শীতের মাস ডিসেম্বর ও জানুয়ারিতে দেশে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। সদ্য শেষ হওয়া ফেব্রুয়ারি মাসেও সেই ধারাবাহিকতা থেকেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি মার্চ মাসেও তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে বেশি। আবহাওয়া অধিদপ্তর মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলেছে – এ মাসের ৯ তারিখের পর তাপমাত্রা ক্রমাগত বাড়তে পারে। মাসের শেষ দিকে এক থেকে দুটি তাপপ্রবাহ বয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। কালবৈশাখীরও সম্ভাবনা আছে এ মাসে। মার্চ মাসে দেশের স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা থাকে ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছর শীত ততটা পড়েনি। গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা শূন্য দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। আর ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা ছিল ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। ফেব্রুয়ারিতে বৃষ্টিও হয়েছে প্রায় ৭৭ শতাংশ কম।


