বিশ্বজুড়ে প্রায় ৮০ কোটির বেশি প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, যা আগের হিসাবের তুলনায় দ্বিগুণ। ল্যানসেট সাময়িকীতে ১৪ নভেম্বর প্রকাশিত এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে বিশ্বজুড়ে ১৮ কিংবা তার বেশি বয়সীদের মধ্যে প্রায় ৮২ কোটি ৮০ লাখ ডায়াবেটিক রোগী শনাক্ত হয়েছে। গবেষণায় দেখা যায়, ১৯৯০ সালে বিশ্বব্যাপী প্রায় ৭% প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। যা বর্তমানে বেড়ে হয়েছে ১৪%। ১৯৯০ সালে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল প্রায় ২০ কোটি।
গবেষণায় দেখা গেছে, উন্নত দেশগুলো যেমন জাপান, কানাডা, ফ্রান্স এবং ডেনমার্কে ডায়াবেটিসের হার কমেছে। কিন্তু উন্নয়নশীল দেশগুলোতে এটি ক্রমাগত বেড়েই চলেছে। গবেষকরা বলছেন, ডায়াবেটিস রোগ ধরা পরার পর সেটির চিকিৎসা খরচের বোঝা ও ডায়াবেটিসের চিকিৎসা না হওয়ার বোঝা ক্রমশ নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোর ওপর পড়ছে।


