দেশে নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত না হলে রাজনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগ আসবে না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার চট্টগ্রামে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ‘কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনারে এ বিএনপি নেতা — দেশে সম্প্রতি অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলন ও অন্তর্বর্তী সরকারের বিনিয়োগ চেষ্টাকে ‘সার্কাসের’ সঙ্গে তুলনা করেন।
তিনি বলেন — “যারা বিনিয়োগ বুঝে, তারা জানে। এই সার্কাসের মাধ্যমে বিনিয়োগ হবে না। বিনিয়োগ হতে হলে বাংলাদেশে নির্বাচিত, স্থিতিশীল সরকার হতে হবে। তখনই বিনিয়োগকারীরা আশ্বস্ত হয় এবং সেই সরকারের পলিসি দেখে, সেই সরকারের অ্যাটিচিউড দেখে বিনিয়োগ করেন।”
সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলন নিয়ে তিনি বলেন, “এখানে যে বিনিয়োগ সম্মেলন হয়েছে, আমরা ওদের (বিনিয়োগকারীরা) সাথে কথা বলেছি। সব কথার শেষ কথা ওরা কী জিজ্ঞেস করে জানেন? তোমাদের নির্বাচন কবে? এটা হল শেষ কথা। অর্থাৎ এক কথায় বুঝায় দিচ্ছে, ভাই নির্বাচন না হলে এখানে কোনো ইন্টেরিম কিংবা ‘ফ্লুইড সিচুয়েশন’, এই সিচুয়েশনে তো কেউ কমিটমেন্ট করবে না। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
আমির খসরু আরো বলেন, “(বিনিয়োগ সম্মেলনে) আমরা অংশগ্রহণ করে বলেছি, যে তোমাদের চিন্তার কোনো কারণ নাই। আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারে আসে, এইটা হচ্ছে আমাদের বিনিয়োগের নীতিমালা। আমাদের আগামী দিনের রাষ্ট্রের অর্থনৈতিক পরিকল্পনা কি, তারা যাতে আশ্বস্ত হয়, তারা যাতে তাদের প্রোগ্রামটা এখন থেকে শুরু করতে পারে। সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে আমরা বিনিয়োগে যেতে চাই।”
দলের প্রতিশ্রতির কথা তুলে ধরে তিনি বলেন, “অনেকগুলো প্রমিসের মধ্যে আমরা একটা প্রমিস করেছি, ১৮ মাসে এক কোটি চাকরির ব্যবস্থা আমরা করব। এটা পলিটিক্যাল স্টেটমেন্ট না। আমরা সব হিসাব করে বলেছি। আমরা যে প্রোগ্রাম নিয়েছি তরুণসহ সকলকে নিয়ে আগামীর বাংলাদেশে সেটা বাস্তবায়ন করতে পারব।”


