গত বছর আগস্টে ক্ষমতার পালাবদলের পর প্রায় দুই মাস টানা শ্রমিক অসন্তোষে জর্জরিত ছিল তৈরি পোশাকশিল্প। কারখানায় গ্যাস সংকটও ছিল প্রকট। এ রকম আরও কিছু চ্যালেঞ্জের মধ্যেই বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান ধরে রেখেছে বাংলাদেশ।
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৪’ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। এ নিয়ে টানা চতুর্থবারের মতো বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান ধরে রাখার কৃতিত্ব দেখাল বাংলাদেশ। পোশাক রপ্তানিতে বরাবরের মতো এবারও প্রথম স্থানে আছে চীন।
২০২৪ সালে বিশ্ব বাজারে পোশাক বিক্রি হয় ৫৫৭ দশমিক ৫০ বিলিয়ন ডলার। ডব্লিউটিওর পরিসংখ্যান বলছে, গত বছর চীন বিশ্ববাজারে ১৬৫ দশমিক ২৪ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। গত বছর বাংলাদেশ ৩৮ দশমিক ৪৮ বিলিয়ন বা ৩ হাজার ৮৪৮ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে।
অন্যদিকে বাংলাদেশের প্রধান প্রতিযোগী ভিয়েতনামের গত বছর পোশাক রপ্তানির পরিমাণ ছিল ৩৩ দশমিক ৯৪ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩৯৪ কোটি ডলার।
বিশ্ববাজারে প্রধান ১০ রপ্তানিকারক দেশের মধ্যে চতুর্থ তুরস্কের রপ্তানি প্রায় ১৮ বিলিয়ন ডলারের পোশাক। ৫ম ভারতের রপ্তানি ১৬ দশমিক ৩৬ বিলিয়ন ডলারের পোশাক। কম্বোডিয়ার রপ্তানি পরিমাণ ছিল ১০ বিলিয়ন ডলারের মতো। পাকিস্তানের রপ্তানির পরিমাণ ছিল সাড়ে ৯ বিলিয়ন ডলারের মতো।


