক্তির সমন্বিত শক্তি:
Virtual Reality (VR): এক ধরনের হেডসেট পড়ে আপনি সম্পূর্ণভাবে প্রবেশ করেন এক কল্পিত ৩-ডি জগতে।
Augmented Reality (AR): বাস্তব জগতের ওপরে ডিজিটাল তথ্য বসিয়ে দেয় (যেমন AR গেম Pokémon Go)।
Blockchain এবং NFTs: মেটাভার্সে আপনার ডিজিটাল সম্পত্তি আপনি কিনতে, রাখতে ও বিক্রি করতে পারবেন নিরাপদভাবে।
Artificial Intelligence (AI): ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে স্বয়ংক্রিয়ভাবে ভাষা অনুবাদ, কন্টেন্ট তৈরি এবং ভার্চুয়াল চরিত্রের ইন্টেলিজেন্স প্রদান করে।
5G এবং Cloud Computing: লাইভ ইন্টারঅ্যাকশন, হাই-রেজোলিউশনের গ্রাফিকস সব সম্ভব হচ্ছে দ্রুতগতির ইন্টারনেট আর ক্লাউড প্রযুক্তির মাধ্যমে।
অনেকের ধারণা মেটাভার্স কেবল গেমিং প্ল্যাটফর্ম। কিন্তু এর ব্যবহারিক ক্ষেত্র অনেক গভীর ও বিস্তৃত। ভার্চুয়াল ক্লাসরুমে শিক্ষার্থীরা ইতিহাস ঘুরে দেখতে পারছে, সায়েন্স ল্যাবে এক্সপেরিমেন্ট করতে পারছে। মানসিক চিকিৎসায় immersive therapy ব্যবহার হচ্ছে। সার্জনরা VR সিমুলেশনে প্রশিক্ষণ নিচ্ছেন। মেটাভার্সে অফিস স্পেস তৈরি করে মিটিং, দলগত কাজ, প্রেজেন্টেশন সবই হচ্ছে বাস্তবের মতো। ভার্চুয়াল দোকানে পণ্য দেখে কিনতে পারছেন, এমনকি “try before buy” সুবিধাও মিলছে। ডিজিটাল আর্ট, NFT বই, ভার্চুয়াল থিয়েটার মিলে সৃষ্টিশীলতার নতুন মাধ্যম তৈরি হচ্ছে।
মেটাভার্সের মধ্যে রয়েছে একটি সম্পূর্ণ ডিজিটাল অর্থনীতি, যেখানে ব্যবহারকারীরা কাজ করছে, ডিজিটাল সম্পত্তি কিনছে, NFT আর্ট বিক্রি করছে।এখানে ক্রিপ্টোকারেন্সি দিয়ে লেনদেন হয়। আপনি যদি মেটাভার্সে একটি ডিজিটাল পোশাক ডিজাইন করেন, তা কেউ NFT হিসেবে কিনে নিতে পারে। এভাবে তৈরি হচ্ছে ক্রিয়েটর ইকোনমি। অনেকে এখন Metaverse Land কিনছেন Decentraland বা The Sandbox এর মতো প্ল্যাটফর্মে। ভবিষ্যতে এই জমিতে ভার্চুয়াল দোকান, প্রদর্শনী, অফিস তৈরি করা যাবে।
কিন্তু প্রশ্ন হচ্ছে সবই কি ইতিবাচক?
না, মেটাভার্সের সম্ভাবনার পাশাপাশি রয়েছে কিছু গুরুত্বপূর্ণ উদ্বেগ ও চ্যালেঞ্জ। VR-AR প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীর চোখের মুভমেন্ট, বডি ল্যাংগুয়েজ এমনকি আবেগও ট্র্যাক করা সম্ভব, এটা কি আদৌ নিরাপদ? উন্নত ডিভাইস বা ইন্টারনেট অনেকের কাছে এখনো সহজলভ্য নয়। ভার্চুয়াল বাস্তবতায় বেশি সময় কাটালে বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি রয়েছে। ভার্চুয়াল হ্যারাসমেন্ট, ডিজিটাল চুরি এসব নিয়ে এখনও স্পষ্ট কোনো নীতিমালা নেই।
তাহলে সামনে কী?
বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান Meta, Microsoft, Apple, Google, Nvidia সবাই এখন মেটাভার্স নিয়ে কাজ করছে। কেউ বলছে এটা হবে ৪ ট্রিলিয়ন ডলারের বাজার, আবার কেউ সন্দেহ করছে এটা এক বুদবুদের মতো ফেটে যাবে। এখনো এর বাস্তবায়ন প্রাথমিক পর্যায়ে, তবু স্পষ্ট হচ্ছে মেটাভার্স শুধু প্রযুক্তি না, বরং সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির নতুন ভৌগোলিকতা।
মেটাভার্স আমাদের সামনে এক সম্ভাবনার দুনিয়া খুলে দিচ্ছে, যেখানে আমরা নতুনভাবে কাজ করতে পারি, শিখতে পারি, তৈরি করতে পারি। তবে এই দুনিয়ায় প্রবেশ করার আগে দরকার সচেতনতা, নীতিমালা, প্রযুক্তিগত সমতা এবং মানসিক প্রস্তুতি। একটি ভার্চুয়াল বাস্তবতা তখনই বাস্তব হয়ে ওঠে, যখন আমরা তাকে যুক্তিযুক্তভাবে গ্রহণ করি। মেটাভার্স এখনো নির্মাণাধীন। আমরা ঠিক করবো এটা রঙিন ভবিষ্যতের প্রতীক হবে নাকি নতুন বিভ্রমের ফাঁদ হবে ।


