ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত বন্ধ এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও ধনী দেশগুলোর জোট জি-৭।
শনিবার সকালে প্রকাশিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতি অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পৃথক ফোনকলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মণ্যম জয়শঙ্কর এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে কথা বলেছেন। তিনি উভয় পক্ষকে ‘ভুল হিসাব-নিকাশ’ এড়াতে সরাসরি যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠার উপায় বের করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
এর আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গেও কথা বলেছেন মার্কো রুবিও। তিনি উত্তেজনা কমানোর উপায় খুঁজে বের করার জন্য উভয় পক্ষকে অনুরোধ করেছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ‘ভবিষ্যতের সংঘাত এড়াতে’ মধ্যস্থতা করার জন্য মার্কিন সহায়তার প্রস্তাবও দিয়েছেন। পাকিস্তানি বা ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে ফোনকলে মার্কিন সহায়তার এই ধরনের প্রস্তাবের কথা এই প্রথম উল্লেখ করা হলো।
এদিকে, শনিবার বেইজিং থেকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ‘আমরা ভারত ও পাকিস্তান উভয়কে শান্তি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেওয়ার, শান্ত ও সংযত থাকার, শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসার এবং উত্তেজনা আরও বাড়িয়ে তোলে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার উদাত্ত আহ্বান জানাই।’
অন্যদিকে, শুক্রবার বিশ্বের ধনী সাত দেশের জোট জি-৭ ভারত ও পাকিস্তানের সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক বিবৃতিতে ‘অবিলম্বে উত্তেজনা কমানো’ এবং ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান জানিয়েছেন।
তারা সতর্ক করে দিয়ে বলেছেন, ‘আরও সামরিক উত্তেজনা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি।’ তারা আরও বলেন, দুই দেশেরই ‘শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে সরাসরি সংলাপে বসা উচিত।’


