গ্যাস উত্তোলনে দেশে শীর্ষে থাকা বিবিয়ানা গ্যাসক্ষেত্রের মজুদ এখন নিঃশেষের কাছাকাছি। জাতীয় গ্রিডে প্রতিদিন গ্যাস যুক্ত হচ্ছে ২৫৯০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে মার্কিনি শেভরন পরিচালিত বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে আসছে ৩৯ শতাংশ বা ১০০২ মিলিয়ন ঘনফুট।
গ্যাস মজুদের (প্রমাণিত ও সম্ভাব্য) হিসাব অনুযায়ী, বিবিয়ানায় গ্যাসের মজুদ প্রায় ৬ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)।
এরই মধ্যে এখান থেকে উত্তোলন ৬ টিসিএফ ছাড়িয়েছে। নতুন গ্যাসক্ষেত্রের গ্যাসও সিংহভাগও ব্যবহৃত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন- বিবিয়ানা গ্যাস ফিল্ডের উৎপাদন আগামী দুই-তিন বছরের মধ্যে কমলে বা হঠাৎ বন্ধ হলে দেশের গ্যাস সরবরাহে বড় বিপর্যয় নামবে। এই বড় জোগানের বিকল্প ব্যবস্থা নেই পেট্রোবাংলার। পরিস্থিতি মোকাবেলায় আমদানিনির্ভরতা বাড়বে। জাতীয় গ্রিডে গ্যাসের বৃহত্তম এ উৎসের মজুদ নিঃশেষ হয়ে আসায় দেশ বড় ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা আছে।


