” ‘আমি স্পষ্ট করে বলতে চাই, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং এর সেনাবাহিনী আমাদের সাংবিধানিক মূল্যবোধের এক অপূর্ব প্রতিচ্ছবি।’ ভারত-পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার সময়ে এই কথাগুলো বলেছিলেন ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সোফিয়া কুরেশি।
… তাঁর এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ভারতের শাসক দল বিজেপি ও তাদের মূল আদর্শিক সংগঠন আরএসএস যুদ্ধ পরিস্থিতিকে ব্যবহার করে ঘৃণা ও সাম্প্রদায়িক উসকানি প্রচারে ব্যস্ত। অথচ কর্নেল কুরেশির কথাই মনে করিয়ে দেয়, পাকিস্তানের তুলনায় ভারতের শ্রেষ্ঠত্বের একমাত্র প্রকৃত ভিত্তি হলো—ভারতের ধর্মনিরপেক্ষতা।
… এ ক্ষেত্রে আদর্শিকভাবে পরাজিত হয়েছে ভারতের শাসক দল বিজেপি ও তাদের ভাবাদর্শ। শুধু যুদ্ধের মাঠে নয়, আদর্শের ময়দানেও হেরে গেছে তারা। কারণ, ভারতের শ্রেষ্ঠত্ব এ জন্য নয় যে, দেশটি হিন্দু রাষ্ট্রে পরিণত হয়েছে। বরং এ জন্য যে ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে দাঁড়িয়ে আছে।
… ভারতীয় বাহিনী মসজিদগুলোকে লক্ষ্যবস্তু করেছে—পাকিস্তানের এই অভিযোগের জবাবে কুরেশি যখন বলেন, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। তখন তিনি বোঝাতে চাচ্ছিলেন, ভারতের সেনাবাহিনী কোন ধর্মীয় স্থান বা প্রতীক আক্রমণ করতে পারে না।
এই বক্তব্য শুধু পাকিস্তান নয়, বরং ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতাদের জন্যও। এমনকি তাঁদের সমর্থকেরাও—যাঁরা ২০১৪ সাল থেকে ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র বদলে দেওয়ার স্বপ্নে বিভোর।
বিজেপির আদর্শগত অবস্থান শুরু থেকেই ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৯ সালে জয়ের পর ঘোষণা দিয়েছিলেন, ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দটি ২০১৪-এর পর হারিয়ে গেছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দটি সবচেয়ে বড় মিথ্যা।
২০২৩ সালে সংসদে সংবিধানের যে কপি বিতরণ করা হয়, সেখান থেকে ‘ধর্মনিরপেক্ষতা’ ও ‘সমাজতন্ত্র’ শব্দ দুটি বাদ দেওয়া হয়। বারবার আদালতেও এই শব্দ বাদ দেওয়ার চেষ্টা চালানো হয়েছে।
… বিজেপির আদর্শিক গুরুগণ, বিশেষত গোলওয়ালকার ও দীনদয়াল উপাধ্যায় বারবার বলেছেন, মুসলিম ও খ্রিস্টানদের রাজনৈতিক অধিকার থাকা উচিত নয়। আরএসএস যে ধরনের ‘সংস্কৃতি’তে বিশ্বাস করে, সেখানে সংখ্যাগরিষ্ঠতার আধিপত্যই চূড়ান্ত সত্য।
ধর্মনিরপেক্ষতার মূল অর্থ হলো, সব ধর্মের মানুষ সমান রাজনৈতিক অধিকার পাবেন। কেবল ভোট দেওয়ার অধিকার নয়, প্রতিনিধিত্বের অধিকারও। কিন্তু বিজেপি নেতারা বারবার মুসলিম নেতাদের সম্ভাব্য নেতৃত্বকে ভয়ের অস্ত্র হিসেবে তুলে ধরেছেন।
যেমন মোদি গুজরাটে বলেছেন, ‘কংগ্রেস ক্ষমতায় এলে আহমেদ পটেল মুখ্যমন্ত্রী হবেন!’ এটি যেন ভীতিকর কিছু। আসামেও বলা হয়েছিল, বিজিপি না জিতলে বদরুদ্দিন আজমল মুখ্যমন্ত্রী হবেন। এসব কথায় প্রশ্ন তোলা হয়নি, মুসলিমরা কেন নেতৃত্ব দিতে পারবেন না?
… ধর্মনিরপেক্ষতা ছাড়া রাষ্ট্রের সাংস্কৃতিক পরিচয় সব ধর্মের মানুষের জন্য অংশগ্রহণমূলক হতে পারে না। অথচ, এক দশক ধরে মুসলিম পরিচয় মুছে ফেলার লক্ষ্যে পাঠ্যবই, শহরের নাম, ইতিহাস—সবকিছুর হিন্দুকরণ চলছে।
ধর্মনিরপেক্ষতাকে বিদেশি ধারণা বলে অভিহিত করে তা ত্যাগ করার একটি আদর্শিক অভিযান দশকের পর দশক ধরে চলেছে। কিন্তু আজ সেই ধর্মনিরপেক্ষতা ভারতের জন্য এক আদর্শিক ঢাল হয়ে উঠেছে। যারা মোদির ভাষাকে আদর্শ মনে করেন, তারা প্রশ্ন করতে পারেন—আজকের ভারতীয় রাষ্ট্র কি তার কুৎসিত, জঘন্য সংখ্যাগরিষ্ঠতাবাদী চেহারা লুকিয়ে বিশ্বের কাছে গ্রহণযোগ্যভাবে উপস্থাপিত হতে ধর্মনিরপেক্ষতার মুখোশ পরেছে?


